ধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িতে এখন কেউ নেই, আমি একা। বাবা কাজে আর মা মিনিট পাঁচেক আগে বেরিয়ে গেছে। যাওয়ার আগে আমার ঘরের ভেজানো দরজার ওপাশ থেকে উঁচু গলায় বলে গেছে, খেয়ে নিয়ো, আমার আসতে দেরি হবে। হাতের ফোনে দেখি বিকেল পাঁচটা। শীত আসন্ন, কয়েকদিন পরে, এ সময়টাকেই বলা হবে সন্ধ্যা উত্তীর্ণ। হোম ওয়ার্ক বেশি ছিল না, বিকেলেই শেষ। ডেস্ক ছেড়ে উঠি। কিছু খাব, কিচেনের দিকে পা বাড়াই।
আমার ঘর থেকে কিচেনে যাওয়ার করিডর প্রায় অন্ধকার। আলো জ্বালব? না থাক। দশপা’র মতো লম্বা করিডর শেষে বাঁপাশে লিভিং রুম আর ডানপাশে বিশাল দেয়াল থেকে ফ্লোর পর্যন্ত কাচের দেয়াল। আয়নার দেয়াল, বাবা-মার ঘরের। আয়নাটা ঘরকে অনেক বড় করে দেয়। যতবার এই আয়নার পাশদিয়ে যাই, শুধু মুখ না, দেখি আমার সমস্তটা।
আজও আয়নায় মুখ ফেলি। দেখি, আমি তাকিয়ে আছি আমার দিকে। আমার মুখশ্রী সুন্দর, সবাই বলে। এ জন্য আমার মনের মধ্যে ভালো লাগার কোনো জাগরণ হয় না। এই নিয়ে অন্য কোনো ভাবনারও দখল নেই, উন্মেষও নেই। আজ অল্প আলোতেও দেখি, আয়নার উল্টোদিকের লিভিং রুমের জানালায় আমাদের পাড়ার প্রাক সন্ধ্যার সাড়া নিশপিশ করছে। আমি অনুভব করি, সমস্ত পৃথিবী এখন নির্জন। নির্জনতা আমার ভালো লাগে, কেবল ভালোই লাগে না, নিঃসঙ্গ নির্জনতার চরাচরেই আমার বাঁচার সকল আঁশ। হঠাৎ পাওয়া এই নির্জনতার অনুভবে আমি যারপরনাই নাই আনন্দিত হই। অনুভব করি এই আনন্দ-পল আমার বুকে পল পল বিশাল হচ্ছে। এইরকম নির্জনতার অখণ্ড আগমন সহজে হয় না, আজ হলো।
দেখি, কাচটা হঠাৎ আলোর বন্যায় জ্বল জ্বল করছে। আমি আমার মুখ দেখছি না, আমার শরীর জুড়ে আত্ম হয়ে উঠেছে আরেকটি মানুষ, আমারই বয়সী, যেন আরেকটি আমি। অশান্ত চোখমুখ তার দ্যুতিময়, আমার দিকে অপলক তাকিয়ে আছে। আমি কারও চোখে সরাসরি তাকাই না, একবার দেখে নিয়ে আর দেখার ঝুঁকি নিই না। একের অধিক দেখায় আমি মানুষটির প্রতি আগ্রহ হারিয়ে ফেলি। আমার বিশ্বাস এই যে, এক ঝলক দেখেই আমি মানুষকে চিনে নিতে পারি। চেনা মানুষকে আরও চেনার কিছু বাকি থাকে না।
দেখি, মানুষটি, আমার দিকে এগিয়ে আসছে। আরও কাছে আসছে। মুখে হাসি, প্রসারিত ও বিশ্বস্ত। আমার দৃষ্টি দূরে বা সর্বত্র দৃশ্যগন্ধময়তার অতীত কোনো ছবির অন্তর্ভুক্তি কামনা করছে। এরই মধ্যে উপলব্ধি করি, মানুষটি আমার স্পর্শের নৈকট্যে। আমার কখনই কোনো স্পর্শ ভালো লাগে না। শুধু ভালো লাগে না তা না, আমি যখনই এ রকম সম্ভাবনার সম্মুখীন হই, তখনই, এই পরিস্থিতি থেকে অন্তর্হিত হই। মা, আমি এত বড় হয়েছি, স্কুলে সিনিয়র, দুদিন বাদেই কলেজে যাব, তবু যখন-তখন জড়িয়ে ধরে গালে চুমো খায়। আমি এক ঝটকায় সরে যাই, সেই ছোটবেলা থেকেই, তবু মা এটা করবেই করবে। মা বলে, একটু তো আদর করছি, এও না? আমি কোনো উত্তর দিই না, হাতের তালু দিয়ে গাল মুছে মার সঙ্গে একহাত দূরত্ব রচনা করি। বাবা আশপাশে থাকলে বলেন, ও পছন্দ করে না, ওকে না ছুঁলেই পার? মা গুমরে উঠে বলেন, আমার পেটের মেয়ে, একটু আদরও করতে পারব না?
