চলতি বছরে মার্কিন প্রবৃদ্ধি আগের পূর্বাভাসের চেয়ে কম হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। চলতি বছর আমেরিকায় অর্থনৈতিক প্রবৃদ্ধি ২ দশমিক ৩ শতাংশ হবে বলে আগে পূর্বাভাস দিলেও ২৪ জুলাই তা হালনাগাদ করে ২ দশমিক ১ শতাংশ হবে বলে জানিয়েছে আইএমএফ। যদিও এ বছর বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস আগের সাড়ে ৩ শতাংশেই স্থির রাখা হয়েছে।
আইএমএফকে উদ্ধৃত করে সিএনএন জানিয়েছে, নতুন পূর্বাভাসে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি অপরিবর্তিত থাকলেও মার্কিন প্রবৃদ্ধি কম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মূলত নতুন প্রশাসনের গৃহীত বিভিন্ন নীতির কারণে সৃষ্ট অনিশ্চয়তাই এর পেছনে মূল কারণ। এ ছাড়া অর্থবছরের প্রথম তিন মাসে দেশটিতে অর্থনৈতিক কর্মকাণ্ড সন্তোষজনক পর্যায়ে পৌঁছাতে পারেনি। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আগের বছরের একই সময়ের তুলনায় দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ছিল ১ দশমিক ৪ শতাংশ।
নির্বাচনী প্রচারণার সময় বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার অর্থনৈতিক প্রবৃদ্ধি ৪ শতাংশে উন্নীতের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এখন পর্যন্ত এ প্রবৃদ্ধি অর্জনের পথে খুব কমই অগ্রসর হতে পেরেছেন ট্রাম্প। অর্থনীতিবিদদের মতে, ট্রাম্প প্রশাসনের গৃহীত নীতির কারণে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এ ছাড়া মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের বিষয়টিকে ঘিরে সৃষ্ট সংশয়ও এ অনিশ্চয়তা তৈরির পেছনে ভূমিকা রাখছে।
আইএমএফের পূর্বাভাসমতে, ইউরোপের অধিকাংশ দেশে আগের অনুমানের তুলনায় বেশি প্রবৃদ্ধি অর্জনের সম্ভাবনা থাকলেও আমেরিকার মতোই যুক্তরাজ্যেও তা কমার আশঙ্কা রয়েছে। গত এপ্রিলে দেওয়া সর্বশেষ পূর্বাভাসে যুক্তরাজ্যের প্রবৃদ্ধি ২ শতাংশ হবে বলা হলেও সাম্প্রতিক পূর্বাভাসে তা কমিয়ে ১ দশমিক ৭ শতাংশ করা হয়।