ধেয়ে আসছে 'ইরমা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝড় মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বাসিন্দারা। ছবি: রয়টার্স
ঝড় মোকাবিলার প্রস্তুতি নিচ্ছেন ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের বাসিন্দারা। ছবি: রয়টার্স

ক্যারিবীয় দ্বীপপুঞ্জ ও যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইরমা। খুব অল্প সময়ের মধ্যে এই ঝড় আঘাত হানবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, এটি আটলান্টিক মহাসাগরে সৃষ্ট এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ঝড়। মাত্র কদিন আগেই যুক্তরাষ্ট্রের টেক্সাস উপকূলে আছড়ে পড়ে ঘূর্ণিঝড় হারভে। গত ১৩ বছরের মধ্যে আঘাত হানা ঘূর্ণিঝড়গুলোর মধ্যে হারভে ছিল সবচেয়ে ভয়াবহ। তবে হারভের ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে না উঠতেই আরেকটি ঘূর্ণিঝড় ধেয়ে আসছে।

আজ বুধবার যুক্তরাষ্ট্রের ঘূর্ণিঝড় পূর্বাভাস কেন্দ্র থেকে বলা হচ্ছে, নতুন ঘূর্ণিঝড় ইরমা পূর্বসূরি হারভের থেকেও বেশি শক্তিশালী। এটি ক্যাটাগরি ৫ ঘূর্ণিঝড়, যার বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৯৫ কিলোমিটারেরও বেশি। ঘূর্ণিঝড় হারভের ক্যাটাগরি ছিল ৪ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ২০৯ কিলোমিটার।

এখন পর্যন্ত ঘূর্ণিঝড় ইরমার গতিপথ হলো এটি লিউয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত করে পুয়ের্তো রিকো এবং ডমিনিকান প্রজাতন্ত্রের দিকে অগ্রসর হবে। ফ্লোরিডার বাসিন্দারের জরুরি ভিত্তিতে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার। আজ পর্যটকদের এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

ক্যারিবীয় দ্বীপপুঞ্জেও হাজার হাজার মানুষকে ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরানো হয়েছে। খাবার, পানি ও জরুরি পণ্য নিশ্চিত করা হয়েছে। তারপরও ইতিমধ্যে বেশ কিছু জায়গায় জরুরি পণ্যের সংকট দেখা দিয়েছে। কয়েকটি দ্বীপের বিমানবন্দর ও পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। প্রয়োজনে অন্যদের আশ্রয় দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডা, পুয়ের্তো রিকো ও ভার্জিন দ্বীপপুঞ্জে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। প্রয়োজনীয় ত্রাণ তৎপরতা অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।