দেয়ালে কারাবন্দী প্রিয়জনের জন্য বার্তা

ব্রুকলিনের সানসেট পার্কের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারের সামনে ওপরের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে মারিয়া। তার পথরোধ করে আছে সুউচ্চ পাঁচিল। তার পেছনেই সারবদ্ধ সংকীর্ণ জানালা নিয়ে দাঁড়িয়ে আছে বহুতল সেই কারাগার। সেই সব সংকীর্ণ জানালার কোনো একটির পেছনেই আছে মারিয়ার বর।
নিজের বরের অপকর্মের কারণে মারিয়া তাঁর পুরো নামটি প্রকাশ করতে চান না। কিন্তু বরের সাক্ষাৎ পেতে সেখানেই ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করছেন। কলম্বিয়ার বগোতা থেকে এসেছেন তিনি শুধু এই জানতে যে তাঁকে ভেতরে যেতে দেওয়া হবে না! এদিকে দিনের আলো নিবে আসছে। আর মারিয়াকে ছুটতে হবে ফ্লাইট ধরতে। এ অবস্থায় মারিয়া তাঁর ভাড়া করে আনা গাড়ির কাছে গেলেন। একটি পোস্টার ও টেপ নিলেন হাতে। তারপর কারাগারটির উল্টো দিকের গুদামঘরটির কাছে গিয়ে এর দেয়ালে টানিয়ে দিলেন সেই পোস্টার। কী লিখেছেন তিনি সেখানে। নিউইয়র্ক টাইমসকে তিনি বলেন, ‘আমার সঙ্গীর জন্য স্প্যানিশ ভাষায় একটি বার্তা লিখেছি আমি।’
তাঁর এই বার্তা-সংবলিত পোস্টারের পাশেই দেখা যাচ্ছে, ‘শুভ বাবা দিবস ক্রিস বি’, ‘শুভ থ্যাকসগিভিং লুচি’, ‘প্যারোল তোমায় ভালোবাসি’, ‘শক্ত থেকে হাবার্জ’সহ আরও নানা পোস্টার ও শুভেচ্ছাবাণী। রয়েছে স্প্যানিশ ও হিব্রু বিভিন্ন প্রতীক। এর কিছু হাতে লেখা, আর টেপ দিয়ে পুরোপুরি মোড়ানো, যাতে নষ্ট না হয়। বাকিগুলো প্লাস্টিকের ওপর ছাপানো। রয়েছে বেলুনসহ আরও নানা প্রতীক। এসব প্রতীকের পাশেই মারিয়া তাঁর বার্তাটি সেঁটে দিলেন, যেখানে লেখা, ‘আই লাভ ইউ, বিগ গাই।’
মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে প্রায় ১ হাজার ৭৫০ জন বন্দী রয়েছেন, যাঁদের অধিকাংশই পুরুষ। ব্রুকলিন ওয়াটার ফ্রন্ট-সংলগ্ন এই কারাগারের অধিকাংশ বন্দীই বিচারপ্রক্রিয়া শুরু কিংবা সাজা শোনার অপেক্ষায় রয়েছেন। এই কারাগারে মারিয়ার বরের মতো মাদক পাচারকারী যেমন রয়েছে, তেমনি রয়েছে স্থানীয় গুন্ডা-পান্ডা এমনকি আল-কায়েদা সংশ্লিষ্ট বন্দীরাও। এই কারাগারে শুধু বন্দীরাও নন, তাঁদেরও পরিবারের সদস্যরাও যুক্ত হয়ে পড়েছেন। প্রতি সপ্তাহান্তের ছুটির দিনটি তাঁদের এখন অবধারিতভাবেই কাটাতে হয় কারাগার পরিদর্শনে। আর তাঁদের অনেকেই প্রিয়জনের সঙ্গে সাক্ষাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত কারাগার ভবনের উল্টো দিকের দেয়ালটিকে বেছে নেন নিজেদের ভালোবাসা জানিয়ে বিভিন্ন বার্তা সেঁটে দিতে।
