স্যান্ডির মতো প্রাকৃতিক দুর্যোগ
ধ্বংসযজ্ঞ থেকে নিউইয়র্ককে রক্ষায় প্রতিরক্ষামূলক ব্যবস্থা জরুরি

স্যান্ডির মতো ঝড়ে সৃষ্ট উত্তাল ঢেউয়ের ক্ষয়ক্ষতি থেকে নিউইয়র্ক নগরকে নিরাপদ রাখার ব্যবস্থা এখনো পর্যাপ্ত নয়। এ জন্য প্রতিরক্ষামূলক–ব্যবস্থা তৈরি করা জরুরি বলে বিশেষজ্ঞরা অভিমত ব্যক্ত করেছেন।
পরিবেশবিদদের মতে, স্যান্ডির মতো হারিকেন, পানির উচ্চতা বৃদ্ধি ও অন্যান্য প্রাকৃতিক কারণে সমুদ্রের উত্তাল ঢেউ নগরে ঢুকে পড়ার ঝুঁকি থেকে নিউইয়র্ক নগরকে রক্ষা করতে প্রাচীর বা প্রতিবন্ধকতা নির্মাণ জরুরি। এ উদ্দেশ্যে নগর কর্তৃপক্ষ বড় দেয়াল বা বালিয়াড়ি নির্মাণ করলেও ন্যাশনাল ইনস্টিটিউট অব কোস্টাল হারবর ইনফ্রাস্ট্রাকচারের প্রেসিডেন্ট বিল গোল্ডেন বলেন, সমুদ্র উপকূল এখনো ঝুঁকির মুখে।
সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে উচ্চ প্রযুক্তি কাঠামো নির্মাণের প্রতি কর্তৃপক্ষের মনোযোগ আকর্ষণে বিল গোল্ডেন তাঁর সহযোগীদের নিয়ে ১০ অক্টোবর সমুদ্রে যায়। পোর্ট অথোরিটি, মেট্রো পলিটন ট্রান্সপোর্ট (এমটিএ), ম্যানহাটন বোরো প্রেসিডেন্ট গেইল ব্রিউয়ারসহ অন্যান্য পরিবেশবাদী গোল্ডেনের সহযোগীরা নৌকায় করে উপকূলীয় বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। এসব এলাকা ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়।
গোল্ডেন বলেন, নিউইয়র্ক নগর এলাকায় স্যান্ডির জটিল প্রতিকূল প্রতিক্রিয়া অনুধাবনযোগ্য। জলোচ্ছ্বাস রোধে প্রতিবন্ধকতার প্রস্তাব বেশ কয়েক বছর আগেই উঠেছিল। এ প্রস্তাবে উপকূলের চারটি জায়গায় জলোচ্ছ্বাস প্রতিরোধক স্থাপনের পরামর্শ দেওয়া হয়। এই জায়গাগুলো হচ্ছে স্যান্ডি হুক, নিউজার্সি ও রকওয়ের মধ্যবর্তী আউটার হারবর গেটওয়ে, কুইন্স ও ব্রুঙ্কসের মধ্যবর্তী ইস্ট রিভার, ইস্ট রকওয়ে ও দ্য জোন্সে ইনলেট।
এসব জায়গায় কংক্রিটের কাঠামো নির্মিত হবে এবং এগুলো সমুদ্রের তলদেশে প্রতিস্থাপন করা হবে। লোহার কবজা নির্মিত গেটের প্রতিটি কাঠামো পানি থেকে ৯২ ফুট ওপরে উঠে ঝড় কিংবা জলোচ্ছ্বাসের সময় উপচে পড়া পানি প্রবেশে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।
স্টোনি ব্রুক ইউনিভার্সিটির সমুদ্র তত্ত্ববিদ্যার অধ্যাপক ম্যালকম বোউম্যান বলেন, এসব ফটক ৯৯ দশমিক ৯ শতাংশ সময়ে খোলা থাকবে।
স্যান্ডি-পরবর্তী অন্যান্য প্রকল্পের মতো সমুদ্র ঢেউ প্রতিবন্ধকতা তৈরির প্রকল্প অবহেলার শিকারে পরিণত হয়েছে। গোল্ডেনসহ অন্য বিশেষজ্ঞরা মনে করেন, এ কাজের ব্যাপারে সময় ক্ষেপণের আর কোনো সুযোগ নেই।
দুই ঘণ্টাব্যাপী নৌভ্রমণে বিশেষজ্ঞরা কিছু স্পর্শকাতর এলাকা চিহ্নিত করেছেন যেগুলোতে প্রকল্পানুযায়ী প্রতিবন্ধকতার কাজ দ্রুত শেষ হওয়া জরুরি। এসবের মধ্যে রয়েছে সাউথ স্ট্রিট সিপোর্ট, হবোকেন, ব্রুকলিন ব্রিজ পার্ক রেড হুক, ইলিজ আইল্যান্ড এবং লিবার্টি আইল্যান্ড।
বোউম্যান বলেন, নগরের উপকূলীয় এলাকার সমুদ্রের পানির উচ্চতা ও তরঙ্গায়িত ঢেউ-সংক্রান্ত সমস্যা সমাধানের সময় পরিবেশের প্রতি হুমকির বিষয়গুলোর প্রতি মনোযোগী হতে হবে। এ শতাব্দীর শেষের দিকে নিউইয়র্ক নগরের চারপাশে সাগরের পানির উচ্চতা ছয় ফুট উঁচু হতে পারে।
অন্যদিকে রিজওনাল প্ল্যান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বব ইয়ারো মনে করেন, ‘স্যান্ডির মতো কোনো ঝড় প্রতি ৫০০ বছরে একবার হওয়ার কথা। কিন্তু বর্তমানে ধারণা করা হচ্ছে, এ ঝড় প্রতি ২৪ বছরেও হতে পারে। তাই আমাদের এখনই পরিকল্পনা তৈরি করতে হবে।’
গোল্ডেন ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো সমস্যা সমাধানে ভূমিকা রাখার জন্য নিউইয়র্ক নগর, নিউইয়র্ক অঙ্গরাজ্য ও ফেডারেল প্রশাসনকে জড়িত করার আহ্বান জানান। তিনি বলেন, নিউইয়র্ক গভর্নরের দপ্তর ইতিমধ্যেই এই প্রস্তাব অনুমোদন করেছে।