দ্রুতই হাসপাতাল থেকে ছাড়া পাচ্ছেন ট্রাম্প
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানিয়েছেন হোয়াইট হাউসে নিযুক্ত চিকিৎসক। গত শুক্রবার অবস্থা খারাপ থাকলেও তাঁর শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতি হচ্ছে বলে আজ রোববার জানান ওই চিকিৎসক। এ অবস্থায় দ্রুতই তিনি ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্প করোনা আক্রান্ত হওয়ার পর তাঁর শারীরিক অবস্থা নিয়ে নানা আলোচনা শুরু হয়। ৭৪ বছর বয়সী এই প্রেসিডেন্টের শারীরিক অবস্থা নিয়ে নানা সংশয় দেখা দেয়। এ অবস্থায় সবার সংশয় দূর করতেই প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে আজ রোববার সাংবাদিকদের জানান হোয়াইট হাউসে নিযুক্ত চিকিৎসক।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ডোনাল্ড ট্রাম্পের শারীরিক অবস্থা সম্পর্কে আগে যতটা জানানো হয়েছিল, পরিস্থিতি তার চেয়ে খারাপ ছিল। হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস জানান, গত শুক্রবার তাঁর শারীরিক অবস্থা বেশ খারাপ ছিল। তাঁর শরীরে ছিল উচ্চ তাপমাত্রা। জ্বরের পাশাপাশি রক্তে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যাচ্ছিল। এ অবস্থার কারণেই চিকিৎসকেরা তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।
গতকাল শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্ক মিডোস জানান, ‘এখন আমি আপনাদের এটা বলতে পারি যে, প্রেসিডেন্টের এখন জ্বর নেই। তাঁর রক্তে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক। গতকাল (শুক্রবার) আমরা বিষয়টি নিয়ে খুবই উদ্বিগ্ন হয়ে পড়েছিলাম। তাঁর জ্বর ছিল ও অক্সিজেনের মাত্রা দ্রুত নেমে যাচ্ছিল। যদিও স্বভাবসুলভভাবেই প্রেসিডেন্ট সতেজ ছিলেন এবং হেঁটে বেড়াচ্ছিলেন।’
গত শুক্রবার অবশ্য মার্ক মিডোসসহ হোয়াইট হাউসের কর্মকর্তারা জানিয়েছিলেন, ট্রাম্পের মধ্যে কোভিড-১৯ এর মৃদু লক্ষণ দেখা গেছে। তিনি কাজ চালিয়ে যাচ্ছেন। পরে ওয়াল্টার রিড ও জনস হপকিন্সের চিকিৎসকদের পরামর্শে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে ভর্তি রয়েছেন। ওই হাসপাতাল থেকে নেভি কমান্ডার ড. শন কোনলি জানান, গত শুক্রবার হাসপাতালে ভর্তির আগে প্রেসিডেন্ট ট্রাম্পের শরীরে উচ্চ তাপমাত্রা ছিল। রক্তে অক্সিজেনের মাত্রা ছিল ৯৪ শতাংশ। প্রেসিডেন্টের শারীরিক অবস্থার ধারাবাহিক উন্নতি হচ্ছে এখন। এখন তাঁর রক্তে অক্সিজেনের মাত্রা ৯৬ শতাংশ। আশা করা হচ্ছে দ্রুতই তিনি ফিরে আসবেন।
গতকাল শনিবার রাতে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই জানিয়েছেন, তিনি এখন আগের চেয়ে ভালো বোধ করছেন। এ সম্পর্কিত এক ভিডিওতে তিনি জানান, দ্রুতই তিনি ফিরে আসবেন বলে আশা করছেন। আজ রোববার স্থানীয় সময় সকালে ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সক্রিয় হয়েছেন। সেখানে তিনি একটি ভিডিও পোস্ট করেন, যেখানে তাঁর সমর্থকদের পতাকা নাড়তে দেখা যায়। ওয়াল্টার রিড হাসপাতালের বাইরে সমবেত এই সমর্থকদের অধিকাংশেরই মুখে কোনো মাস্ক ছিল না।
ডোনাল্ড ট্রাম্প ও তাঁর সমর্থকদের স্বাস্থ্য সুরক্ষা নীতি মেনে না চলা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। তবে সব পক্ষই তাঁর দ্রুত সুস্থতা কামনা করে বিবৃতি দিয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের প্রচার শিবির থেকেও প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্থতা কামনা করে বিবৃতি দেওয়া হয়েছে। এমনকি ট্রাম্প হাসপাতালে ভর্তি হওয়ার পর বাইডেন কিছু আক্রমণাত্মক নির্বাচনী বিজ্ঞাপনের প্রচারও সাময়িক বন্ধ রেখেছেন। বাইডেনের জ্যেষ্ঠ উপদেষ্টা সিমন স্যান্ডার্স সিএনএন আয়োজিত ‘স্টেট অব দ্য ইউনিয়ন’ অনুষ্ঠানে ট্রাম্পের সুস্থতা কামনা করে বলেন, ‘প্রেসিডেন্ট দ্রুত সুস্থ হয়ে উঠুন—এটাই আমাদের আন্তরিক চাওয়া। আমরা আশা করি তিনি দ্রুতই প্রচারকাজে ফিরে আসবেন।’ তিনি আরও যোগ করেন, ‘ভাইরাসটি যে বাস্তব, তাই এটি মনে করিয়ে দিল।’