আদর করতে মানা করছে কে?
মেয়েকে একটু চুমু খেতে পারব না?
তুমি তো জানো, টুম্পা এসব—
আমি সরে যাই। আমার ঘরে গিয়ে দরজা বন্ধ করি। এ রকম রোজ রোজ। ঘরে আমি একা একা স্বাধীন সচ্ছতায় স্বেচ্ছাচারী হয়ে উঠি, দেয়ালে মার মুখচ্ছবি নড়চড় করে, আমি সাড়া দেয়ালে চোখ দুটোকে পরিশ্রান্ত করে তুলি, বলি, তুমি আমাকে চুমু খেও না মা। আবার বলি তুমি আমাকে চুমু খেওনা মা। অনেকবার বলি। একসময় দেখি মার মুখটা সরে গেছে, আর নেই। আমি টেবিলে নত হই, দেখি তাক করে রাখা বইয়ের একটি বই বাইরে সরে গেছে, আমি ঠিক করে রাখি। এতে আমি স্বস্তি ও আরাম পাই।
আমি দেখি মানুষটি আমার একেবারে গা-ঘেঁষা কাছে এসে দাঁড়িয়েছে। আমি একপা পেছনে যাই। শুনি, মানুষটি বলছে, আমি সব জানি। তারপর আবার বলল, আমি সব জানি। আমার এই কাছাকাছিটা ভালো লাগল না। টের পেলাম আমার বেশ খিদে পেয়েছে, কিছু খেতে হবে। আমি কিছু খাব বলেই কি ঘর থেকে বের হয়েছি? আমি একটু ভাবলাম, কিন্তু কিছুই মনে করতে পারলাম না। আমি কিচেনে যাই। ঝুড়িতে দেখি একটি আপেল পড়ে আছে। ‘ফুজি’ হবে। এটা আমার প্রিয়। আপেলটা হাতে তুলে নিই। দেখি আপেলের এক পিঠে একটি কাল দাগ। ছোট্ট। আমি সিঙ্কে আপেলটা ধুই। দাগটা গেল না। আপেলটা ঝুড়িতে রেখে দিই। ঝুড়িটা কাউন্টারটপে ঠিক করে রাখা না, আমি ঠিক করে রাখি। কি খাব ভাবছি। কুকি? না, হাতে, ঠোঁটে গুঁড়ো লাগবে। আমি কিচেন থেকে ডাইনিং রুমে আসি। বাবার চেয়ারটা টেবিল থেকে আলগা হয়ে আছে, আমি ঠিক করতে যাব, শুনি মা ঢুকছে সামনের দরজা খুলে। আমি লিভিং রুমের দিকে একটু এগিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকি। আমাকে লক্ষ্য করে মা বলল, খেয়েছ কিছু? আমি কোনো উত্তর দিলাম না। এসবের উত্তর সব সময় কি দিতে হয়? এসব তো নিত্যদিন আর প্রতিপ্রহরের প্রশ্ন। এসব প্রশ্নে কোনো আকস্মিকতা নেই, জানা প্রশ্ন, জানা প্রশ্নের উত্তরের কোনো অপেক্ষা থাকে না এই আমার চিরকালের সিদ্ধান্ত। এরচে’ নির্লিপ্ততা শ্রেয়।
আমি অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম। কেন, জানি না। মা কিচেনের ফ্লোরে গ্রোসারি রেখে আমার সামনে এসে বলল, চুলটাও বাঁধনি? আমি কিছু না বলে আয়নার পাশ দিয়ে আমার ঘরের দিকে এগিয়ে যাই। পেছনে মা বলছে, এত বড় হয়েছ, তবু—।
আমি প্রায় রোজ শুনি, মা বলছে, টুম্পা তুমি বড় হয়েছ, তবু—। আমার ঘর থেকে শুনতে পাই, টিভি দেখার ফাঁকে ফাঁকে, মা বাবার দীর্ঘশ্বাস। রোজ রোজ এককথা, মেয়েটার কোনো বন্ধু নেই। আজকাল বলছে, কলেজের ডরমে একা একা থাকবে কী করে?
