দ্বিতীয় দিনে ব্রঙ্কস টাইগার্স ও কুইন্স নর্থ ওয়ারিয়র্স জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়ী দল কুইন্স নর্থ ওয়ারিয়র্স

বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) ও কমিউনিকেশন ওয়ার্কার অব আমেরিকা (সিডব্লিউএ) লোকাল ১১৮২ আয়োজিত টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট দেখতে লোক সমাগম বাড়ছে।

১৯ জুন দিনের প্রথম ম্যাচে ফ্লাইং ঈগলসকে হারিয়েছে ব্রঙ্কস টাইগার্স। ম্যাচ শেষে ফ্লাইং ঈগলসের স্কোর ছিল ২০ ওভারে ৮ উইকেটে ৯৫ রান। ব্রঙ্কস টাইগার ৯.৪ ওভারে মাত্র ৩ উইকেটে ৯৭ রান করে ফ্লাইং ঈগলসকে হারিয়ে দেয়। এ ম্যচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ব্রঙ্কস টাইগার্সের আমীন। তিনি ম্যাচে ৩২ রান করে দলের জয় নিশ্চিত করেন।

দিনের অপর ম্যাচ ছিল কুইন্স নর্থ ওয়ারীর সঙ্গে ব্রুকলিন নর্থ ঈগলসের। চৌকস দক্ষতায় কুইন্স নর্থ ওয়ারিয়র্স সহজে হারিয়ে দিয়েছে ব্রুকলিন নর্থ ঈগলসকে। ম্যাচ শেষে কুইন্স নর্থ ওয়ারিয়র্সের স্কোর ছিল ২০ ওভারে ৫ উইকেটে ১৫৭ রান। আর ব্রুকলিন নর্থ ঈগলস ১১.৩ ওভারে ১০ উইকেট হারিয়ে রান তুলেছে ৪৭। দলের হয়ে ৪৭ রান করে এবং প্রতিপক্ষের ৫ উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন কুইন্স নর্থ ওয়ারিয়র্সের খান।

এই দুই ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ট্রাফিক সেকশন কমান্ডার নাকিয়ামা টেলেস ফোর্ড এবং ব্রঙ্কস কমান্ড ম্যানেজার জুলিও টরো।

জয়ী দল ব্রঙ্কস টাইগার্স

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—ট্রাফিক ম্যানেজার মোস্তাফিজুর রহমান, অক্সিলারি নগর পুলিশের লেফটেন্যান্ট সাইদ আলী, পুলিশ অফিসার মোহাম্মদ মাকিজ, অফিসার মোহাম্মদ মিয়া, লোকাল-১১৮২ এর চিফ ডেলিগেট সাইদ ইসলাম ও ডেলিগেট মোহাম্মদ কামরুজ্জামান, মোহাম্মদ নিজাম উদ্দিন প্রমুখ।