ধর্ষণের দায়ে বাবার দেড় হাজার বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজের মেয়েকে চার বছর ধরে ধর্ষণ করার অভিযোগ প্রমাণিত হওয়ায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সর্বোচ্চ আদালত ৪১ বছর বয়সী এক বাবাকে ১ হাজার ৫০৩ বছরের কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে আদালত মন্তব্য করেছেন, ‘এ ধরনের অপরাধ সমাজের জন্য ভয়াবহ।’

আদালত সূত্রের বরাত দিয়ে দ্য গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, ওই ব্যক্তি তাঁর মেয়েকে চার বছর ধরে সপ্তাহে দুই থেকে তিনবার ধর্ষণ করতেন। আদালতে অভিযোগ প্রমাণিত হওয়ায় গত শুক্রবার ক্যালিফোর্নিয়ার আদালত তাদের ইতিহাসে সর্বোচ্চ মেয়াদের কারাদণ্ড দিয়েছেন।

রায় ঘোষণার সময় বিচারক এডওয়ার্ড সারকিসিয়ান বলেন, এই ব্যক্তি সমাজের জন্য ভয়াবহ বিপজ্জনক। আর এটাও প্রমাণিত হয়েছে যে এই ব্যক্তি এই কাজের জন্য মোটেও অনুতপ্ত নন এবং মেয়েটির প্রতি কোনো ধরনের সহানুভূতি দেখাননি।

আদালতের কৌঁসুলি নিকোল গালস্টান মেয়েটির নাম প্রকাশ না করে বলেন, কিশোরী বয়সে মেয়েটি এক পারিবারিক বন্ধুর দ্বারা প্রথমবার যৌন হয়রানির শিকার হয়েছিলেন। এরপর নিজের বাবার দ্বারা সে ধর্ষণের শিকার হন। তিনি আরও বলেন, মেয়েটি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত এই ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যান। এরপর তিনি তাঁর বাবাকে ছেড়ে চলে যেতে সক্ষম হন। এখন তাঁর বয়স ২৩ বছর।

যৌন হয়রানির বিষয়ে জানতে গত সেপ্টেম্বরে গঠন করা একটি জুরিবোর্ডের কাছে আরও অনেকের মতো মেয়েটি অভিযোগ করেন। তিনি বলেন, ‘আমি যখন বাবার দ্বারা নিপীড়নের শিকার হই, তখন আমি ছোট। আমার কোনো ক্ষমতা ছিল না। আমার কিছু বলার ছিল না। আমি ছিলাম একেবারেই অরক্ষিত।’ তিনি বিচারককে বলেন, এমন কাজের জন্য তাঁর বাবা কখনো তাঁর কাছে অনুশোচনা প্রকাশ করেননি।

ওই ব্যক্তিকে নিজের অপরাধ স্বীকার করে নেওয়ার জন্য দুবার সুযোগ দেওয়া হয়েছিল। অভিযোগের প্রাথমিক শুনানির আগে তাঁকে বলা হয়েছিল, তিনি যদি নিজের অপরাধ স্বীকার করে নেন, তাহলে তাঁর ১৩ বছরের কারাদণ্ড হবে। কিন্তু তিনি তা করতে অস্বীকৃতি জানান। এরপর বিচার শুরুর আগে তাঁকে বলা হয়, তিনি অপরাধ স্বীকার করে নিলে ২২ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে। কিন্তু তিনি দ্বিতীয়বারের মতো প্রস্তাব প্রত্যাখ্যান করেন।

বিচারক রায়ে বলেন, এ ব্যক্তি তাঁর কিশোরী মেয়ের জীবনটা ধ্বংস করে দিয়েছেন। মেয়েটিকে এমন একটি পরিস্থিতির মধ্যে ফেলেছেন, যাতে মনে হয়, সে এই পরিস্থিতির জন্য দায়ী। তাই আদালত ওই ব্যক্তিকে দৃষ্টান্তমূলক সাজা দিয়ে রায় ঘোষণা করেন।