ধর্মীয় পোশাক বিল পাস নিউইয়র্কে
‘ধর্মীয় পোশাক বিল’ নামে একটি আইন প্রস্তাব পাস হয়েছে নিউইয়র্ক স্টেট পার্লামেন্টের নিম্নকক্ষে। স্টেট অ্যাসেম্বলিতে ১০৬-১ ভোটে (এ ৪২০৪) পাস হওয়া এ বিল উত্থাপন করেছিলেন অ্যাসেম্বলিম্যান ডেভিড ওয়েপ্রিন। এটি আইনে পরিণত হতে স্টেট সিনেটেও পাস হতে হবে।
বাংলাদেশিদের বন্ধু হিসেবে পরিচিত সিনেটর জন ল্যু বলেছেন, আমেরিকার সংবিধান সব ধর্ম, বর্ণ, গোত্র আর জাতিগোষ্ঠীর অধিকার নিশ্চিত করেছে। সেটি নিউইয়র্ক স্টেটেও সমুন্নত রাখতে হবে। উল্লেখ্য, ৯/১১ এর সন্ত্রাসী হামলার পর কর্মস্থলে হিজাব ও পাগড়ি পরে যাঁরা যেতেন, তাঁদের নানা পরিস্থিতির শিকার হতে হতো। বিমাতাসুলভ আচরণের অভিযোগ রয়েছে অসংখ্য।
২৮ ফেব্রুয়ারি বিলটি পাসের পর আলবেনি পার্লামেন্ট ভবনের সংবাদ সম্মেলন থেকে অ্যাসেম্বলিম্যান ওয়েপ্রিন সব সহকর্মীর প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, এ বিল পাসের মধ্য দিয়ে এটি এখন নিশ্চিত হবে যে, এই স্টেটের কেউই ধর্মীয় পোশাকের কারণে কোনো ধরনের হয়রানির শিকার হবে না।
বিলটি সর্বপ্রথম উত্থাপন করা হয় ২০১১ সালে। ডেভিড ওয়েপ্রিনের উত্থাপিত বিলটি ২০১৩ সাল থেকে প্রতিটি অধিবেশনেই পাস হয়েছিল। কিন্তু স্টেট সিনেটে সেটি উত্থাপিত না হওয়ায় তা আইনে পরিণত করার উপযোগী হয়নি। অ্যাসেম্বলিতে এই বিলের কো-স্পন্সর ছিলেন ব্রুকলিনের অ্যাসেম্বলিম্যান সিমচা আইচেনস্টাইন। আর এই বিলের বিপক্ষে অবস্থান নেওয়া একমাত্র রিপাবলিকান সিনেটর হলেন ক্রিস্টফার ফ্রেন্ডস।