দৈনিক ৩০ লাখ মার্কিন গুলিভর্তি অস্ত্র বহন করে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে প্রতিদিন প্রায় ৩০ লাখ প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিক গুলিভর্তি অস্ত্র বহন করে থাকে। আর মাসিকভিত্তিতে এ সংখ্যা ৯০ লাখ। এক গবেষণা সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে।
এই বিপুলসংখ্যক মার্কিনের এক বড় অংশ গুলিভর্তি অস্ত্র বহনের প্রাথমিক যুক্তি হিসেবে নিজেদের সুরক্ষার কথা বলেছেন। গত ২০ বছরের মধ্যে এ ধরনের সমীক্ষা এটাই প্রথম। সমীক্ষায় প্রাপ্তবয়স্ক মার্কিনরা কেন, কত ঘন ঘন ও কোন পদ্ধতিতে গুলিভর্তি আগ্নেয়াস্ত্র বহন করে, তা জানার চেষ্টা করা হয়েছে। গবেষকেরা ১ হাজার ৪৪৪ বন্দুকমালিকের আচরণও পর্যালোচনা করেছেন সমীক্ষায়।
এ প্রসঙ্গে ইউনিভার্সিটি অব ওয়াশিংটনের সহযোগী অধ্যাপক আলী রুহানি-রাহবার বলেন, এভাবে জনসমাগমস্থলে আগ্নেয়াস্ত্র বহনে জনস্বাস্থ্য ও জননিরাপত্তার ওপর গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে। তিনি বলেন, সমীক্ষাটি গুরুত্বপূর্ণ এ জন্য যে আগ্নেয়াস্ত্র ও অপেক্ষাকৃত কম প্রাণঘাতী অস্ত্রের সাহায্যে সংঘটিত অপরাধের প্রায় ৯০ শতাংশই হয়ে থাকে বন্দুকের ব্যবহারে।