নগরে কমেছে রেলের গতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের পাতালরেলের স্টেশনে ট্রেনের অপেক্ষায় যাত্রীরা
নিউইয়র্কের পাতালরেলের স্টেশনে ট্রেনের অপেক্ষায় যাত্রীরা

নিউইয়র্কের পাতালরেলের বগিতে সংযোজিত হয়েছে সর্বশেষ তথ্যসহ পুরো সাবওয়ের শেষ মুহূর্তের তাজা খবরাখবর। তথ্য প্রদানের এই আধুনিক ব্যবস্থা শুধু কামরায় সীমাবদ্ধ নয়; পাতালরেলের সব স্টেশনে বসানো হয়েছে আধুনিক এই সিস্টেম। প্রতিটি কামরায় বসানো টিভি আদলের স্মার্ট সিস্টেমটি সত্যি বেশ আকর্ষণীয় ও উপযোগী। সাবওয়েতে চলাচলকারী প্রতিটি ট্রেনের হালসময়ের তথ্য মিলতে থাকে প্রতিনিয়ত।

বগির সাজসজ্জায় এসেছে বৈচিত্র্য। কোনো কোনো বগিকে সাজানো হয়েছে আধুনিক গ্রন্থাগারের আদলে। কোনোটি নিউইয়র্কের আবাসিক এলাকার আদলে। তবে এর কোনোটিই আজকাল পাতালরেল ব্যবহারকারীদের পুরোপুরি সন্তুষ্ট করতে পারছে না; বরং অনেক যাত্রী অভিযোগের সুরে বলছেন, এ যেন কানা ছেলের নাম পদ্মলোচন। এই মুহূর্তে নিউইয়র্কের পাতালরেল নানা সমস্যার সম্মুখীন হয়ে সর্বাধিক চ্যালেঞ্জের মুখে। মেট্রোপলিটন ট্রান্সপোরটেশন কর্তৃপক্ষের পক্ষে চেয়ারম্যান জো লোথা বারবার যে বার্তাটি যাত্রীসাধারণকে দিতে চাইছেন সেটা হলো, ১৯০৪ সালের ২৭ অক্টোবর স্থাপিত পাতালরেলের পুরোনো সিস্টেম আজ বয়সের ভারে ন্যুব্জ। পাশাপাশি অতিরিক্ত যাত্রী পরিবহনের চাপ তো আছেই। তাই প্রতিদিন এ ধরনের বিড়ম্বনা বাড়ছে। এ ছাড়া বর্তমান চেয়ারম্যান এই সব পুঞ্জীভূত সমস্যার জন্য পূর্ববর্তী সিটি মেয়রদের যথাযথ সময়ে সিস্টেম রক্ষণাবেক্ষণে পর্যাপ্ত ফান্ড না দেওয়াকে দায়ী করে বক্তব্য দিচ্ছেন। স্থানীয় এক পত্রিকার অনুসন্ধানী রিপোর্টে এর সত্যতাও বেরিয়ে এসেছে।
বর্তমানে যাত্রীসেবার মান একদম তলানিতে। প্রতিদিন যেভাবে লাখ লাখ যাত্রী অসহ্য কষ্ট আর দুর্ভোগের সম্মুখীন হচ্ছে, তা একেবারে নজিরবিহীন। স্থানীয় এক পত্রিকার সংগৃহীত তথ্য ও সিটি কম্পট্রলার স্কট এম স্টিংগারের দেওয়া তথ্যমতে, পাতালরেলের এই অব্যবস্থাপনার জন্য নিউইয়র্কবাসীর মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে বছরে প্রায় ৩৮৯ মিলিয়ন ডলার। এর সঙ্গে যুক্ত হয়েছে নিউইয়র্কে কর্মরত লাখ লাখ কর্মজীবীর কাজের ঘণ্টা কমে যাওয়া। এতে মজুরি কমেছে ভালো পরিমাণে। গড়ে ৩৪ শতাংশ ডলার প্রতি ঘণ্টায় আয়কারী এসব কর্মচারীর মোট ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ১৭০ মিলিয়ন ডলার; যা সত্যি উদ্বেগজনক। কর্মচারীদের দেরি করে কাজে যোগদানের হার গড়ে ২৫ থেকে ৫০ শতাংশে দাঁড়িয়েছে। এ নিয়ে কর্মচারী ও নিয়োগ-কর্তার মধ্যে সৃষ্টি করেছে এক অস্বস্তিকর পরিস্থিতি। অনেক ক্ষেত্রে তা নিয়ে কোর্টে মামলা পর্যন্ত গড়িয়েছে।
