ধনীর ওপরে কোপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই কলামে নিউইয়র্ক সিটির কিছু গুরুত্বপূর্ণ সংবাদ, কোথায় কী হচ্ছে এবং অভিবাসীদের যেসব জরুরি তথ্য জানা প্রয়োজন, তা নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হবে। লিখছেন আবদুল্লাহ জাহিদ

গতবার মেয়র নির্বাচনে জেতার পর ডি ব্লাজিও। এবারও কি তিনি জিতবেন? ছবি: সংগৃহীত
গতবার মেয়র নির্বাচনে জেতার পর ডি ব্লাজিও। এবারও কি তিনি জিতবেন? ছবি: সংগৃহীত


মেয়র ব্লাজিও এমটিএকে দুরবস্থা থেকে রক্ষার জন্য নিউইয়র্কের ধনীদের কর বাড়িয়ে অর্থসংস্থানের পরিকল্পনা প্রকাশ করেছেন। পরিকল্পনা প্রকাশকালে তিনি বলেন, ‘এটি শুধু সাবওয়ে-সংকট নয়, এটি মনুষ্যসৃষ্ট একটি সংকট।’ মেয়র স্পষ্টতই নিউইয়র্ক স্টেট গভর্নর এবং এমটিএর চেয়ারম্যানের প্রতি ইংগিত করেছেন।
মেয়র তাঁর পরিকল্পনায় বলেছেন, যাঁরা বিবাহিত এবং যৌথ আয় দশ লাখ ডলারের বেশি অথবা যাঁদের একক আয় ৫ লাখ ডলার তাঁরাই এই কর দেবেন। এই কর বৃদ্ধি নিউইয়র্কের মোট করদাতাদের ১ শতাংশকে প্রভাবিত করবে। সিটি কাউন্সিলের হিসাব অনুসারে

মোট করদাতা ৩২ হাজার। যাঁরা বছরে মিলিয়ন ডলার আয় করেন তাঁরা বছরে মাত্র ২৭০০ ডলার অর্থাৎ দৈনিক ৭ ডলার অতিরিক্ত কর দেবেন। মেয়রের পরিকল্পনা অনুসারে যাঁরা সর্বোচ্চ কর দেন তাঁদের করের হার ৩.৯ শতাংশ থেকে বৃদ্ধি করে ৪.৪ শতাংশ অর্থাৎ ০.৫ শতাংশ বৃদ্ধি করার প্রস্তাব করা হয়েছে।

এই কর আরোপের ফলে সিটির অতিরিক্ত আয় হবে ৭০০ মিলিয়ন ডলার। মেয়র এই আয়ের অর্ধেক দিতে চান এমটিএর পুনর্বাসনে এবং বাকি অর্ধেক দিয়ে স্বল্প আয়ের মানুষকে অর্ধেক দামে মেট্রো কার্ড কেনার জন্য। হিসাব অনুসারে অর্ধেক দামে মেট্রো কার্ড দিলে সিটির ৮ লাখ স্বল্প আয়ের মানুষ উপকৃত হবেন। ইতিমধ্যেই সিয়াটল, সানফ্রানসিসকো ও বোস্টনে অর্ধেক মূল্যে মানুষকে ট্রানজিট সিস্টেম ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছে।
সহজেই অনুমেয় পুনর্নির্বাচনকে সামনে রেখে মেয়র এই প্রস্তাব করেছেন, যা বাস্তবায়িত হলে মেয়রের জনপ্রিয়তা যে আরও বৃদ্ধি পাবে তাতে কোনো সন্দেহ নেই। তবে মেয়রের এই পরিকল্পনার বাস্তবায়ন হতে হলে আলবেনিতে তা আইনপ্রণেতাদের দ্বারা পাস হতে হবে। প্রশ্ন হলো নিউইয়র্কের স্টেট অ্যাসেম্বলিতে বর্তমানে রিপাবলিকান মেজরিটি বলে ডেমোক্র্যাট মেয়রের এই প্রস্তাব পাস হবে কি না, তা নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছেন।
এদিকে এমটিএর চেয়ারম্যান মেয়রের এই পরিকল্পনার বিরোধিতা করে অবিলম্বেই ৮০০ মিলিয়ন ডলার বরাদ্দের জন্য আবার দাবি জানিয়েছেন। তিনি বলেছেন, মেয়রের প্রস্তাব বাস্তবায়িত হতে বছর খানেক সময় লাগবে। উল্লেখ্য, এমটিএর চেয়ারম্যান ২০১৩ সালে নিউইয়র্কের বর্তমান মেয়র ব্লাজিওর বিরুদ্ধ নির্বাচনে লড়েছিলেন এবং পরে নিউইয়র্ক স্টেট গভর্নর অ্যান্ডু কোমো তাঁকে এমটিএর চেয়ারম্যান পদে নিয়োগ দেন।

