দ্বিতীয়বার অভিশংসিত হতে পারেন ট্রাম্প

মার্কিন কংগ্রসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে অভিশংসিত হয়েছেন। এ কথার অর্থ, কংগ্রেসের চোখে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন। এরপর এই নিয়ে তাঁর বিচার হওয়ার কথা কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে। কিন্তু স্পিকার ন্যান্সি পেলোসি সিনেটে ‘সুবিচার’ পাওয়ার নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কংগ্রেসে গৃহীত সিদ্ধান্ত উচ্চকক্ষে পাঠাবেন না বলে জানিয়েছেন। কীভাবে সুবিচার অর্জিত হবে, সে প্রশ্নে সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল ও ডেমোক্রেটিক নেতা চাক শুমারের মধ্যে দর–কষাকষির ফলে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
অভিশংসন নিয়ে নাটকের এখানেই শেষ নয়। একজন খ্যাতনামা শাসনতন্ত্র বিশেষজ্ঞ মত দিয়েছেন, আসলে ট্রাম্পের কোনো অভিশংসনই হয়নি। নোয়াহ ফেল্ডম্যান নামে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এই নামজাদা অধ্যাপক বলেছেন, যতক্ষণ পর্যন্ত কংগ্রেসের সিদ্ধান্ত সিনেটে না পাঠানো হচ্ছে, ট্রাম্প অভিশংসিত হয়েছেন, এ কথা বলা যাবে না। রিপাবলিকান মহলে এই মত বিশেষভাবে আদৃত হয়েছে। অধিকাংশ আইন বিশেষজ্ঞ অবশ্য তাঁর এই মতের সঙ্গে একমত নন। হার্ভার্ডের আরেক নামজাদা অধ্যাপক লরেন্স ট্রাইব এই বক্তব্য এক ফুৎকারে উড়িয়ে দিয়ে বলেছেন, একদমই ভ্রান্ত বক্তব্য। কংগ্রেসের সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে অভিশংসনপ্রক্রিয়া শেষ হয়েছে। এখন যা বাকি থাকল তা হলো ট্রাম্পের শাস্তি হবে বা হবে না, তাই নিয়ে সিনেটের বিচারপ্রক্রিয়া।
এদিকে আরেক গোল বাধিয়েছেন কংগ্রেসে ডেমোক্র্যাটদের কৌঁসুলি ডগলাস লেটার। তিনি বলেছেন, ট্রাম্প যে বিচারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টি করেছেন, তার নতুন তথ্য মিলেছে। এই তথ্য প্রমাণিত হলে তাঁকে দ্বিতীয়বারের মতো অভিশংসিত করা যেতে পারে। ইতিপূর্বে বিশেষ কৌঁসুলি রবার্ট ম্যুলারের অনুসন্ধানে বেরিয়ে এসেছিল যে ট্রাম্প বিচারপ্রক্রিয়ায় কমপক্ষে আটবার বাধা সৃষ্টি করেছেন। এই বাধার অন্যতম সাক্ষী হোয়াইট হাউসের সাবেক কৌঁসুলি ডন ম্যাগেন। তাঁকে কংগ্রেসের সামনে সাক্ষ্য দেওয়ার জন্য সমন জারি করা হয়েছিল, কিন্তু ট্রাম্পের নির্দেশে তাঁকে সাক্ষ্য দিতে অনুমতি দেওয়া হয়নি। কংগ্রেসের সামনে তাঁকে শুনানিতে অংশগ্রহণে বাধ্য করার জন্য ডেমোক্র্যাটরা আদালতের আশ্রয় নিয়েছেন। সে মামলার এখনো কোনো নিষ্পত্তি হয়নি।
>বিচারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টির নতুন তথ্য ট্রাম্পের বিরুদ্ধে। প্রমাণিত হলে, তাঁকে দ্বিতীয়বারের মতো অভিশংসিত করা যেতে পারে।
দুই দিন আগে ওয়াশিংটন ডিসির এক ফেডারেল আদালতে পাঠানো ওকালতনামায় ডন ম্যাগেনের শুনানিতে অংশগ্রহণের অপরিহার্যতা ব্যাখ্যা করে ডগলাস লেটার যুক্তি দেখিয়েছেন, তাঁর সাক্ষ্যের মাধ্যমে অনেক নতুন তথ্য বেরিয়ে আসতে পারে, ট্রাম্প যে বিচারপ্রক্রিয়ায় বাধা দিয়েছেন, তা প্রমাণিত হতে পারে। তেমন তথ্য-প্রমাণ বেরিয়ে এলে ট্রাম্পকে দ্বিতীয়বারের মতো অভিশংসিত করা হতে পারে।
ট্রাম্প সত্যি সত্যি আরও একবার অভিশংসিত হবেন, এ কথা কেউ মনে করে না। এটি সম্ভবত রিপাবলিকানদের ওপর চাপ বজায় রাখার জন্য ডেমোক্র্যাটদের একটি রণকৌশল মাত্র। তাঁদের এই চেষ্টায় নতুন রসদ মিলেছে খোদ হোয়াইট হাউস থেকে। একটি বেসরকারি সংস্থার অনুরোধে ও আদালতের নির্দেশে গত সোমবার হোয়াইট হাউস থেকে যে ই–মেইল অবমুক্ত করা হয়েছে তাতে দেখা যাচ্ছে, ২৫ জুলাই ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের কথোপকথনের পর মাত্র ৯০ মিনিটের মাথায় হোয়াইট হাউসের বাজেট অফিস ইউক্রেনের জন্য কংগ্রেস অনুমোদিত প্রায় ৪০০ মিলিয়ন ডলারের সামরিক ও অর্থনৈতিক সাহায্য আটকে দেওয়ার নির্দেশ দেয়। এই বিষয়ে টুঁ শব্দটি না করতে পরামর্শ দেওয়া হয়।
এই তথ্য প্রকাশের পর সিনেটে ডেমোক্র্যাটদের নেতা চাক শুমার দাবি করেছেন, মাইকেল ডাফি নামে যে বাজেট কর্মকর্তা এই নির্দেশ জারি করেন, তাঁকে সিনেটের সামনে সাক্ষ্য দিতে হবে। কিন্তু সিনেটে রিপাবলিকান নেতা ম্যাককনেল অবশ্য এই দাবিতে হেলবেন, সে কথা ভাবার কোনো কারণ নেই। কোন নীতিমালার ভিত্তিতে সিনেটে বিচারপ্রক্রিয়া অনুষ্ঠিত হবে, সেই প্রশ্নে এই দুই নেতা ইতিমধ্যে একবার মত বিনিময় করেছেন। তবে কোনো মতৈক্য প্রতিষ্ঠিত হয়নি। ম্যাককনেল জানিয়ে দিয়েছেন, আপাতত এই প্রশ্নে তিনি কথা বলতে আগ্রহী নন। বড়দিনের ছুটি শুরু হয়ে গেছে, ছুটি শেষে আগামী বছরের গোড়ার দিকে এই নিয়ে কথা হবে।