নওগাঁর প্রত্যন্ত গ্রামে শিক্ষা প্রসারে মুকুলের ব্যতিক্রমী প্রয়াস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনোয়ার-উল-ইসলাম মুকুল
আনোয়ার-উল-ইসলাম মুকুল

আমেরিকার স্থায়ী বাসিন্দা আনোয়ার-উল-ইসলাম মুকুল। কিন্তু নিজের জন্মস্থান নওগাঁর মিরাট গ্রামকে ভুলে যাননি তিনি। আর তাই নওগাঁর এ প্রত্যন্ত গ্রামের শিশুদের মধ্যে শিক্ষার আলো ছড়াতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন প্রবাসী এ বাংলাদেশি। এরই মধ্যে মিরাটে স্থাপন করেছেন শিশু শিক্ষা কেন্দ্র। এখন আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে আমেরিকা থেকেই শিক্ষার প্রসার করতে চান তিনি। গ্রামটিকে ভার্চ্যুয়াল অবকাঠামোর আওতায় এনে সেখানে অতি দ্রুত আধুনিক শিক্ষা প্রসারের স্বপ্ন দেখেন তিনি। এ জন্য প্রবাসী বাংলাদেশিদের সহায়তা ও সমর্থন চেয়েছেন তিনি।
বর্তমানে নর্থ ক্যারোলাইনার বাসিন্দা মুকুল সমাজকর্মী হিসেবে বিশেষভাবে পরিচিত। আমেরিকায় সংখ্যালঘু সম্প্রদায়ের একজন নেতা তিনি। এ ছাড়া বিভিন্ন জনহিতকর কাজের সঙ্গেও তিনি যুক্ত। কিন্তু তিনি তাঁর এ ভূমিকা আমেরিকাতেই সীমাবদ্ধ রাখতে চান না। সম্প্রসারণ করতে চান জন্মস্থান নওগাঁর মিরাট গ্রামে। গ্রামটি চার দশকেরও বেশি সময় ধরে অবহেলিত বলে তিনি প্রথম আলোকে জানান।
তিনি জানান, মিরাট গ্রামের দরিদ্র জনগোষ্ঠী শহর ও বাংলাদেশের দূরবর্তী গুরুত্বপূর্ণ এলাকাগুলোর সঙ্গে প্রায় বিচ্ছিন্ন। গ্রামটির অনেক শিশুই এখনো শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত। এ অবস্থা দূর করতে শিশু শিক্ষা কেন্দ্র নামে একটি প্রকল্প হাতে নেওয়া হয়। ২০০৯ সালে শুরু হওয়া এই শিশু শিক্ষা কেন্দ্রে বর্তমানে প্রায় ১০০ দরিদ্র ও অনাথ শিশু বিনা মূল্যে শিক্ষা গ্রহণ করছে। এ উদ্যোগে তিনি পাশে পেয়েছেন আরও কয়েকজন প্রবাসী বাংলাদেশিকে। এখন তাঁরা এ শিশু শিক্ষা কেন্দ্রে ভার্চ্যুয়াল অবকাঠামোর আওতায় আনতে চান। এ জন্য ৬ থেকে ১২ বছর বয়সী শিশুদের প্রাথমিকভাবে ইংরেজি, অঙ্ক, বিজ্ঞান ও কম্পিউটারের মতো বিষয় শেখানোর জন্য ১০ মাসের একটি বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। এ লক্ষ্যে এরই মধ্যে আমেরিকার কয়েকটি বিশ্ববিদ্যালয় ও ইংরেজি ভাষা শিক্ষা ইনস্টিটিউটের সঙ্গে যোগাযোগ করেছেন তাঁরা। এর ফলও পাওয়া
গেছে। এরই মধ্যে পরীক্ষামূলকভাবে
ভার্চ্যুয়াল পদ্ধতিতে ভাষা শিক্ষা কার্যক্রম শুরু করেছেন তাঁরা।
শুধু শিক্ষার প্রসার নয়। মুকুল ও তাঁর দলের স্বপ্ন আরও বড়। শিক্ষার্থীদের জন্য তাঁরা দিচ্ছেন বিনা মূল্যে ইউনিফর্ম, বইখাতাসহ আনুষঙ্গিক বিভিন্ন সরঞ্জাম। জরুরি চিকিৎসাসহ একটি পাঠাগারেরও ব্যবস্থা করা হয়েছে। বন্যা ও সাইক্লোনের মতো প্রাকৃতিক দুর্যোগে ব্যবহারের জন্য একটি নিরাপদ আশ্রয়কেন্দ্রও স্থাপন করা হয়েছে। রয়েছে আরও নানা পরিকল্পনা।
এ বিষয়ে মুকুল বলেন, আমাদের আরও অনেক পরিকল্পনা রয়েছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে প্রবাসীদের কাছ থেকে অনুদান ও সাহায্য-সহযোগিতা প্রয়োজন। সবাই সহযোগিতা করলে আধুনিক প্রযুক্তি ব্যবহার শুধু মিরাট নয়, বাংলাদেশের অন্যান্য গ্রামেও আধুনিক শিক্ষা সম্প্রসারণ করা যাবে। প্রকল্পটির ব্যাপারে আরও বিস্তারিত জানতে তিনি সবাইকে তাঁর সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন।