
সীমান্তে দেয়াল নির্মাণের উদ্যোগ নিয়ে তিক্ততার মধ্যে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো। শুক্রবার সকালে বিষয়টি নিয়ে এক ঘণ্টা কথা বলার পর দুজনে বিরোধ দূর করতে আলোচনায় একমত হয়েছেন বলে জানানো হয়েছে।
মেক্সিকো সীমান্তে ট্রাম্পের প্রস্তাবিত দেয়াল নির্মাণের বিষয়ে এক দিন আগেই পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছিলেন ট্রাম্প ও নিয়েতো। শুক্রবারের ফোনালাপে প্রতিবেশী দুই দেশের নেতা পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন বিষয়ের গুরুত্ব নিয়ে আলাপ করেন, যেমন মাদক পাচার ও অবৈধ অস্ত্র বিক্রি বন্ধ করা। তবে ফোনালাপের পর যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর দেওয়া বিবৃতিতে কিছুটা পার্থক্য দেখা যায়। হোয়াইট হাউসের ভাষ্য, ট্রাম্প ও নিয়েতো সীমান্তে দেয়ালের নির্মাণ খরচ পরিশোধ নিয়ে নিজেদের মধ্যকার ‘স্পষ্ট ও প্রকাশ্য ব্যবধান’ স্বীকার করেছেন। তাঁরা আলোচনার ভিত্তিতে সেই মতভেদ নিরসনের উদ্যোগ নিতে রাজি হয়েছেন। তবে এর সঙ্গে মেক্সিকোর সরকার আরেকটি তথ্য যোগ করেছে। তা হলো দুই প্রেসিডেন্ট এখন থেকে ওই বিতর্কিত বিষয়ে জনসমক্ষে কথাবার্তা বলা থেকে বিরত থাকতে একমত হয়েছেন।