ধর্ম প্রচারের সুবিধায় বাংলা শিখলেন তিনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্টেফানি নিউসেড
স্টেফানি নিউসেড

‘আপনি ভালো আছেন?’
বিদেশিনীর মুখে বাংলা শুনে চমকে গেলাম। বাইবেলের বাণী ঘরে ঘরে পৌঁছে দিতে মাঝেমধ্যে অনেকে আসেন বাড়িতে। পথে-ঘাটেও অনেকের সঙ্গে দেখা হয়। এমনকি পাতাল রেল স্টেশনেও। আমার তাদের খুব ভালো লাগে। চলমান দুনিয়ার এত ব্যস্ততার মধ্যে কত নিঃস্বার্থভাবে তারা কাজটা করেন! প্রচণ্ড শীতের মধ্যে সবাই যখন প্রয়োজন ছাড়া ঘর থেকে বাইরে পা দেয় না, তখন তারা ঘরের দরজায় এসে দাঁড়ালেন। এ দেশে সাধারণত পরিচিত ছাড়া কেউ অন্যের বাড়ির দরজায় ‘নক’ করে না। করলেও আগেভাগে ফোন করে তবে আসেন। কিন্তু, তারা আসেন কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই। সেদিনও তেমন দুজন এলেন ঈশ্বরের বাণী নিয়ে। তাদের একজন স্টেফানি। চমৎকার বাংলায় তিনি সম্বোধন করলেন। আরও জানালেন, খ্রিষ্ট ধর্মের বাণী বাঙালির কাছে পৌঁছে দেওয়ার জন্য বাংলা শিখেছেন তিনি।
এই নারীর পুরো নাম স্টেফানি নিউসেড। নিউইয়র্ক নগরে বাস করছেন চার মাস ধরে। আগে ছিলেন আলবেনির কাছে হাডসনে। জানালেন, ‘খ্রিষ্ট ধর্মের বাণী প্রচার করতে গিয়ে আমাদের সংগঠনের নির্দেশে বাংলা শিখেছি। যাতে করে এখানকার বাঙালিদের কাছে পৌঁছানো যায়। আমাদের উদ্দেশ্য কাউকে ধর্মান্তরিত করা নয়। শুধু প্রভুর বাণী সবার কাছে পৌঁছে দেওয়া। যাতে সবার মনে শান্তি আসে।’ স্টেফানি আরও জানালেন, বাংলা শিখতে গিয়ে বেশ কষ্ট করতে হয়েছে আমাকে। খুব কঠিন ভাষা বাংলা। আর আমি ইংরেজি ছাড়া অন্য কোনো ভাষাও জানতাম না। একদম যে টানা শিখেছি, তা নয়। তবে প্রায় ৫ বছর লেগেছে আমার বাংলা ভাষা আয়ত্ত করতে।
স্টেফানি সহজ বাংলা ভাষায় যেকোনো কথা বললে বুঝতে পারেন। তবে একটু কঠিন করে বললে ঘাবড়ে যান। গতকাল আর আগামীকালকেও গুলিয়ে ফেললেন একবার। তবে তার এই চেষ্টা খুব ভালো লাগছিল। একজন মানুষ তাঁর ধর্মের প্রতি কতখানি নিষ্ঠাবান থাকলে কাজটা করতে পারেন। স্টেফানি এসেছিলেন ২৬ ডিসেম্বর বড়দিনের পর। উৎসব কিংবা লৌকিকতা স্টেফানিকে আকর্ষণ করে না। তিনি ভালোবাসেন সাধারণ জীবন। ২০ বছরের বিবাহিত জীবনে তিনি এখনো মা হতে পারেননি। কিন্তু তাতে তিনি মোটেও দুঃখিত নন। পরম প্রভুকে ভালোবেসে সব অবস্থায় শুকরিয়া আদায় করতে ভালোবাসেন তিনি।
স্টেফানি বাইবেলের আদি ধারায় বিশ্বাসী। ঈশ্বরকে তিনি ডাকেন ‘জিওভা’। নিজেদের অভিহিত করলেন ‘জিওভা সাক্ষী’ বলে। এখানে সাক্ষী মানে ‘উইটনেস’। রোমান ক্যাথলিকদের মতো যিশুখ্রিষ্ট ঈশ্বরের পুত্র—এটি বিশ্বাস করে না ‘জিওভা সাক্ষী’ অনুসারীরা। মুসলমান ও ইহুদিদের মতো তাদের ধর্মগ্রন্থ বলে, সৃষ্টিকর্তা এক ও অদ্বিতীয়। শেষ বিচারের আগে যিশু আবার ফিরে আসবেন বলে বিশ্বাস করেন তিনি। যিশুর অলৌকিক ক্ষমতায় মৃত মানুষ জীবিত হতে পারত বলে জানান স্টেফানি। তাঁর মতে, যিশু খ্রিষ্ট এটা করেছেন, যাতে সবাই বিশ্বাস করে তিনি ঈশ্বর প্রেরিত পবিত্র ‍পুরুষ এবং তাঁর এই অলৌকিক ক্ষমতা বলে সবাই যেন তাঁর ধর্মের প্রতি আকৃষ্ট হয়।
বিবাহ-বহির্ভূত সম্পর্ক, একই লিঙ্গের নারী-পুরুষের সম্পর্ককে স্টেফানি ‘অনুচিত’ বলে জানালেন। ‘ঈশ্বর কি সত্যি আমাদের কথা ভাবেন? যদি ভাবেন তবে দেশে দেশে কেন নিরীহ মানুষ অত্যাচারের শিকার হচ্ছে। প্রশ্নের জবাবে স্টেফানি যিশুর বাণী অনুসারে জানালেন, ‘চারদিকে ছেয়ে থাকা দুঃখকষ্টের অর্থ হচ্ছে জিওবা হলেন এমন একজন ঈশ্বর, যিনি কখনো আমাদের ছেড়ে যান না। তিনি সব সময় আমাদের কথা চিন্তা করেন। যারা বলেন, সৃষ্টিকর্তা আমাদের পরীক্ষার জন্য দুঃখ-কষ্ট দিচ্ছে, কিন্তু এটি সত্যি না। তিনি প্রত্যেকটি মানুষকে স্বাধীন ইচ্ছার অধিকারী করে পাঠিয়েছেন।’