ধর্ষণের দায়ে পুলিশ কর্মকর্তার ২৬৩ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দণ্ড পাওয়া ওকলাহোমা নগর পুলিশের সাবেক কর্মকর্তা ড্যানিয়েল হলৎ্ক্ল (কমলা পোশাক)। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স
দণ্ড পাওয়া ওকলাহোমা নগর পুলিশের সাবেক কর্মকর্তা ড্যানিয়েল হলৎ্ক্ল (কমলা পোশাক)। ছবিটি গতকাল বৃহস্পতিবার তোলা। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রে কর্তব্য পালনরত অবস্থায় চারজন নারীকে ধর্ষণসহ বেশ কয়েকজনকে যৌন নিপীড়নের দায়ে পুলিশের সাবেক এক কর্মকর্তাকে ২৬৩ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, দায়িত্বরত অবস্থায় ধর্ষণসহ অন্য অপরাধ সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় গতকাল বৃহস্পতিবার ওকলাহোমা নগর পুলিশের সাবেক ওই কর্মকর্তাকে কারাদণ্ড দেন আদালত।
দণ্ড পাওয়া পুলিশের সাবেক কর্মকর্তার নাম ড্যানিয়েল হলৎ্জক্ল (২৯)।
ড্যানিয়েলের বিরুদ্ধে ধর্ষণ, যৌন নিপীড়নসহ ৩৬টি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে ১৮টি অভিযোগ প্রমাণিত হয়েছে। গত বছরের ডিসেম্বরে ওকলাহোমা সিটি জুরি ডেনিয়েলকে দোষী সাব্যস্ত করেন। গতকাল দণ্ড ঘোষণা করেন আদালত।
ভুক্তভোগীরা গতকাল আদালতকে বলেন, পুলিশের সাবেক ওই কর্মকর্তা তাঁদের জীবন ধ্বংস করে দিয়েছেন। এরপর জেলা বিচারক টিমোথি আসামির বিরুদ্ধে দণ্ড ঘোষণা করেন।
ভুক্তভোগী এক নারী আদালতকে বলেন, তিনি যেকোনো মূল্যে তাঁর জীবন ফেরত চান। আগের মতো জীবন।
আরেক ভুক্তভোগী নারী বলেন, ড্যানিয়েল যা করেছেন, তা যে একজন পুলিশ কর্মকর্তা করতে পারেন, সেটা চিন্তার বাইরে। তিনি তাঁর প্রাপ্য দণ্ডই পেয়েছেন।
দণ্ড ঘোষণার পর আসামির আইনজীবীরা জানান, রায়ের বিরুদ্ধে তাঁরা আপিল করার পরিকল্পনা করছেন।
মামলার কার্যক্রম থেকে জানা যায়, আসামির বিরুদ্ধে ১৩ জন নারী সাক্ষ্য দিয়েছেন।
২০১৩ সালের ডিসেম্বর থেকে ২০১৪ সালের জুন মাসের মধ্যে একাধিক নারীকে ধর্ষণ ও যৌন নিপীড়ন করেছেন ড্যানিয়েল। অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০১৫ সালের জানুয়ারিতে তাঁকে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ।