দ্বিতীয় প্রণোদনা বিল পাস হচ্ছে আজ
নানা জল্পনা-কল্পনার পর অবশেষে করোনা মোকাবিলায় দ্বিতীয় নাগরিক প্রণোদনা বিল আজ ১৮ ডিসেম্বর কংগ্রেসে পাস হচ্ছে। প্রণোদনার এই দ্বিতীয় প্যাকেজ নিয়ে দুই দলের বিরোধের মুখে একটা অচলাবস্থার শুরু হয়েছিল। মূলত প্রণোদনার অঙ্ক নিয়েই গোল বেঁধেছিল। শেষ পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় দুই দল একটি সমঝোতায় পৌঁছাতে সম্মত হয়েছে।
মার্কিন কংগ্রেসের সদস্যরা বলেছিলেন, কোভিড-১৯ মোকাবিলায় দ্বিতীয় প্রণোদনা প্যাকেজ ঘোষণা না দিয়ে তাঁরা বড় দিনের ছুটিতে বাড়ি যাবেন না। সে কথা তাঁরা রাখছেন বলেই মনে হচ্ছে। অনেক দেন–দরবারের পর কংগ্রেসে স্টিমুলাস প্যাকেজ চলতি সপ্তাহের মধ্যেই পাস হবে বলে ধারণা করা হচ্ছে।
১৬ ডিসেম্বর ওয়েস্ট ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর জো মানচিন বলেন, ৫০০ থেকে ১২০০ ডলারের চেক প্রদানের বিষয়টি অন্তর্ভুক্ত করেই প্রণোদনা প্যাকেজ চলতি সপ্তাহে পাস হতে পারে।
দ্বিতীয় প্রণোদনা প্যাকেজের যে দ্বি–দলীয় প্রস্তাব তোলা হয়েছিল, তা জো মানচিনই উত্থাপন করেছিলেন। মোট ৯০ হাজার ৮০০ কোটি (৯০৮ বিলিয়ন) ডলারের এই প্যাকেজের প্রস্তাবে সরাসরি চেক দেওয়ার কোনো ব্যবস্থা রাখা হয়নি শুরুতে। প্যাকেজের পরিসরের পাশাপাশি এই বিষয়ও তখন বিতর্কের কেন্দ্রে চলে আসে। বিভিন্ন অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সরাসরি প্রণোদনা চেক দেওয়ার ওপর জোর দেওয়া হয়। সবকিছু ঠিক থাকলে আজ ১৮ ডিসেম্বর মধ্যরাতের আগেই এই বিল পাস হতে পারে। তা না হলে বড় দিনের আগে সরকার আংশিক শাটডাউনের মুখে পড়তে পারে।
কয়েক মাস ধরেই দ্বিতীয় প্রণোদনা প্যাকেজ নিয়ে দুই দলের মধ্যে বিতর্ক চলছিল। কেউ কাউকে ছাড় দিতে রাজি হচ্ছিল না। রিপাবলিকানদের শর্ত ছিল, আসন্ন প্রণোদনা প্যাকেজটি অবশ্যই ১ লাখ কোটি (১ ট্রিলিয়ন) ডলারের নিচে থাকতে হবে। আর ডেমোক্র্যাটদের প্রস্তাব ছিল ৩ ট্রিলিয়ন ডলারের। শুরুতেই এ নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। এ ছাড়া রিপাবলিকানরা ব্যবসায়ীদের সুরক্ষা দিতে চাইছিলেন, যা ডেমোক্র্যাটদের বিরোধিতার মুখে পড়ে। আর ডেমোক্র্যাটদের চাওয়া ছিল, অঙ্গরাজ্য ও স্থানীয় প্রশাসনের জন্য বাড়তি সহায়তা, যা রিপাবলিকানরা দিতে রাজি ছিল না। জো মানচিনের প্রস্তাবে এই দুটি বিষয়কে সমন্বয় করা হয়েছে।
৫০০ থেকে ১২০০ ডলারের চেক প্রদানের বিষয়টি অন্তর্ভুক্ত করেই প্রণোদনা প্যাকেজ চলতি সপ্তাহে পাস হতে পারে।জো মানচিন, ওয়েস্ট ভার্জিনিয়ার ডেমোক্র্যাট সিনেটর