ধারে কাছের কোনো কলেজে গেলেই হবে, বাবা যোগ করে বলে, বাড়ি থেকে যাবে। ও একা একা সামলাতে পারবে না।
এত ভালো রেজাল্ট করছে টুম্পা! মার গলা যুগপৎ মন্ত্র তুষ্ট আর ভাঙা, আইভি লীগে যাবে না? তারপর ফুঁপিয়ে ফুঁপিয়ে টানা কান্না তার। বাবা বলেন, টুম্পা লাখে একজন। আমি বইয়ের পাতায় দেখি বিড় বিড় করে মুখোমুখি হচ্ছে সময় তার আদি আর অন্ত নিয়ে, আমি দাঁড়িয়ে আছি সেই চিরন্তন সময়ের সেতুর ওপর, আর অনুভব করি আমি প্রবহমান বিশুদ্ধ নিঃসঙ্গ নির্বান্ধব নির্জনতায়।
মায়ের কাছ থেকে সরে এসে আয়নার সামনে দাঁড়াই। চোখ ফেলি, না মানুষটা নেই। আমি আমার ঘরে ফিরে যাই।
পরদিন আমার ঘুম ভাঙে সেল ফোনের রিং শুনে। মার ফোন।
উঠেছ?
‘না।’ আমি উত্তর দিই।
এত দেরি করছ কেন মা? কিছু খেয়ে নাও। আমি কিছু বললাম না। শুনি মা বলছে, শরীর খারাপ করবে যে, লক্ষ্মী মা! মার গলায় এত মমতা ঝরল!
‘আচ্ছা।’ আমি বলি।
আমরা একটু পরেই ফিরছি। মা বলল।
তোমরা কোথায়? এটা আমি কখনোই করি না, এইরকম প্রশ্ন করে জানতে চাওয়া। যার যেখানে যাওয়ার যাবে। আমি নিজেও চাই না আমাকে কেউ এসব নিয়ে প্রশ্ন করুক। এমনিতেই কত কত প্রশ্ন সবার মনে। সবার মনেই কি অনেক প্রশ্ন থাকে? জানি না। কিন্তু আজ ফস করে মুখ থেকে বেরিয়ে গেল। জিজ্ঞেস করেই কেমন একটা অচিন অনুভব আমাকে গ্রাস করল! জীর্ণ আর মলিন, সংকটের মতো আত্মঘাতী আঁটাআঁটি, প্রশ্নটি আমার মগজকে মুহূর্তেই নিষ্ক্রিয় করে দিল। আমি এই অসহায়তার মধ্যেই শুনছি, মা বলছে, ডাক্তারের কাছে এসেছি। এইতো ফিরছি।
আমি বিছানা ছেড়ে বাথরুমে ঢুকি। টুথপেস্টের গ্লাসটায় দেখি আমার টুথপেস্ট নেই, আমি বাথরুমের কেবিনেট খুলি, না সেখানেও নেই। আমার টুথপেস্ট কখনো স্থানচ্যুত হয় না, আমার কোনো জিনিসই হয় না, আমি আমার সবকিছু ঠিক ঠিক জায়গায় রাখি। সকাল সকাল আমার সব তছনছ হয়ে গেল। আমি কী করব বুঝতে পারলাম না। এই সাতসকালের বিপন্নতা আমাকে বিপর্যস্ত করে তুলল। আমি কাঁপতে লাগলাম। কাঁপতে কাঁপতে আমি অনর্গল বলতে লাগলাম, আমার টুথপেস্ট নাই, আমার টুথপেস্ট নাই। বলতে বলতেই দেখি, আমার চোখের সামনের আয়নায় একজন মানুষের মুখ। সেই মানুষের মুখ, গতকাল বিকেলে বড় আয়নায় দেখেছি। মাথায় ঘন চুল, ঠোঁটের ওপর পুরো গোঁফ, স্বতঃস্ফূর্ত চোখ। কিছুক্ষণ সামনের দিকে তাকিয়ে থেকে সে আমার দিকে আসছে। আমি মানুষটির আগমন প্রত্যক্ষ করছি। সে আসছে। আমি অনুভব করি, সে অনেকক্ষণ ধরে একটু একটু করে আমার দিকে একটি সরলরেখায় সংযোগ রক্ষা করে করে এগোচ্ছে। দীর্ঘ পথ ছোট হতে হতে আমার নিশ্বাস সংলগ্ন হলো। আমি আরও কাঁপতে থাকি। প্রচণ্ড কাঁপতে থাকি।
একসময় শুনি বাবা-মার গলা, তারা ফিরেছে? শুনি, বাবা মাকে বলছে, আর যাব না।
কেন? মার প্রশ্ন।
এতে কোনো লাভ হবে না। বাবা বলল।
হবে, মানুষ স্রিঙ্কের কাছে যায় কেন?