উল্লেখ্য, ২০১২ সালে পুরো সাবওয়ে সিস্টেমে পাতালরেল চলাচলে প্রতি মাসে দেরির ঘটনা ছিল ২৮ হাজার বার। বর্তমানে এর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে মাসে প্রায় ৭০ হাজার বার। যার কারণ হিসেবে পাতালরেলের পুরোনো ট্র্যাক ছাড়াও রেললাইনের সঙ্গে বেশি বয়সী সিগনাল সিস্টেমকে দায়ী করা হয়। এ ছাড়া অসুস্থ যাত্রীদের জরুরি সেবা প্রদানকালে রেল চলাচলে বিলম্ব ঘটে।
সাবওয়ের এই স্মরণকালের ধীরগতি আর অস্বাভাবিক নেটওয়ার্ক অপারেশনে উল্লেখযোগ্য গতি আনতে এমটিএ বোর্ড নিয়োগ দিয়েছে ৫২ বছর বয়সী এনডি বেফোর্ডকে, যিনি ছিলেন টরন্টো শহরের সাবওয়ের ট্রানজিট চিফ। যাঁর অভিজ্ঞতার ঝুলিতে আছে জনবহুল লন্ডন ও সিডনি শহরের পাতালরেল সিস্টেমে কাজ করার। ব্রিটেনে জন্ম এই ট্রানজিট বিশেষজ্ঞের। তাঁর নেওয়া জরুরি পরিকল্পনা বাস্তবায়নের মূল লক্ষ্য হলো, ২০১৮ সালের মাঝামাঝি মোট দুর্ঘটনার ৪০ শতাংশ হ্রাস এবং রেলের মোট বিলম্বের হার ৫০ শতাংশে কমিয়ে আনা। যাতে প্রায় ত্যক্তবিরক্ত নিউইয়র্কবাসীর জন্য কিছুটা হলেও স্বস্তি নিয়ে আসা যায়। সাবওয়ের এই চরম অব্যবস্থাপনা দূর করে পুনরায় শৃঙ্খলা ফিরিয়ে আসতে নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু এম কমো এ বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্টেট অব ইমারজেন্সি ঘোষণা করেছেন। জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় যন্ত্রাংশ ক্রয় করতে মেট্রোপলিটান ট্রান্সপোর্টেশন সংস্থাকে এক ক্রয় আদেশ বলে প্রায় ১ বিলিয়ন ডলার অনুদান দেন। পাশাপাশি সংস্থার ১ হাজার ১০০ নতুন কর্মচারীর নিয়োগ-প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে এমটিএকে আদেশ দেন।
এত সব ছাড়াও নিউইয়র্কের আঞ্চলিক পরিকল্পনা অ্যাসোসিয়েশনের দেওয়া এক যুগান্তকারী প্রস্তাব বিবেচনায় আনা হচ্ছে। প্রস্তাবে বলা হয়েছে, সাবওয়ের রক্ষণাবেক্ষণ কাজে আরও গতি আনতে রাত সাড়ে ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত পাতালরেলের পরিবর্তে বাসে চলাচলের ব্যবস্থা গ্রহণ। এ পর্যায়ে ২০১৬ সালে নেওয়া এক পরিসংখানে প্রাপ্ত ফলে দেখা যায় মোট যাত্রীর মাত্র দেড় ভাগ, যা সংখ্যায় ৮৫ হাজার জন উল্লিখিত সময়ে চলাচল করে। সেই যাত্রীসংখ্যাকে বিকল্প সেবা দান করতে বাস কর্তৃপক্ষ প্রস্তুত!
লাখ লাখ নিউইয়র্কবাসীর প্রায় স্থায়ী হয়ে যাওয়া এ কষ্টকর যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে নিউইয়র্ক রাজ্য ও এমটিএ কর্তৃপক্ষের নেওয়া এত সব জরুরি পদক্ষেপে আশা করা যায় অচিরেই লাখ লাখ যাত্রী আবার পেতে যাচ্ছেন স্বাভাবিক সেবা, যা এই মুহূর্তে সবার একমাত্র কামনা। এই সব পরিকল্পনার সঠিক প্রয়োগে হয়তো নিউইয়র্কের পাতালরেল আবার ফিরে পাবে তার হারানো মুকুট। বিশ্বে পাতালরেলে যাত্রীসেবায় সর্বোচ্চ স্থান ও সর্বোচ্চ সম্মান।