ইলেকশন তহবিল সংগ্রহে ব্লাজিও সবার ওপরে
শুধু ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে নয়, তহবিল সংগ্রহেও মেয়র ব্লাজিও অন্য প্রার্থীদের চেয়ে বেশ অনেকটাই এগিয়ে আছেন। মেয়র তাঁর পুনর্নির্বাচন ইলেকশন তহবিল খাতে সিটির প্রচার বোর্ড বা ক্যাম্পিং ফান্ড বোর্ড (সিএফবি) থেকে ২.৫ মিলিয়ন ডলার সংগ্রহ করতে সমর্থ হয়েছেন। নিয়ম অনুসারে কেউ যদি তাঁর নির্বাচনী তহবিলে ১ লাখ ৭৫ হাজার ডলার ওঠাতে পারে তবে মিলিত (ম্যাচিং) তহবিল হিসেবে ক্যাম্পিং ফান্ড বোর্ড এই অর্থ দেবে। আর এই তহবিল সংগ্রহের সময়সীমা হলো ১১ আগস্ট। অন্য কোনো প্রার্থী এত অল্প সময়ে এই অর্থ সংগ্রহ করতে পারবেন বলে মনে হয় না। অন্য মেয়রপ্রার্থীদের মধ্যে শুধু সাল এলবানেস ১ লাখ ২৪ হাজার ডলার সংগ্রহ করতে পেরেছেন বলে ঘোষণা করেছেন। এদিকে মেয়র ১২ সেপ্টেম্বরের প্রাইমারির আগে অন্য প্রার্থীদের সঙ্গে বিতর্কে অংশ নিতে চান বলে টুইট করেছেন। কারণ তাহলেই সাধারণ জনতা প্রার্থীদের নীতি সম্পর্কে ধারণা করতে পারবেন।

ঘুরে আসুন লেক জর্জ
নিউইয়র্ক থেকে মাত্র ২০০ মাইল দূরে, আলবেনি এবং উত্তর নিউইয়র্কের সীমানায় লেক জর্জের অবস্থান। লেক জর্জের আরেক নাম ‘কুইন অব আমেরিকান লেকস’। আপনি সেখানে গেলেই বুঝতে পারবেন এই নামের সার্থকতা। চারদিকে পাহাড়ের মাঝখানে টলমলে পানির লেক, যা ৩২.২ মাইল লম্বা এবং প্রস্থে ১ থেকে ৩ মাইল। পাহাড়ের গা ঘেঁষে লেক, লেকের পানিতে সবুজ পাহাড়ের গাঢ় ছায়া যে কী এক নৈসর্গিক দৃশ্যের অবতারণা করে তা লিখে ঠিক বোঝানো যাবে না। পরিবারের সবাইকে নিয়ে বেড়ানোর জন্য এটি একটি আদর্শ স্থান। গাড়িতে যেতে সাড়ে ৩ থেকে ৪ ঘণ্টা সময় লাগে। বাসে ও ট্রেনে করে যাওয়া যায়। নিউইয়র্ক সিটি থেকে প্রতিদিনই গ্রে হাউন্ড কোম্পানির বাস চলাচল করে। পেন স্টেশন থেকে এমট্রেক ট্রেন লেক জর্জ থেকে ২০ মিনিট দূরত্বে থামে, যেখান থেকে পাবলিক বাসে লেক জর্জে যাওয়া যায়।
লেক জর্জে অনেক কিছুই করার আছে, আগের কালের স্টিম ইঞ্জিনচালিত স্টিমারে করে লেকে ঘোরা যায়। ইচ্ছে করলে নিজেরাও বোট ভাড়া নিয়ে চালাতে পারেন। পাহাড়ে ঘুরে বেড়ানো যায়। বারবিকিউ করার জন্য বিশেষ ব্যবস্থা আছে। পানিতে গোসল করার ব্যবস্থাও আছে। আছে চমৎকার খাবার রেস্টুরেন্ট। থাকার জন্য বাজেটের মধ্যে অনেক হোটেল আছে, অনেক কটেজ আছে, যেখানে নিজেরাই রান্না করে খাওয়া যেতে পারে। বিস্তারিত জানতে http://www.lakegeorge.com ওয়েবসাইটে যেতে পারেন।