আমি কাঁপছি আর শুনছি। বাবা বলছে, এতে টুম্পার তো আর কিছু লাভ হবে না।
আমি বাথরুম থেকে বেরিয়ে এসে বলি আমার টুথপেস্ট নাই, আবার বলি আমার টুথপেস্ট নাই, বারবার বলি। মা ছুটে আমার কাছে এল, আমি সরে গিয়ে চিৎকার করি, আমার টুথপেস্ট নাই। মা আমাকে বলল, এইতো আনছি, আমি ভুলে গেছি রেখে দিতে, বলেই দ্রুত বেসমেন্টে যেতে যেতে বলতে লাগল, এইজন্যেই লাগবে স্রিংকের কাছে যেতে, আমাদের ভালো থাকতে হবে, ওকে দেখবে কে?
আমি আমার ঘরে ঢুকে দেখি, মাথার বালিশ ঠিকঠাক রাখা হয়নি, একটু তেরছা হয়ে আছে, আমি বিছানায় বালিশ ঠিক করে রাখি।
আজ সকালে বাড়িতে কোনো সাড়া নেই। বাবা-মা ঘুমোচ্ছে, আন্দাজ করি। এই একটি দিন দুজনেই দেরি করে ঘুম থেকে ওঠে। তাই রোববার সকাল আমার প্রিয়। আমি সারা সকাল পুরোপুরি নিঃশব্দ নির্জন বাড়িতে একা একা অনন্য এক স্বস্তি মূলে মুখর থাকি। অনেকক্ষণ গান শুনেছি, আরিয়ানা গ্রান্দের। মা আমাকে বছরখানেক আগে ওর একটি কনসার্টে নিয়ে গিয়েছিল। বাবাও ছিল। সেদিন আমি মাকে বারবার বলছিলাম কী সুন্দর গায়, কী সুন্দর গায়। মা বাবারও খুব ভালো লেগেছিল। আজ তার গান শুনতে শুনতে সেদিনের কথা মনে পড়ছিল। আমি গুন গুন করতে পারি না। কি করলে মনে হবে যে আমি গুন গুন করছি? আমি ঘর ছেড়ে লিভিং রুমে যাই। ঝক ঝক করে আলো এসে ঘরময় ছড়িয়ে পড়ল। ছড়িয়ে পড়ল আয়না-দেয়ালেও। সেই আলোয় আজও দেখি সেই মানুষটি দাঁড়িয়ে আছে। আমি আয়নার একেবারে কাছাকাছি যাই। মানুষটি সেদিনের মতো আমার কাছে আসছে। কাছে এসে আমার মুখোমুখি হলো। আমি অনুভব করি, আমি কেঁপে উঠছি। কেন কেঁপে উঠছি, জানি না। মনের ভেতর একটি বিরল তাগিদ তিরতির করে আমার জন্য প্রয়োজনীয় হয়ে উঠছে, আমি অনুভব করি। সেই তাগিদেই আমি আমার নিশ্বাসের স্তরে দাঁড়িয়ে থাকা মানুষটির চোখের দিকে তাকাই। এর আগে আমি কারও চোখের দিকে সরাসরি কখনো তাকিয়েছি বলে মনে পড়ছে না। দেখি সামনের মানুষটির দৃষ্টি অনড়, সোজা, যোজন দূরত্বে পড়ে আছে। দেখি, মানুষটি আরও কাছে আসছে, আমার ঠোঁট-স্পর্শী দূরত্বে এসে সেও কাঁপছে। আমি মুহূর্তেই পেছনে সরে যাই। আমি আয়নার প্রখর রোদে দেখি মানুষটি বলছে, তুমি আমার নির্জন পৃথিবীতে এসো, তুমি আমার নির্জন পৃথিবীতে এসো, বারবার এক লয়ে, অনর্গল একটানা কণ্ঠস্বরে।
আমি একপা দু’পা করে পেছনে যেতে যেতে আমার ঘরে নিক্ষিপ্ত হই। আমার কান্না পেল। কান্না এল না। আমি কাঁদতে জানি না।