ধূমপান থামাতে বলায় বাস ছিনতাই!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাসে ধূমপান করছিলেন এক নারী। বাসের চালক তাঁকে ধূমপান করতে বারণ করেন। কিন্তু এতে রেগে গিয়ে চিৎকার শুরু করেন ওই নারী। শুধু তাই না, বাসের চালককে জোর করে আসন থেকে সরিয়ে নিজেই গিয়ে বসেন চালকের আসনে। তারপর মনের সুখে চালাতে শুরু করেন ওই বাস।

তবে শেষ পর্যন্ত ওই নারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। খবর দ্য ইন্ডিপেনডেন্ট ইউকের।

স্থানীয় গণমাধ্যমে বলা হয়েছে, ওই নারীর নাম চ্যারিটা হেডলি (৩৪)। হেডলি নিউইয়র্কের সাবেক বাসচালক। গত জুলাইয়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়।

নিউইয়র্ক পোস্টের খবরে বলা হয়েছে, অননুমোদিতভাবে বাস চালানোর জন্য হেডলির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হবে।