ধর্ষণের প্রতিবাদে মিশিগানে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদে মিশিগানে বাংলাদেশিদের মানববন্ধন
ছবি: প্রথম আলো

সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে তরুণী ধর্ষণসহ বাংলাদেশে সাম্প্রতিক ধর্ষণের ঘটনার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৭ সেপ্টেম্বর বিকেলে হ্যামট্রাম্যাক শহরে একটি রেস্টুরেন্টের পার্কিং লটে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মিশিগানপ্রবাসী বাংলাদেশিদের পক্ষে সাবেক ছাত্রনেতা লাল মিয়া ও সমাজকর্মী নাজেল হুদার যৌথ উদ্যোগে এ প্রতিবাদ সভা ও মানববন্ধনের আয়োজন করেন। সভা সঞ্চালনা করেন মোস্তফা কামাল।

সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে তরুণী ধর্ষণের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করে কলেজে নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান বক্তারা

সভায় বক্তারা সাম্প্রতিক সময়ে দেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেন এবং এসব অপকর্মের তীব্র নিন্দা ও প্রতিবাদ করেন। প্রতিটি ধর্ষণের নিরপেক্ষ তদন্ত করে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান তাঁরা। বিশেষ করে সিলেটের ঐতিহ্যবাহী এমসি কলেজে তরুণী ধর্ষণের সঙ্গে জড়িতদের শাস্তি নিশ্চিত করে কলেজে নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জোর দাবি জানান।

সভায় বক্তব্য রাখেন—হ্যামট্রাম্যাক সিটির কাউন্সিলম্যান মো. কামরুল হাসান, এমসি কলেজের সাবেক ছাত্রনেতা মো. ইউসুফ কামাল, কমিউনিটি নেতা মিসবাউর রহমান চৌধুরী, এনটিভির মিশিগান প্রতিনিধি মো. সেলিম আহমেদ, সিটি ডেলিগেট মিনহাজ রাসেল চৌধুরী, মঈনুল হক, মো. বশীর উদ্দিন, মনজুরুল করিম চৌধুরী ও আরমানী আসাদ।