ধর্ষণের প্রতিবাদে ওয়াশিংটনে বাংলাদেশিদের মানববন্ধন
নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতন ও সিলেটের এমসি কলেজে তরুণীকে গণধর্ষণসহ সারা দেশে সংঘটিত ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি অব গ্রেটার ওয়াশিংটন ডিসি। স্থানীয় সময় ১১ অক্টোবর দুপুরে ওয়াশিংটনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মোশাররফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন—আলম, জামাল জ্যামি, খালেদ হোসেন, মোস্তাক রহমান, নেসার আহমেদ, বোরহান উদ্দিন ও মো. জামান।
বক্তারা বলেন, দেশে বিচারের দীর্ঘসূত্রতার একটা সংস্কৃতি তৈরি হয়েছে। বর্তমান সময়ে সারা দেশে আশঙ্কাজনক হারে হত্যা ও ধর্ষণের মতো ঘটনা ঘটছে। সুস্থ সাংস্কৃতিক চর্চাই পারে দেশের মানুষের বিবেককে জাগ্রত করতে। এখন প্রয়োজন মানুষের বিবেককে জাগ্রত করা।
বক্তারা আরও বলেন, যারা ধর্ষণের মতো জঘন্য কাজ করছে তাদের সংখ্যা সমাজে খুব বেশি না। তাই সমাজের সবাই যদি এক সঙ্গে অন্যায়-অপরাধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি, তাহলে সমাজ আরও সুন্দর হবে। ধর্ষকদের ফাঁসির দাবি জানিয়ে তাঁরা বলেন, সোনার বাংলায় নারীর প্রতি এই নৃশংস নির্যাতনে আমরা স্তম্ভিত। এই অমানবিক কর্মকাণ্ডের ঘটনা প্রবাসে দেশের সম্মান ক্ষুণ্ন করছে।
মানববন্ধনে আগত অতিথির মধ্যে বক্তব্য রাখেন আইনজীবী লিলি ভো। তিনি বলেন, আমাদের দেশও নারীর প্রতি এ ধরনের সহিংসতা প্রত্যাশা করে না।
বিক্ষোভ ও মানববন্ধন শেষে আগত প্রবাসীদের ধন্যবাদ জানান মোশাররফ হোসেন। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন—বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি অব গ্রেটার ওয়াশিংটন ডিসির উপদেষ্টা জাহিদ খান, আলম, রাজিব চৌধুরী, মো. গাজি প্রমুখ।