দেয়াল নির্মাণে বাধার মুখে ট্রাম্প

সীমান্তে দেয়াল নির্মাণের বাজেট বরাদ্দ নিয়ে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কার্যক্রম হোচট খেতে পারে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের ১০০ দিনের মাথায় ২৮ এপ্রিল মধ্যরাতের মধ্যে আইন প্রণেতাদের ঐক্য না হলে এমনটি ঘটতে পারে। এর মধ্যেই সরকার অচল হওয়ার সম্ভাব্যতা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রধান দুই রাজনৈতিক দলের মধ্যে পরস্পরকে দোষারোপ শুরু হয়ে গেছে। ট্রাম্প প্রশাসন এবং রিপাবলিকান আইন প্রণেতারা আগে ভাগেই সম্ভাব্য অচলাবস্থার দায় ডেমোক্র্যাটদের ওপর চাপিয়ে দিচ্ছেন।
গত সপ্তাহান্তে আমেরিকান প্রধান প্রধান সংবাদমাধ্যমে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, সীমান্তে দেয়াল নির্মাণের জন্য বরাদ্দসহ অর্থ বিল পাশ না করলে সরকার অচল হয়ে পড়বে। অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস এবিসি নিউজকে বলেছেন, বিশ্বাস করা যায় না সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দ নিয়ে ডেমোক্রেটিক দল সরকার অচল করে দিতে চায়। তিনি বলেন, এ দেয়াল নির্মাণের ফলে সীমান্ত আইন লঙ্ঘনের যে ঘটনা চলে আসছে, তার অবসান ঘটবে।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে দেয়াল নির্মাণের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নির্বাচনী প্রচারণাতেই প্রতিশ্রুতি দিয়েছেন। ক্ষমতা গ্রহণের পর তিনি তাঁর প্রতিশ্রুতি বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন। প্রেসিডেন্ট বলেছিলেন, মেক্সিকো সীমান্ত দিয়ে আসা অবৈধ অভিবাসীদের প্রবেশ বন্ধ করতেই এ দেয়াল নির্মাণ করা হবে। দেয়াল নির্মাণের ব্যয়ভার মেক্সিকো থেকেই আদায় করা হবে বলেছিলেন। মেক্সিকো এর মধ্যেই জানিয়ে দিয়েছে, তারা সীমান্তে দেয়াল নির্মাণের জন্য যুক্তরাষ্ট্রকে কোনো অর্থ দেওয়ার প্রশ্নই উঠে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখন বলছেন, আগে কাজ শুরু করা হোক আমেরিকার অর্থে। পরে মেক্সিকোর কাছ থেকে তা আদায় করা হবে। আমেরিকার নাগরিকদের করের অর্থ দিয়ে সীমান্তে দেয়াল নির্মাণের জন্য বাজেট প্রস্তাব পাশ করার জন্য কংগ্রেসের প্রতি আহ্বান জানিয়েছে প্রেসিডেন্ট ট্রাম্প। ডেমোক্রেটিক আইন প্রণেতারা বলছেন, তারা দেয়াল নির্মাণের জন্য কোনো অর্থ প্রস্তাবে সায় দেবেন না।
অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস বলেছেন, যে ভাবেই হোক মেক্সিকোর কাছ থেকে দেয়াল নির্মাণের অর্থ আদায় করা হবে। মেক্সিকো দেয়াল নির্মাণের জন্য অর্থ প্রদান করবে, এমন কোনো আলামত আছে কিনা?-এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল আভাস দিয়েছেন, মেক্সিকোর সঙ্গে বাণিজ্য চুক্তিতে বর্ধিত কর আরোপ করে যুক্তরাষ্ট্র এ অর্থ আদায় করতে পারে।
ট্রাম্প প্রশাসনের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান জন কেলি বলেছেন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দ ছাড়া অর্থবিল প্রেসিডেন্টের কাছে গেলে তিনি তা স্বাক্ষর করবেন না।
ফ্লোরিডা থেকে নির্বাচিত রিপাবলিকান সিনেটর মার্কো রুবিও বলেছেন, সরকার অচল করে দেওয়ার দৃষ্টান্ত আমাদের জন্য ভালো হবে না। তিনি বলেছেন, বিতর্কের মাধ্যমে আমাদের সমঝোতায় আসতে হবে, না হলে বাইরের দুনিয়ায় আমাদের সরকার সম্পর্কে ভুল বার্তা পৌঁছাবে।
ডেমোক্রেটিক দলের পক্ষ থেকে শক্তভাবে এ দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দের বিরোধিতা করা হচ্ছে। কংগ্রেসে সংখ্যালঘিষ্ঠ দলের নেতা ন্যান্সি পেলোসি বলেছেন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণকে অনৈতিক, ব্যয়বহুল এবং নির্বুদ্ধিতা বলে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, প্রেসিডেন্ট বারবার বলেছেন, দেয়াল কতটা উঁচু হবে, দেয়াল নির্মাণের ব্যয় কে পরিশোধ করবে। এনবিসি টিভির মিট দ্য প্রেস অনুষ্ঠানে ন্যান্সি পেলোসি বলেছেন, দেয়াল নির্মাণের এসব কথা বলার মধ্য দিয়ে ট্রাম্প নিজের দুর্বলতাই প্রকাশ করছেন। নিজের সীমান্ত সামাল দিতে না পেরে দেয়াল নির্মাণ করতে হচ্ছে। ডেমোক্রেটিক দলের এ আইন প্রণেতা বলেছেন, সীমান্তে দেয়াল নির্মাণ সমস্যার এটা কোনো সমাধান হতে পারে না। ন্যান্সি পেলেসি বলেছেন, রিপাবলিকান দল সরকার চালু রাখার জন্য কংগ্রেসে নিজেদেরই পর্যাপ্ত ভোট আছে। ফোলে কোনো কারণে সরকার অচল হলে এর দায় দায়িত্ব রিপাবলিকানদের বলে তিনি উল্লেখ করেন।
অচলাবস্থা নিরসনের জন্য রিপাবলিকান এবং ডেমোক্র্যাটদের মধ্যে সমঝোতাও চলছে। ডেমোক্রেটিক আইন প্রণেতারা ওবামা কেয়ারের জন্য অর্থ বরাদ্দ নিশ্চিত করতে চান। রিপাবলিকান দল ওবামা কেয়ার বাতিলের চেষ্টা করে ব্যর্থ হয়ে এখন তহবিল সংকোচ করে স্বাস্থ্যবিমার অকার্যকর করার চেষ্টা করছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাজেট বিষয়ক পরিচালক মাইক মাল্ভেনি গত শুক্রবার বলেছেন, ওবামা কেয়ারের জন্য বাজেটে প্রতি এক ডলার বরাদ্দের জন্য সীমান্তে দেয়াল নির্মাণের জন্য এক ডলার বরাদ্দের বিনিময় প্রস্তাবে ডেমোক্র্যাটদের রাজি হতে হবে। এ পর্যন্ত ডেমোক্র্যাটরা রিপাবলিকানদের এমন প্রস্তাবে সম্মত বলে মনে হচ্ছে না। শেষ পর্যন্ত অচলাবস্থা নিরসনের জন্য স্বল্প মেয়াদের একটি আংশিক অর্থ বিল পাশ হতে পারে বলে অনেকেই মনে করছেন।