দ্য বিগ সিক্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোনামটি একটি উদ্ধৃতির অংশবিশেষ। মার্টিন লুথার কিং জুনিয়র পুরো বাক্যটি বলেছিলেন, ‘আমরা সবাই হয়তো আলাদা নৌকায় করে এখানে এসেছি, কিন্তু এখন আমরা একই জাহাজের যাত্রী।’

১৮৬৭ সালে ‘ইমানসিপেশন প্রোক্লেমেশন’–এর মাধ্যমে দাস প্রথার বিলুপ্তি ঘোষণা দিয়েও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের সমানাধিকার প্রতিষ্ঠা করা যায়নি। কালো মানুষ ক্রমাগত বঞ্চনার শিকার হয়েছে। অধিকারহীন জীবনযাপন করেছে। তাই নাগরিক সমঅধিকার প্রতিষ্ঠার লড়াইও কখনোই থামেনি। বরং সে লড়াই বেগবান হয়েছে। যুগে যুগে সে লড়াইকে এগিয়ে নিয়ে গেছেন কিছু অবিসংবাদিত মানবাধিকার আন্দোলনের নেতা, যাঁদের অনেকের উত্থান ঘটেছিল শ্রমিক আন্দোলনের হাত ধরে।

‘দ্য বিগ সিক্স’, অর্গানাইজার্স অব সিভিল রাইটস মুভমেন্ট নামে খ্যাত ১৯৬০ সালে শুরু মানবাধিকার ও নাগরিক অধিকার আন্দোলনকে ছয়জন বিখ্যাত আফ্রিকান-আমেরিকান নেতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিতে সক্ষম হন। তাঁরা হলেন—

১. এ ফিলিপ র‌্যান্ডরফ (১৮৮৯-১৯৭৯): ১৯১৭ সালে ফিলিপ সমাজকর্মী হিসেবে কর্মজীবন শুরু করে টানা ৫০ বছর নাগরিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে গেছেন। তিনি ‘ন্যাশনাল ব্রাদারহুড অব ওয়ার্কার্স’–এর প্রেসিডেন্ট ছিলেন। এই ইউনিয়ন ভার্জিনিয়ার উপকূলবর্তী এলাকায় আমেরিকান জাহাজঘাটের কর্মচারী ও কুলিদের সংগঠিত করেছিল। ১৯২৫ সালে তিনি বিখ্যাত ‘ব্রাদারহুড অব স্লিপিং কার পোর্টার্স (বিএসসিপি) নামের বিখ্যাত শ্রমিক সংগঠনের প্রেসিডেন্ট হিসেবে শুরু করেন শ্রমিকদের বেতন ভাতাদি, সুবিধা বৃদ্ধির লড়াই। এবং ১৯৩৭ সালে আফ্রিকান-আমেরিকান শ্রমিকেরা এই সুবিধা পেতে শুরু করেছিলেন। ১৯৬৩ সালে ঐতিহাসিক ওয়াশিংটন মার্চের সফল সংগঠনেও তাঁর বলিষ্ঠ ভূমিকা রয়েছে।

২. মার্টিন লুথার কিং জুনিয়র (১৯২৯-১৯৬৮): ১৯৫৫ সালে ডেক্সটার অ্যাভিনিউ ব্যাপ্টিস্ট চার্চের প্যাস্টর রোজা পার্কের বন্দিত্বের বিরুদ্ধে টানা জনসভার নেতৃত্ব দেন মার্টিন লুথার কিং। আরও কিছু প্যাস্টরকে সঙ্গে নিয়ে তিনি সফল মন্টগোমারি বাস ধর্মঘট পালন করেন এবং পুরো দক্ষিণাঞ্চলের বিক্ষোভকারীদের ঐক্যবদ্ধ করতে গড়ে তোলেন ‘সাউদার্ন ক্রিশ্চিয়ান লিডারশিপ কনফারেন্স (এসসিএলসি)। টানা ১৪ বছর তিনি মিনিস্টার ও অ্যাকটিভিস্ট হিসেবে দেশের পুরো দক্ষিণ ও উত্তরাঞ্চলে বর্ণবাদের বিরুদ্ধে প্রবল জনমত গড়ে তোলেন। এরই ফলশ্রুতি ১৯৬৩ সালের ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালের সামনে সংগঠিত আড়াই লাখ মানুষের জনসমাগম, যা ইতিহাসে ‘ওয়াশিংটন মার্চ’ নামে স্বর্ণাক্ষরে লেখা হয়ে আছে। ড. কিংয়ের বক্তৃতা ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ বিশ্বব্যাপী মানবমুক্তি আন্দোলনের স্মারক হয়ে আছে। ড. মার্টিন লুথার কিং জুনিয়র এই ভাষণের মাধ্যমে অধিকার বঞ্চিত মানুষকে এমন প্রভাবান্বিত করেছেন, যার ফলে তাঁকে ক্ষমতাসীনদের তরফে ১৯৬৮ সালে গুলি করে হত্যা করা হয়। কিন্তু এত করেও তাঁর আন্দোলনকে থামানো যায়নি। এই মহান মানবপ্রেমিক সর্বকনিষ্ঠ নোবেল শান্তি বিজয়ী এবং তাঁকে রাষ্ট্রের সম্মানজনক প্রেসিডেনশিয়াল মেডেল দেওয়া হয়েছিল।

