ধোঁয়ায় দম আটকে একজনের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের একটি সাবওয়েতে ধোঁয়ায় দম আটকে এক নারী মারা গেছেন।
আজ মঙ্গলবার বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, গতকাল সোমবার সন্ধ্যার ব্যস্ত সময়ে এ ঘটনা ঘটে।
ওয়াশিংটন মেট্রোপলিটন এরিয়া ট্রানজিট অথরিটির এক মুখপাত্র এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
ওয়াশিংটন পোস্টের খবরে জানানো হয়, এ ঘটনায় বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন। তাঁদের হাসপাতালে নেওয়া হয়েছে। দুজনের অবস্থা গুরুতর।
ওয়াশিংটনের এল’এনফ্যান্ট প্লাজা সাবওয়ে স্টেশন ঘন ধোঁয়ায় পরিপূর্ণ হয়ে যায়। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জরুরি সহায়তাকর্মীরা ধোঁয়ায় আচ্ছন্ন যাত্রীদের উদ্ধার করে অক্সিজেন দেন।
ধোঁয়ার উৎস সম্পর্কে স্পষ্ট কোনো তথ্য জানাতে পারেনি কর্তৃপক্ষ। ঘটনার তদন্ত করছে দেশটির জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড।
স্টেশনটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।