নকল বন্দুক কোমরে রেখে মাঠে খেলছিল ১২ বছরের শিশু টামির রাইস। সেটাকেই আসল বন্দুক ভেবে বসেন স্থানীয় এক ব্যক্তি। খবর দেন পুলিশে। তৎপর দুই পুলিশ কর্মকর্তা দ্রুত ঘটনাস্থলে চলে আসেন। একজন কর্মকর্তা পর পর দুটি গুলি করেন রাইসকে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে তার মৃত্যু হয়। খবর বিবিসির।
মর্মান্তিক এ ঘটনা যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড শহরের। গত শনিবার বিকেলে গুলি করা হয় শিশুটিকে। পরদিন রোববার সকালে সে মারা যায়।
পুলিশ বলছে, পুলিশে খবর দেওয়া ব্যক্তি বা ওই পুলিশ কর্মকর্তা—কেউই বুঝতে পরেননি শিশুটির বন্দুক নকল ছিল। পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে দুই হাত মাথার ওপর তোলার নির্দেশ দেন। শিশুটি সম্ভবত কোমর থেকে বন্দুকটি ফেলে দিয়ে হাত ওপরে তুলতে চাইছিল। কিন্তু বন্দুকে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে একজন পুলিশ কর্মকর্তা পর পর দুটি গুলি করেন শিশুটিকে।
ক্লিভল্যান্ড পুলিশের উপপ্রধান এডওয়ার্ড টোমবা বলেন, শিশুটি কাউকে হুমকি দেয়নি। পুলিশ কর্মকর্তাদের লক্ষ্য করে বন্দুকও তাক করেনি। তবু তাকে গুলি করা হয়। ওই দুই পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক ছুটি দেওয়া হয়েছে। পুরো ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।