৩. জেমস ফার্মার জুনিয়র (১৯২০-১৯৯৯): কংগ্রেস অব রেসিয়াল ইকুয়ালিটি (সিওআরই) যা সংক্ষেপে কোর নামে পরিচিত, তার প্রতিষ্ঠাতা ছিলেন। ১৯৬১ সালে এনএএসিপিতে কাজ করা অবস্থায় পুরো দক্ষিণাঞ্চলের স্টেটগুলোতে ফ্রিডম রাইটস সংগঠিত করেন। ১৯৬৬ সালে কোর থেকে পদত্যাগ করে প্রেসিডেন্ট নিক্সনের সরকারে স্বাস্থ্য, শিক্ষা ও জনকল্যাণ মন্ত্রণালয়ে সহকারী সচিব হিসাবে দায়িত্ব গ্রহণের আগে ফার্মার পেনসিলভানিয়ার লিংকন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। ১৯৭৫ সালে গণমানুষের রাজনৈতিক ও নাগরিক শক্তির জাগরণ ও বিকাশে প্রতিষ্ঠা করেন ‘ফান্ড ফর অ্যান ওপেন সোসাইটি’।

৪. জন লুইস (১৯৪০): ১৯৬৩ সালে মাত্র ২৩ বছর বয়সে জন লুইস ‘সিভিল রাইটস মুভমেন্ট’ পরিচালনায় ‘দ্য বিগ সিক্স’ নামে অভিহিত প্রখ্যাত নেতাদের একজন হয়ে উঠেছিলেন, আন্দোলনে তাঁর আত্মনিবেদন ও কর্মযোগের মাধ্যমে। তিনি ওয়াশিংটন মার্চের পরিকল্পনার সহযোগী ছিলেন। জন লুইস ১৯৮৬ সাল থেকে ‘পঞ্চম কংগ্রেসনাল ডিস্ট্রিক্ট ইন জর্জিয়ার রিপ্রেজেনটেটিভ নিযুক্ত হন।

৫. হুইটনি ইয়ং জুনিয়র (১৯২১-১৯৭১): নিয়োগ–নীতিতে বৈষম্যের বিরুদ্ধে এক বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন হুইটনি ইয়ং জুনিয়র। আফ্রিকান-আমেরিকানদের চাকরি, আবাসন ও অন্যান্য নাগরিক সুবিধা দেওয়ার অধিকার সংক্রান্ত সংগঠন ‘দ্য ন্যাশনাল আরবান লিগ’ প্রতিষ্ঠা হয়েছিল ১৯১০ সালে। ১৯৫০ সাল নাগাদ এই সংগঠনটি ক্ষীয়মাণ সংগঠন হিসাবে টিকে থাকে। কিন্তু ১৯৬১ সালে হুইটনি ইয়ং নির্বাহী পরিচালক হিসাবে যোগ দেওয়ার পর সংগঠনটির কার্যক্রম বেগবান ও সম্প্রসারিত হয়। মাত্র চার বছরের মধ্যে এনইউএল যা নাল হিসেবে পরিচিত, এমপ্লয়ি সংখ্যা ৩৮ থেকে ১ হাজার ৬০০ জনে উন্নীত হয় এবং রাজস্ব বাজেট ৩ লাখ ২৫ হাজার ডলার থেকে বেড়ে ৬ দশমিক ১ মিলিয়ন ডলার হয়।

