নকল পণ্য বিক্রির সময় গ্রেপ্তার ৮

ব্রুকলিন ফ্লি মার্কেটে অভিযান চালিয়ে নকল পণ্য বিক্রির সময় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে দুই হাজারেরও বেশি নকল পণ্য জব্দ করা হয়েছে।
১৯ অক্টোবর বেলা ১১টার দিকে ব্রুকলিন ফ্লি মার্কেটে এই অভিযান চালানো হয়।
নিউইয়র্ক নগরীর শেরিফ জোসেফ ফুকিটো জানান, ইস্ট নিউইয়র্কের অ্যাকোয়াডাক ফ্লি মার্কেট থেকে দুই হাজারেরও বেশি নকল ডিজাইনার পণ্য জব্দ করা হয়। জাল জিনিসপত্রের মধ্যে বেল্ট, জ্যাকেট, কোট, সানগ্লাস, ব্যাগ, পকেটবুক ও ঘড়ি আছে। ঘড়ির মধ্যে গুচি, ভার্সেস, কেলভিন ক্লেইন, হার্মিস ও লুই ভুশনের মতো ব্র্যান্ডের নাম রয়েছে। এসব পণ্য ৪০ ডলারেরও কম খুচরা মূল্যে বিক্রি করা হচ্ছিল।
এ ঘটনায় বিক্রেতাদের ওপর ট্রেডমার্ক জালিয়াতি ও লাইসেন্সবিহীন ভেন্ডিংয়ের অভিযোগ আনা হয়েছে। খোলা রাস্তায় এবং অন্য কোথাও নকল পণ্য নিয়ে বেশ কয়েকটি ‘ক্র্যাক ডাউন’ সত্ত্বেও, পণ্যগুলোর চাহিদা রয়েছে।
ইস্ট নিউইয়র্কের বাজারের একজন গ্রাহক বলেন, ‘আমরা ব্রুকলিনে থাকি, হলিউডে থাকি না।’
আসামিদের বিরুদ্ধে দ্বিতীয় ডিগ্রির ট্রেডমার্ক জালিয়াতি, বিক্রেতা লাইসেন্স প্রদর্শন করতে ব্যর্থ হওয়া এবং নিউইয়র্ক রাজ্য কর আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তাদের চার বছরের কারাদণ্ড হতে পারে।