ব্রুকলিনের ২৯ স্ট্রিটের ওই গুদামঘরের দেয়াল এখন ভালোবাসার চিহ্নধারী এক সরব দেয়ালে পরিণত হয়েছে। বন্দীদের পরিবারের সদস্য বা প্রিয়জনেরা বিচ্ছিন্নভাবেই এই কাজ করছেন। কোনো আনুষ্ঠানিক ঘোষণা ছাড়াই। এমনকি এ জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কোনো গ্রুপও গঠন করা হয়নি। কবে, কে প্রথম এই দেয়ালে তাঁর বার্তাটি সেঁটেছিলেন, তা বের করা কঠিন। মারিয়ার মতো অনেকেই প্রথমবার এসে এই দেয়ালের উপস্থিতি টের পান। আর পরেরবার নিজের প্রিয়জনের জন্য বার্তা নিয়ে তাঁরাও হাজির হন। কারাগারটির প্রশাসক হারমেন কুয়ের মুখপাত্র বলেন, ‘নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার কথা মাথায় রেখে কারা কর্তৃপক্ষ দেয়ালটিতে সাঁটা বিভিন্ন পোস্টারের বিষয়ে সচেতন। একই সঙ্গে পরিবারের সদস্যদের সঙ্গে বন্দীদের সংযোগ রক্ষাকেও কর্তৃপক্ষ উৎসাহ দেয়।’
তবে কারাগারের বেশ কয়েকজন কর্মী নাম প্রকাশ না করার শর্তে নিউইয়র্ক টাইমসকে বলেছেন, ‘দেয়ালে সাঁটা প্রিয়জনের বিভিন্ন বার্তা বা প্রতীক দেখে বন্দীদের কেউ কেউ মাঝে মাঝে অস্থির হয়ে ওঠে। অনেকে মাঝে মাঝে এমনকি জানলায় আঘাত করতে শুরু করে।’
কারাগারটিতে বন্দী রয়েছেন ২৬ বছর বয়সী ভ্যারিক উইন্টার্স। তাঁকে মাদকসম্পর্কিত অপরাধ ও প্যারোলে মুক্তির শর্ত ভঙ্গে অভিযোগে বন্দী রাখা হয়েছে। তাঁর মাসহ পরিবারের সদস্যরা তাঁকে দেখতে মাঝে মাঝেই আসেন। জানলা থেকে তাঁদের উপস্থিতি টের পান তিনি। তাঁরা হাত নাড়েন রাস্তা থেকে। ভ্যারিকের মাও ছেলের জন্য একটি বার্তা রেখে গেছেন দেয়ালে। এই বার্তা তাঁর ওপর কী প্রভাব ফেলছে, তা জানতে চাইলে ভ্যারিক তাঁর মায়ের মাধ্যমে নিউইয়র্ক টাইমসকে জানান, ‘এটি আমাকে কর্তৃপক্ষকে সহায়তা করতে উদ্বুদ্ধ করেছে।’
এমনিতে সপ্তাহে এক দিন পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়। কিন্তু আনুষ্ঠানিকতার দীর্ঘসূত্রতার কারণে সব সময় বন্দীদের সঙ্গে প্রিয়জনের এই সাক্ষাৎ সম্ভব হয় না। আর এ কারণেই প্রিয়জনেরা তাঁদের ভালোবাসার কথা জানাতে গুদামঘরের দেয়ালটিকে বেছে নিয়েছেন। কারাগারের কঠোর নিয়মের বেড়াজাল ঠেলে নিজেদের অভিব্যক্তিকে তুলে ধরতেই এ পন্থা।
কারাগারটির নিয়ম বেশ কঠোর। প্রতিটি চিঠি পাঠ করা হয়। উপহার পাঠাতে চাইলে তা আমাজনের মতো তৃতীয় কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে পাঠাতে হয়। সাক্ষাৎকারের স্থানটিতে শুধু ভ্যান্ডিং মেশিনের খাবার ও ছোটখাটো চিরকুট নিয়ে প্রবেশ করা যায়। আর বাকি সবই নিষিদ্ধ। আর এসব বাধ্যবাধকতাকে এড়াতেই প্রতীক ও বার্তা-সংবলিত পোস্টার সাঁটার এই প্রয়াস প্রিয়জনদের। আরেকটি কারণ হচ্ছে এসব বার্তার বিপরীতে বন্দীরাও সাড়া দিতে পারে। অন্যের কাছে বিমূর্ত হলেও এই সাড়া প্রিয়জনের কাছে অনেক বড়।
মারিয়ার কথাই ধরা যাক। দেয়ালে পোস্টার সাঁটার পর তিনি হাত তুললেন, আর কারাগারের একটি জানলায় জ্বলে উঠল একটি আলো। কয়েকবার জ্বলে-নিবে নিজের প্রতিক্রিয়া জানাল, যা মারিয়ার কাছে ঠিকই অর্থবহ।
কবে কে কখন এই পোস্টার সাঁটার কাজটি প্রথম শুরু করেছিল, তা কেউ বলতে না পারলেও ২০১৩ সালে গুগল আর্থের নেওয়া একটি ছবিতে দেয়ালটিকে সম্পূর্ণ শূন্য দেখা গেছে। গুদামঘরটির মালিক কন এডিসনের মুখপাত্র জানান, কিছুদিন পরপরই দেয়ালটি পরিষ্কার করা হয়। এরপর নতুন নতুন আরও পোস্টার এতে জমতে শুরু করে। অধিকাংশ সময়ই বৃষ্টি বা ভারী বাতাসই দেয়াল পরিষ্কারের কাজটি করে।