ইয়ং ওয়াশিংটন মার্চ আন্দোলনের একজন সফল সংগঠক। পরে তিনি ‘ন্যাশনাল আরবান লীগ’–এর হয়ে কাজ করেন। ইয়ং জুনিয়র প্রেসিডেন্ট লিন্ডন বি জনসনের নাগরিক অধিকার বিষয়ক উপদেষ্টা হিসাবে কাজ করেছেন।
রয় উইলকিন্স (১৯০১—১৯৮১): আফ্রিকান-আমেরিকান কমিউনিটিভিত্তিক ‘দ্য আপিল’ এবং ‘দ্য সিভিল’ সংবাদপত্র দুটির সাংবাদিক, পরবর্তীতে ইতিহাসে স্থান করে নিয়েছেন নাগরিক অধিকার আন্দোলনের অগ্রগণ্য নেতা হিসাবে। ওয়াল্টার ফ্রান্সিস হোয়াইটের সহকারী সচিব হিসাবে এনএএসিপিতে ১৯৩১ সালে যোগ দেন।

তিন বছর পর ডব্লিউএফবি, ডু বয়েস এনএএসিপি ছেড়ে গেলে উইলকিন্স ‘দ্য ক্রাইসিস’–এর সম্পাদক হন। ১৯৫০ সালে ‘দ্য লিডারশিপ কনফারেন্স অন সিভিল রাইটস (এলসিসিআর) প্রতিষ্ঠাকালে তিনি এ ফিলিপ র‌্যান্ডলফ এবং আরনল্ড জনসনের সঙ্গে একযোগে কাজ করেন। ১৯৬৪ সালে উইলকিন্স এনএএসিপির নির্বাহী পরিচালক পদে নিযুক্ত হন। তিনি বিশ্বাস করতেন, আইন পরিবর্তন ও তার যথাযথ পরীক্ষা ও প্রয়োগের মাধ্যমেই নাগরিকদের সমঅধিকার প্রতিষ্ঠা সম্ভব।
উইলকিন্স এনএএসিপির নির্বাহী পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন ১৯৭৭ সালে এবং হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ১৯৮১ সালে মারা যান।

আমেরিকাকে যুক্তরাষ্ট্রে পরিণত করতে মহান নেতা ও প্রেসিডেন্ট আব্রাহাম লিংকনপ্রণীত ১৮৬৩ সালের ১ জানুয়ারি ‘ইমানসিপেশন প্রোক্লেমেশন’ জারি হওয়া এক যুগান্তকারী ঐতিহাসিক ঘটনা, যা আমেরিকার ইতিহাসকেই বদলে দেয়। বদলে দেয় আফ্রিকান-আমেরিকান কালো ক্রীতদাসদের জীবন। কিন্তু এই প্রোক্লেমেশন কি আমেরিকায় ধর্ম–বর্ণ নির্বিশেষে মানুষ ও নাগরিক হিসাবে বেঁচে থাকার ও সুষ্ঠু জীবনযাপনের অধিকার নিশ্চিত করতে পেরেছিল? নিশ্চয় নয়। ফলে, আমরা দেখি সামাজিক ও রাজনৈতিক নানা বৈষম্য এখনো বিদ্যমান এবং সেসব দূরীকরণে ভুক্তভোগীদের সংগঠিত হওয়া ও আন্দোলনের মাধ্যমে দূর করার প্রচেষ্টাও চলছে।

ইমানসিপেশন প্রোক্লেমেশন জারির ১০০ বছর পরও আমরা দেখছি, শোষিত, নিপীড়িত মানুষের সমানাধিকার আদায়ের সংগ্রাম। দেখি গণমানুষের প্রবল চেতনার উত্থান ও তার সাংগঠনিক ক্রিয়া-কর্মের মাধ্যমে প্রতিবাদ প্রতিরোধের চেষ্টা। এবং যার চূড়ান্ত রূপ দেখি ১৯৬৩ সালে ওয়াশিংটনের লিংকন মেমোরিয়ালের চাতালে ও রাস্তায় আড়াই লাখ সাদা কালো নির্বিশেষে মানুষের প্রতিবাদী উচ্চারণ। এই আন্দোলন একদিনের কি, এক বছরের বিষয় ছিল না। দীর্ঘ বছরের, পুরো এক শতকেরই আন্দোলন, সংগ্রামের ইতিহাস, মানুষের সচেতন কর্মপ্রবাহের পেছনে বলিষ্ঠ ভূমিকা রেখেছে। অনেক নেতা, মহান সংগঠক জীবনবাজি রেখে লাগাতার কাজ করে গেছেন। বিশেষ করে নাগরিক ও সামাজিক সমানাধিকার বিষয়ক আন্দোলনের ইতিহাসে কার্যকর সফলতায় ১৯৬৩ সালের ওয়াশিংটন মার্চ ও তার প্রধান সংগঠকেরা যাঁদের ‘দ্য বিগ সিক্স’ নামে ইতিহাস লিপিবদ্ধ করেছে, তাঁদের প্রত্যেকের অবদান অনস্বীকার্য।

