দ্রুত বিচারই ধর্ষণ রোধ করতে পারে

আজকাল কোথাও আনন্দের, সুখের কিংবা শান্তির খবর নেই। সকালে কাগজ খুললে যেমন প্রথম পাতায় থাকছে লোমহর্ষক কাহিনি, তেমনি টেলিভিশনের খবরেও নিস্তার নেই। লোমহর্ষক এসব খবরের মধ্যে ‘ধর্ষণ’ বর্তমানে খুব উল্লেখযোগ্য। আমাদের দেশে বহুমাত্রিক অপরাধের সঙ্গে ধর্ষণের ঘটনা বেড়েই চলছে। আড়াই বছরের শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত ধর্ষণের হাত থেকে রেহাই পাচ্ছে না কেউ। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে এমন ঘটনা দেশের সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে। জনগণ এখন পরিবারের ছেলেমেয়েদের নিরাপত্তা ও জীবন নিয়ে শঙ্কিত।
রাস্তা থেকে তুলে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে ধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়ে ডাকসু ভিপি নুরুল হক নুরের বক্তব্যের ভিডিও অনলাইনে দেখার সময় মনে হলো, এমন ঘটনায় গুটিকয় ছাত্র নিয়ে নুর যখন গলা ফাটাচ্ছেন, তখন আমরা হাত-পা গুটিয়ে বসে আছি। প্রতিদিনই কেউ কেউ না এভাবে ধর্ষণের স্বীকার হচ্ছে। আমরা শুধু নীরব হয়ে দেখছি, যেন এ-ই স্বাভাবিক। কোনো সমাধানের চিন্তা যেন নেই। ধর্ষণের মতো ঘটনার বিচার তো দেশের সবার চাওয়ার কথা, প্রতিবাদ করার কথা। কিন্তু বাস্তবে অল্প কিছু মানুষকেই এমন ঘটনার প্রতিবাদ করতে দেখা যায়।
আমাদের সমাজ একবিংশ শতকে এসে অনেক এগিয়েছে। এগিয়ে যাওয়া সমাজে নারীর নিরাপত্তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবাই জানি অনেক ঘাত-প্রতিঘাতের মধ্য দিয়ে নিজের স্থান নির্মাণ করতে পেরেছে নারী। অষ্টাদশ থেকে ঊনবিংশ শতকে নারী ছিল গৃহবন্দী। পুরুষশাসিত সমাজে নারী শিক্ষা ছিল কল্পনাতীত। নারী ছিল শুধু ঘরের কারিগর। এমন বহু প্রতিকূলতা জয় করে নারী আজকের অবস্থানে এসেছে। আজকের সমাজে নারী প্রতিটি ক্ষেত্রেই নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছে। রাজনীতি থেকে সমাজনীতি প্রতিটি ক্ষেত্রেই যখন সে এগিয়ে যাচ্ছে, তখনো তার নিরাপত্তা-সংক্রান্ত পুরোনো প্রশ্নটি হাজির হচ্ছে আমাদের সামনে।
এই লেখাটি শেষ করার আগেই কুর্মিটোলার ঘটনার ‘ধর্ষক’ ধরা পড়ার খবর এল। ছেলেটির নাম মজনু মিয়া। অথচ তাকে দেখলে মনে হয় না সে এমন কাজ করতে পারে। মনে হলো, তনুর কথা। চার বছর আগে তনু হত্যার কি বিচার হয়েছে? তনুকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। কিন্তু আজও অপরাধীকে ধরা হলো না। কুর্মিটোলার ঘটনায় অপরাধী ধরা পড়েছে দু দিনের মধ্যেই। এটি নিঃসন্দেহে প্রশংসনীয়। আমরা চাই ধর্ষক ধরা পড়ুক, শাস্তি পাক। ধর্ষণের পর যদি ধর্ষক পার পেয়ে যায়, তাহলে দিনে দিনে এসব অপরাধ আমাদের সমাজে বেড়েই যাবে।
