দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভূমিকায় জাপানের 'গভীর অনুতাপ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিনজো আবে
শিনজো আবে

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের ভূমিকা নিয়ে ‘গভীর অনুতাপ’ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে। মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে দেওয়া ঐতিহাসিক এক ভাষণে তিনি ওই যুদ্ধে নিহত মার্কিন সেনাদের প্রতি ‘গভীর শ্রদ্ধা’ এবং ‘চিরন্তন শোক’ও প্রকাশ করেছেন। খবর বিবিসির।
জাপানি প্রধানমন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে ওয়াশিংটনে রয়েছেন। বৃহৎ পরিসরে একটি আন্তপ্রশান্ত মহাসাগরীয় বাণিজ্যিক চুক্তি নিয়ে আলোচনার জন্যই আবের এই সফর। তবে সফরকালে যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যে একটি প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিও হয়েছে। চীনের ক্রমবর্ধমান প্রভাবের মোকাবিলায় দেশ দুটির মধ্যে সমঝোতা হিসেবে দেখা হচ্ছে একে। চুক্তিটির আওতায় নতুন নতুন হুমকি মোকাবিলায় যৌথ সামরিক তৎপরতা বৃদ্ধির ওপরেও জোর দেওয়া হয়েছে।
শিনজো আবেই প্রথম জাপানি প্রধানমন্ত্রী, যিনি মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেট ও নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের যৌথ অধিবেশনে ভাষণ দেওয়ার সুযোগ পেলেন। ভাষণে রক্ষণশীল আবে কী বলেন, সেদিকেই নজর ছিল সবার। কারণ, টোকিওর দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ভূমিকার ওপরে আবের দৃষ্টিভঙ্গি নিয়ে অস্বস্তি রয়েছে যুক্তরাষ্ট্রে। যুদ্ধকালীন আগ্রাসী ভূমিকার বিষয়ে অতীতে জাপান তার কর্মকাণ্ডের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে যেসব বিবৃতি দিয়েছে, তা রক্ষণশীল আবে মুছে ফেলতে চাইছেন বলে উদ্বেগ রয়েছে। মার্কিন রাজনীতিক ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেওয়া সেনারা এমন উদ্বেগ প্রশমনে আবের প্রতি আহ্বান জানিয়ে আসছেন। তবে এখন পর্যন্ত খুব সামান্যই কৈফিয়তের সুর এসেছে আবের কাছ থেকে।
কংগ্রেসে দেওয়া ভাষণে আবে জানান, তিনি ওয়াশিংটনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতিসৌধ পরিদর্শন করেছেন। সেখানে তিনি ওই যুদ্ধে নিহত চার লাখ মার্কিন সেনার প্রতি অন্তরের অন্তস্তল থেকে গভীর অনুতাপ প্রকাশ করেছেন। আবে আরও স্বীকার করেছেন, জাপান ‘এশিয়ার দেশগুলোর লোকজনের জন্য দুর্ভোগ বয়ে এনেছিল’।
তবে ভাষণে আবে যুদ্ধকালে জাপানের আচরণের জন্য ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ থেকে বিরতি ছিলেন। জাপানের ওই আচরণের মধ্যে ছিল জাপানি সেনাদের হাতে হাজার হাজার এশীয় নারীর যৌনদাসী হিসেবে কাজ করতে বাধ্য হওয়ার বিষয়টিও।
আবের ভাষণের শ্রোতাদের মধ্যে ছিলেন কোরীয় নারী লি ইয়ং-সু। যে হাজার হাজার কোরীয় নারী দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে জাপানি সেনাদের জন্য যৌনদাসী হিসেবে আটক থাকতে বাধ্য হয়েছিলেন, লি ইয়ং-সু তাঁদের একজন। তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ডেমোক্রেটিক সদস্য মাইক হোনডা। আবের কড়া সমালোচক এই মার্কিন রাজনীতিক।
বাণিজ্যিক চুক্তিতে সমর্থন কামনা: যে বাণিজ্যিক চুক্তির জন্য আলোচনা করতে জাপানি প্রধানমন্ত্রী আবে ওয়াশিংটনে গেছেন, সেটি আন্তপ্রশান্ত মহাসাগরীয় সহযোগিতা (টিপিপি) নামে পরিচিত। প্রশান্ত মহাসাগরীয় ১২টি দেশকে নিয়ে এমন একটি বাণিজ্যিক চুক্তির পরিকল্পনা চলছে। দেশগুলো বিশ্বের ৪০ শতাংশ অর্থনীতিকে প্রতিনিধিত্ব করে থাকে।
কংগ্রেসে দেওয়া ভাষণে জাপানি প্রধানমন্ত্রী চুক্তিটির পক্ষে মার্কিন আইনপ্রণেতাদের সমর্থন দেওয়ার আহ্বান জানান। টিপিপি স্বাক্ষরিত হলে যুক্তরাষ্ট্র, জাপানসহ ওই ১২টি দেশের বাজার উন্মুক্ত হবে। আবে বলেন, আইনের শাসন, গণতন্ত্র ও স্বাধীনতার মূল্যবোধ ছড়িয়ে দিতেই এই চুক্তি। পাশাপাশি নিজেদের নিরাপত্তা ও দীর্ঘমেয়াদি কৌশলগত সুবিধার জন্যও এটা দরকার।