ভূগর্ভস্থ পানির বড় মজুতগুলোর প্রায় তিন ভাগের এক ভাগ দ্রুত হারিয়ে যাচ্ছে। মানুষের কর্মকাণ্ডই এ জন্য দায়ী। এসব প্রাকৃতিক জলাধারে বর্তমানে কী পরিমাণ পানি মজুত রয়েছে, তা সুনির্দিষ্ট করা সম্ভব হয়নি। একাধিক গবেষণার ভিত্তিতে মার্কিন বিজ্ঞানীরা গত মঙ্গলবার এসব কথা জানিয়েছেন। গবেষণায় নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া আরভিনের অধ্যাপক আলেকসান্দ্রা রিচি। খবর এএফপির।
গবেষকেরা জানান, বিপুলসংখ্যক মানুষ ভূগর্ভস্থ পানি ব্যবহার করছে। এই মজুত ফুরিয়ে যাওয়ার সম্ভাব্য সময় সম্পর্কে কারও ধারণা নেই। ৩৭টি বড় বড় ভূগর্ভস্থ জলাধারের অবস্থা ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত যাচাই করে দেখা যায়, সেগুলো ‘চাপের’ মধ্যে রয়েছে। আরও পাঁচটি জলাধার ‘অত্যন্ত বেশি চাপে’ রয়েছে। জলবায়ু পরিবর্তন ও জনসংখ্যা বৃদ্ধির প্রভাবে পরিস্থিতির আরও অবনতি ঘটবে।
অনলাইনে ওই দুটি গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। ওয়াটার রিসোর্সেস রিসার্চ সাময়িকীর কাগুজে সংস্করণেও এগুলো প্রকাশ করা হবে। বিজ্ঞানীরা জানান, ভূগর্ভস্থ পানির মজুত নিঃশেষ হওয়ার ঝুঁকি বিবেচনায় সবচেয়ে বেশি চাপে রয়েছে আরব অঞ্চল। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ও পাকিস্তান। আফ্রিকার উত্তরাঞ্চলের অবস্থান তৃতীয়।
ওই গবেষণার তত্ত্বাবধায়ক এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া আরভিনের অধ্যাপক জে ফ্যামিগেটি বলেন, মাটির নিচের পানির পরিমাণ নির্ণয়ের যেসব ভৌত ও রাসায়নিক পরিমাপ রয়েছে, সেগুলো অপর্যাপ্ত। মানুষ কত দ্রুত এসব মজুত শেষ করছে এবং কতটুকু পানি অবশিষ্ট রয়েছে, তা নির্ণয়ের জন্য সমন্বিত বৈশ্বিক প্রচেষ্টা প্রয়োজন।