বিশ্বের বহু দেশে ধর্ষণ সংঘটিত হলেও শিশু ধর্ষণ বা ধর্ষণের পর হত্যার নজির খুব একটা নেই। অথচ আমাদের দেশে এমন খবর পাওয়া যায় নিয়মিত বিরতিতে। অনেক ক্ষেত্রে ধর্ষণের পর মেরে ফেলা হয় ভিকটিমকে। কিছুদিন আগে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করে খুন করা হলো। ওই শিশুর মা ‘মেয়েকে হত্যা করা হলো কেন?’ প্রশ্নটি করছিলেন। এ প্রশ্নের কোনো উত্তর আমাদের কাছে নেই। অনেকে ধর্ষককে ‘নরপশু’ বলে উল্লেখ করেন। কিন্তু এ ক্ষেত্রে পশুত্ব মনুষ্যত্বের চেয়ে ঢের উন্নত। অনেকে ধর্ষণের কারণ ভিকটিমের পোশাকের ওপর চাপিয়ে দেন। কিন্তু দেখা যায় অনেক দেশে সংক্ষিপ্ত পোশাক পরলেও ধর্ষণের ঘটনা ঘটে না। পাশ্চাত্যসহ এশিয়ার অনেক উন্নত দেশে মেয়েরা সংক্ষিপ্ত পোশাক পরিধান করতে অভ্যস্ত। অথচ সেখানে ধর্ষণের ঘটনা তেমন ঘটে না।
বাংলাদেশের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের করা এক জরিপের তথ্য বলছে, বাংলাদেশে ২০১৬ সালে এক হাজারেরও বেশি নারী ও শিশু ধর্ষণের শিকার হয়েছে। স্থানীয় ১৪টি দৈনিক পত্রিকার খবর বিশ্লেষণ করে সংগঠনটি বলছে, ২০১৬ সালে ১০৫০ জন ধর্ষণের শিকার হয়েছিল। এ ঘটনাগুলোকে ধর্ষণ, গণধর্ষণ ও ধর্ষণের পর হত্যা—এই তিন ভাগে ভাগ করা হয়েছে। বাংলাদেশে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা নতুন নয়। কিন্তু সম্প্রতি নির্যাতনের মাত্রা যেন বাড়ছে। অনুসন্ধান করে পাওয়া তথ্য বলছে, ২০১৭ সালে বাংলাদেশে ধর্ষণের শিকার হন ৮১৮ জন নারী। ২০১৯ সালে ধর্ষণের পর হত্যা করা হয় ৭৬ জনকে এবং একই কারণে আত্মহত্যা করেন ১০ জন নারী। নারীর প্রতি সহিংসতার অন্য চিত্রগুলোও ভয়াবহ। ২০১৯ সালে যৌন হয়রানির শিকার হন ২৫৮ নারী, যা ২০১৮ সালে ছিল ১৭০ জন।
এই যখন অবস্থা, তখন বাংলাদেশে নারীরা কতটুকু নিরাপদ সে প্রশ্ন তোলাই যায়। এভাবে চললে তো অনেক সাধারণ ছাত্রী ভয়ে শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া ছেড়ে দেবে। মা-বাবারা ভয় পাবেন সন্তানকে স্কুল-কলেজে পাঠাতে। এই শঙ্কা এখন কিন্তু ছড়িয়ে পড়ছে। এই বিপুল জনগোষ্ঠীকে আস্থায় নিতে না পারলে, তা বড় ধরনের সংকটের কারণ হয়ে উঠবে।
ধর্ষণের ঘটনায় আইনি পদক্ষেপ যেমন দ্রুত নেওয়া জরুরি তেমনি বিচার প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন করতে হবে। দেখা যায় অনেক সময় এমন গুরুতর অভিযোগে আটক ব্যক্তি বা গোষ্ঠী জামিনে ছাড়া পেয়ে যায়। এর জন্য কাকে দায়ী করা যাবে, তা বলা মুশকিল। তবে এসবের অবধারিত ফল হচ্ছে ঘটনার পুনরাবৃত্তি। আর এই পুনরাবৃত্তির মধ্য দিয়ে এ ধরনের ভয়াবহ ঘটনা গা-সওয়া হয়ে ওঠে। ফলে এমন ঘটনা গণমাধ্যমে এলেও তা আগের মতো আলোড়ন সৃষ্টি করে না। এ ধরনের ঘটনা রোধ করতে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে বলেও সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হচ্ছে না। এ ব্যাপারে কঠোর আইন প্রণয়ন ও প্রয়োগের কথা শতবার উচ্চারিত হলেও প্রায় প্রতিদিনই ধর্ষণের ঘটনা ঘটছে। অপরাধীর সাজা না হলে অপরাধ বাড়বে, এটি সহজ কথা। ধর্ষণ শুধু নারীর বিরুদ্ধে নয়, মানবতার বিরুদ্ধে চরম অপরাধ। এশিয়ার মধ্যে বাংলাদেশে ও ভারতে ধর্ষণের অপরাধ বেশি হয়ে থাকে। বিশ্বের যেসব দেশে ধর্ষণ বাড়ছে, দেখা যাচ্ছে ধর্ষণকারীর সাজা না-হওয়া তার অন্যতম প্রধান কারণ।