প্রস্তাব অনুযায়ী, ৫০০ থেকে ১২০০ ডলারের মতো অর্থ সরাসরি চেকের মাধ্যমে দেওয়া হবে। যাদের আয় বেশি, তারা কম সহায়তা পাবে। যাদের আয় কম, তারা বেশি পাবেন। আর যাদের আয় ৯৫ হাজার ডলারের বেশি, তারা এই প্যাকেজ থেকে কোনো আর্থিক সহায়তা পাবেন না। এই প্যাকেজের আওতায় বেকারভাতার সঙ্গে বাড়তি সহায়তা হিসেবে সপ্তাহে ৩০০ ডলার করে আর্থিক সহায়তার চেক দেওয়া হবে। আগে এর পরিমাণ ছিল সপ্তাহে ৬০০ ডলার। এ ছাড়া ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তার জন্য রাখা হয়েছে ২৮ হাজার ৮০০ কোটি ডলার। আর এয়ারলাইনসসহ অন্যান্য গণপরিবহনের জন্য ৪ হাজার ৫০০ কোটি, কোভিড পরীক্ষা ও এর টিকা বিতরণের জন্য ১ হাজার ৬০০ কোটি, স্কুলগুলোর জন্য ৮ হাজার ২০০ কোটি, ডাক বিভাগের জন্য ১ হাজার কোটি ও ব্যথানাশক ওষুধে আসক্তি মোকাবিলার জন্য ৫০০ কোটি ডলার রাখা হয়েছে।
এদিকে বিপদগ্রস্ত ভাড়াটিয়াদের সাহায্যে ২ হাজার ৫০০ কোটি ডলার বরাদ্দ আদায় করতে সক্ষম হয়েছেন ডেমোক্র্যাটরা। পাশাপাশি চাইল্ড কেয়ারের জন্য ১ হাজার কোটি এবং পুষ্টি ও কৃষি খাতে ত্রাণ হিসেবে ২ হাজার ৬০০ কোটি ডলারের বরাদ্দ রাখা হয়েছে প্রস্তাবে। বিলটি প্রক্রিয়াগত কারণে ১৮ ডিসেম্বরের মধ্যে পাস হওয়াটা কঠিন। তবে কংগ্রেস নেতারা বলছেন, জনস্বার্থে কিছু প্রক্রিয়াগত বিষয়ে ছাড় দেবেন তাঁরা, যাতে বিলটি পাস করে আংশিক শাটডাউন এড়ানো যায়।
উল্লেখ্য, বছরের শেষ প্রান্তে এসে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারি ভয়ংকর রূপ নিয়েছে। যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা এরই মধ্যে ৩ লাখ ছাড়িয়েছে। ভয়াবহ পরিস্থিতির মুখে রয়েছে অর্থনীতি। বিপুলসংখ্যক মানুষ কাজ হারিয়েছেন। ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের অবস্থা ভয়াবহ।
এ অবস্থায় করোনা পরিস্থিতি মোকাবিলায় ও মহামারির কারণে আর্থিকভাবে ভীষণ ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করতে প্রথম দফায় গত মার্চে প্রণোদনা দেওয়া শুরু করে ফেডারেল সরকার। দ্বিতীয় ধাপে এই প্রণোদনা প্যাকেজের ঘোষণার জন্য মানুষ অপেক্ষা করছে অনেক দিন ধরে। কয়েকবার এ সম্পর্কিত বিল কংগ্রেসে উঠলেও তা পাস হয়নি। মূলত তহবিলের পরিমাণ নিয়ে দ্বন্দ্বের কারণেই এটি আটকে গেছে বারবার। এবার বিলটি পাস হলেও তা তিন মাসের জন্য হতে পারে বলে মনে করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, দ্বিতীয় প্রণোদনা প্যাকেজ তিন মাসের জন্য দিলে ডেমোক্র্যাটরা ক্ষমতায় এসেই আবার একটি প্রণোদনা প্যাকেজ ঘোষণা করবে, যার ব্যাপ্তি এটির চেয়ে বেশ বড় হবে।