ধূমপান ডিএনএতে শত শত পরিবর্তন ঘটায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধূমপান মানবদেহের ডিএনএতে শত শত পরিবর্তন ঘটায়। ধূমপান ছেড়ে দিলেও জিনে এই পরিবর্তন স্থায়ীভাবে থেকে যায়। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের একদল বিজ্ঞানীর যৌথ গবেষণায় এমনটি বলা হয়েছে।
যুক্তরাজ্যের কেমব্রিজশায়ারের ওয়েলকাম ট্রাস্ট স্যাঙ্গার ইনস্টিটিউট এবং যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর লস আলামোস ন্যাশনাল ল্যাবরেটরির বিজ্ঞানীদের গবেষণা প্রতিবেদনটি সায়েন্স সাময়িকীতে ছাপা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, টিউমারের হাজারো জিনোমের ক্রমবিন্যাস পর্যালোচনা করে দেখা গেছে, দিনে ২০ বার ধূমপান করেন এমন ব্যক্তির ফুসফুসের প্রতিটি কোষে প্রতিবছরে গড়ে ১৫০ পরিবর্তন ঘটে। ওই ব্যক্তি ধূমপান ছেড়ে দিলেও এসব পরিবর্তন স্থায়ীভাবে অটুট থাকে।
গবেষণায় বলা হয়, দিনে এক প্যাকেট সিগারেট খেলে প্রতিটি ফুসফুস কোষে প্রতিবছর গড়ে ১৫০, স্বরযন্ত্রের কোষে ৯৭, মুখের কোষে ২৩, মূত্রাশয়ের কোষে ১৮ ও যকৃতের কোষে ৬ ধরনের পরিবর্তন হয়।
যৌথ গবেষণার প্রধান স্যার মাইক স্ট্র্যাটোন বলেন, কোষে যত বেশি পরিবর্তন হতে থাকবে, তত বেশি স্বাভাবিক কোষ ক্যানসার কোষে রূপান্তরিত হওয়ার ঝুঁকি বেড়ে যাবে।