নকল দেয়ালের পেছনে ছেলেকে লুকিয়ে রেখেছিলেন বাবা!
চার বছর ধরে খুঁজে পাওয়া যাচ্ছিল না ১৩ বছরের কিশোরটিকে। শেষ পর্যন্ত তাকে পাওয়া গেল একটি বাড়ির গ্যারেজের নকল দেয়ালের পেছনে। অভিযোগ রয়েছে, বাবা ও ছেলেটির সৎমা তাকে লুকিয়ে রেখেছিলেন।
যুক্তরাষ্ট্রের জর্জিয়ার রাজধানী আটলান্টায় এ ঘটনা ঘটে। বিবিসির খবরে জানা যায়, বাড়ির গ্যারেজে কাপড় দিয়ে তৈরি একটি নকল দেয়ালের পেছনে ছেলেটিকে লুকিয়ে রাখা হয়েছিল। সেখান থেকেই কোনো একফাঁকে সে তার মাকে মুঠোফোনে একটি বার্তা পাঠায়। সঙ্গে সঙ্গেই মা পুলিশের সাহায্য নেন। খুঁজে বের করেন ছেলেকে।
ছেলেটির নামপ্রকাশ করা হয়নি। মায়ের নামও গোপন রাখা হয়েছে। ক্লেটন কাউন্টির পুলিশ কর্মকর্তা কেভিন হিউজ বলেন, গত শুক্রবার রাতে তাঁরা ছেলেটিকে খুঁজে বের করেন। বাড়ির গ্যারেজেই কাপড় দিয়ে নকল দেয়াল বানিয়ে তাকে লুকিয়ে রাখা হয়েছিল। তবে ওই বাড়িতে থাকা ছেলেটির বাবা ও তাঁর সৎমা অভিযোগ অস্বীকার করেছেন। তাঁদের দাবি, ছেলেটির অবস্থানের ব্যাপারে তাঁরা কিছুই জানতেন না।
আরেক পুলিশ কর্মকর্তা জোয়ান সাউদারল্যান্ড বেসরকারি টিভি চ্যানেল ডব্লিউএসবিটিভিকে বলেন, পুলিশ দেখে ছেলেটি প্রথমে ভয়ে ঠান্ডা হয়ে গিয়েছিল। উদ্ধারের পরে সে আনন্দে নাচতে থাকে। ছেলেটি এখন নিজের মায়ের সঙ্গেই রয়েছে।