তবুও বিশ্বজুড়ে মানবমুক্তি আন্দোলনে নিপীড়িত, লাঞ্ছিত, অধিকন্তু বঞ্চিত, মুক্তিকামী মানুষ বুকের ভেতরে খোদাই করে রেখে দিয়েছে যে মানুষের নাম ও ছবি, তিনি ড. মার্টিন লুথার কিং জুনিয়র। দ্য বিগ সিক্সের একজন নেতা হয়েও তিনি আলাদা করে বিশিষ্ট হলেন কেন? তাঁকে মানুষ বিশেষ করে মনে রাখছে কেন, সম্মানিত করছে কেন? এর উত্তরে কি আমরা বলব, তিনি আমেরিকায় নাগরিক ও মানবাধিকার প্রতিষ্ঠায় অহিংস আন্দোলনের জন্য ১৯৬৪ সালে নোবেল শান্তি পুরস্কার পেয়েছিলেন বলে? তিনি নোবেল শান্তি পুরস্কার অর্জনকারীদের মধ্যে বয়ঃকনিষ্ঠতম ছিলেন বলে? নাকি তিনি তাঁর কর্মের স্বীকৃতি স্বরূপ সম্মানজনক প্রেসিডেনশিয়াল মেডেল পেয়েছিলেন বলে?

বোধ করি এর সবটিই, আবার কোনোটিই নয়! এর চেয়েও বড় ছিল মার্টিন লুথারের কর্ম, মানুষের প্রতি তাঁর ভালোবাসা! তিনি ১৯৬৩ সালে ওয়াশিংটন মার্চে ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ নামে যে বক্তৃতা দেন, তা বিশ্বের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বক্তৃতার অন্যতম একটি। বক্তৃতার কথাগুলো আফ্রিকান-আমেরিকান অধিকার বঞ্চিত মানুষের মনের কথা ছিল। তিনি তাদের আকাঙ্ক্ষাকে নিজের হৃদয়ে ধারণ করতে পেরেছিলেন, তাই তাঁর হৃদয় থেকে উৎসারিত হয়েছিল ‘আই হ্যাভ অ্যা ড্রিম’ বক্তৃতার শব্দমালা, যা মানুষকে জাগিয়ে তুলেছিল। ১৯২৯ সালের ১৫ জানুয়ারি জর্জিয়ার আটলান্টায় এই ক্ষণজন্মা পুরুষ জন্ম নেন। ১৯৫৫ সালে তিনি বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। আজীবন তিনি লড়াই করে গেছেন গণমানুষের অধিকার আদায়ের সংগ্রামে। মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনকে সংগ্রাম লড়াইয়ের সাথি করেছিলেন বলেই কি এই অহিংসবাদী মানবতার নেতাকে নিহত হতে হয়েছিল বর্ণবাদী হিংসার শিকার হয়ে এক শ্বেতাঙ্গ উগ্রবাদীর যুবক জেমস আর্লের গুলিতে?

১৯৬৮ সালের সেই ৪ এপ্রিলের ৫২ বছর পর আজও কি হিংসার বিপরীতে অহিংসা প্রতিষ্ঠিত হয়েছে? ১৯৬৩ সালের ওয়াশিংটন মার্চের ৫৬ বছর পরেও কি গণমানুষের অধিকার বঞ্চনার বিলুপ্তি ঘটেছে? মানুষ ও নাগরিক হিসেবে সমান অধিকার নিয়ে বেঁচে থাকার দাবি প্রতিষ্ঠা পেয়েছে? পায়নি। তাই আজও অসন্তোষ। আজও প্রতিবাদের উচ্চারণ। মুখে, কলমে ও কালিতে। সে কারণেই আমাদের স্মরণ করতে হয়—মহান নেতা মার্টিন লুথার কিং জুনিয়রকে, যিনি বলেছিলেন—
‘যদি উড়তে না পার, তবে দৌড়াও;
যদি দৌড়াতে না পার, তবে হাঁটো;
বাঁচতে না পারলে হামাগুড়ি দাও...
যে অবস্থায়ই থাকো,
এগিয়ে চলা বন্ধ করবে না।’