ধাক্কা খেয়ে পেলেন কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী
ছবি এএফপি

লটারিতে অনেকের ভাগ্য খোলে, এটি পুরোনো কথা। তবে ধাক্কায় ভাগ্য খোলে—এটা নতুনই বলা যেতে পারে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এমন ঘটনাই ঘটেছে। তবে এর সঙ্গে লটারি এবং ধাক্কা—দুটোরই সম্পর্ক আছে।

বিষয়টা একটু খোলাসা করা যাক। যুক্তরাজ্যের গণমাধ্যম দ্য গার্ডিয়ান-এর খবরে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার লাকুয়েদ্রা অ্যাডওয়ার্ডস নামের এক নারী ভনস সুপারমার্কেটে গিয়েছিলেন লটারির টিকিট কেনার জন্য। তাঁর ইচ্ছা ছিল ৪০ ডলারের একটি টিকিট কেনার। ক্যালিফোর্নিয়ার টারজানা শহরের ওই সুপারমার্কেটের ভেন্ডিং মেশিন থেকে লটারির টিকিট কেনা যায়। এই টিকিট কেনার জন্য ৪০ ডলার ওই মেশিনে প্রবেশ করিয়েছিলেন তিনি। কিন্তু যখন তিনি ওই মেশিন থেকে টিকিট বের করতে বোতাম চাপতে যাবেন, ঠিক সেই সময় এক ব্যক্তি তাঁকে ধাক্কা দেন। আর এতে ভুল করে ৩০ ডলারের টিকিটের বোতামে চাপ পড়ে যায়। অর্থাৎ ৪০ ডলার টিকিটের বদলে তিনি পান ৩০ ডলারের একটি টিকিট।

যুক্তরাষ্ট্রের লটারির টিকিট কেনার ভেন্ডিং মেশিন থেকে অর্থ ফেরত পাওয়া যায় না। এতে ৩০ ডলার লটারির টিকিট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় লাকুয়েদ্রাকে। তিনি বলেন, ‘ওই ব্যক্তি আমাকে ধাক্কা দিয়ে চলে যায়। এমনকি ধাক্কা দেওয়ার পরও তিনি কিছু বলেননি।’

এখানে বলে নেওয়া ভালো, ভেন্ডিং মেশিন থেকে যে টিকিটগুলো পাওয়া যায়, সেই টিকিটগুলোয় সব নম্বরই গোপন থাকে। টিকিটেই বিজয়ীর নম্বরও থাকে। এই নম্বর স্ক্র্যাচ করে বের করতে হয়।

লাকুয়েদ্রা জানান, তিনি গাড়ি চালানোর সময়ই টিকিট স্ক্র্যাচ করেন এবং পেয়ে যান কাঙ্ক্ষিত পুরস্কার। এই পুরস্কার পেয়ে গাড়ি দুর্ঘটনার কবলে পড়তে যাচ্ছিলেন তিনি। কারণ, তিনি বিশ্বাস করতে পারছিলেন না যে তিনি পুরস্কার জিতেছেন। লাকুয়েদ্রা বলেন, ‘আমি এখনো ঘোরের মধ্যে আছি।’ তিনি বলেন, ‘আমি ধনী!’

সত্যিকার অর্থেই লাকুয়েদ্রা এখন ধনী। কারণ, এই টিকিট থেকে তিনি জিতেছেন এক কোটি মার্কিন ডলার। এই অর্থ দিয়ে একটি বাড়ি কিনবেন তিনি। আর অর্থের একটি অংশ দিয়ে অলাভজনক সংগঠন খুলবেন। এ ছাড়া ৫০ হাজার ডলার দেবেন সেই ভনস সুপারমার্কেটকে। কারণ, তাদের ভেন্ডিং মেশিন থেকে টিকিট কেনায় তিনি পুরস্কার জিতেছেন।

ক্যালিফোর্নিয়া লটারি নামের একটি প্রতিষ্ঠানের টিকিট কিনে এই পুরস্কার জিতেছেন লাকুয়েদ্রা।