নগরীর সৈকতগুলো আংশিক বা সম্পূর্ণ বন্ধ থাকবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে গ্রীষ্মকাল সমাগত। আর কয়েক সপ্তাহ পরই মেমোরিয়াল ডে—যেদিন অফিশিয়ালভাবে নিউইয়র্ক নগরীর সব সৈকত সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। কিন্তু এবার করোনাভাইরাসে প্রাদুর্ভাবে নিউইয়র্ক নগরী পর্যুদস্ত। এ অবস্থায় নগরীর সৈকতগুলো আসছে গ্রীষ্মে আংশিক বা পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শহরের মৃতের সংখ্যা এত বেশি বেড়েছে যে মর্গগুলো ভরে গেছে, মরদেহ সৎকারের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলো হিমশিম খাচ্ছে। হার্ট দ্বীপে দাবিহীন লাশের দাফন বেড়েছে। এ অবস্থায় নিউইয়র্ক নগরীর পার্ক বিভাগ করোনাভাইরাস মোকাবিলা করতে সামনের গ্রীষ্মে সমুদ্র সৈকতগুলো আংশিক বা পুরো বন্ধ রাখার পরিকল্পনা করছে।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, নগরীর অফিস অব ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট (ওএমবি) ও সিটি হল সব সমুদ্র সৈকতগুলো সম্পূর্ণ ও আংশিক বন্ধ করার পরিকল্পনা প্রণয়নের আদেশ দিয়েছে পার্ক বিভাগকে।

মেয়র বিল ডি ব্লাজিও সম্প্রতি এক সংবাদ সম্মেলনে সবাইকে সতর্ক করে বলেন, সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যবস্থাগুলো আগস্ট মাস পর্যন্ত কার্যকর থাকতে পারে। মেমোরিয়াল ডে মে মাসের ২৫ তারিখ। তত দিনে সৈকত উন্মুক্ত হওয়ার সম্ভাবনা খুব কম। আংশিকভাবে সমুদ্রসৈকত খোলা হলেও তা শুধু সমুদ্র সার্ফিংয়ের জন্য উন্মুক্ত করা হবে। সৈকতে ভিড় করা যাবে না।