নগরে গাঁজা সংক্রান্ত হাজারো মামলা বাতিল হচ্ছে
নিউইয়র্ক নগরে গাঁজা সংক্রান্ত (মারিজুয়ানা) কয়েক হাজার মামলা খারিজ করার জন্য আদালতকে আহ্বান জানিয়েছেন কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ।
কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাটজ গত ২৯ জুন তিন হাজারের বেশি স্বল্প গুরুত্বের মারিজুয়ানা-সম্পর্কিত মামলা খারিজের আহ্বান জানাতে অপরাধ আদালতে হাজির হন। যা নিউইয়র্কে মারিজুয়ানা বৈধকরণের জের ধরে বিচার ও দণ্ড ব্যবস্থায় পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে।
মেলিন্ডা কাটজ বলেছেন, এসব মামলা নগরের কৃষ্ণাঙ্গদের প্রতি বৈষম্য সৃষ্টি করে বলে তিনি মনে করেন। তাই মামলাগুলো চালিয়ে নেওয়ার বিপক্ষে তিনি অবস্থান গ্রহণ করেছেন। এসব মামলার কোনো কোনোটিতে স্বল্প পরিমাণ মারিজুয়ানা বহনের জন্য ২০ বছরের ওয়ারেন্ট জারি করা আছে।
অমূলক কাজে বিচারব্যবস্থার রিসোর্স ব্যয় করার কোনো অর্থ নেই উল্লেখ করে মেলিন্ডা কাটজ বলেছেন, বর্তমানে অনেক মামলায় ওপেন ওয়ারেন্ট আছে, যা কারও কারও রেকর্ডে থাকা অনেক ক্ষতিকর।
ওয়ারেন্ট খারিজ ও নাকচের আবেদনের মধ্যে ৮৯৪টি মামলা আছে যেখানে বাদী শুনানির জন্য অপেক্ষা করছেন, দোষ স্বীকার করেছেন বা আউটস্ট্যান্ডিং ওয়ারেন্ট পেয়েছেন। এই আবেদনে অতিরিক্ত ২৩৬১টি মামলা সংযুক্ত আছে। যাতে বাদীর নামে সমন ও আউটস্ট্যান্ডিং ওয়ারেন্ট জারি করা হয়েছে। মামলা খারিজ প্রক্রিয়া সম্পন্ন হতে আরও কয়েক মাস সময় নেবে বলে আদালত থেকে বলা হয়েছে।
কুইন্স ডিফেন্ডার্স নামের অলাভজনক সংগঠনের নির্বাহী পরিচালক হেট্টি পাওয়েল বলেন, ‘মারিজুয়ানা বহনের অপরাধে গ্রেপ্তারকৃত, অভিযুক্ত ও দোষ স্বীকারকারীদের বেশির ভাগই কৃষ্ণাঙ্গ। তাই এটি অনেক গুরুত্বপূর্ণ একটি ঘটনা। এতে এখন এই আসামিরা মুক্তির পর বিভিন্ন কর্মসংস্থানের সুযোগ পাবেন, যা ক্রিমিনাল রেকর্ডের জন্য আগে পাওয়ার সুযোগ ছিল না।’
কুইন্সের আগে ব্রুকলিন, ব্রঙ্কস ও ম্যানহাটনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নিরা এমন পদক্ষেপ আগেই নিয়েছেন। স্ট্যাটেন আইল্যান্ডের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির এক মুখপাত্রের ভাষ্য, তাঁদের দপ্তরে ১১০০-এরও বেশি মামলা, যার মধ্যে কোনো কোনোটি ৮০ ও ৯০ দশকের। মামলাগুলো খারিজ করার জন্য আদালতের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ শুরু করা হয়েছে।
নিউইয়র্ক রাজ্যে ২০১৯ সালে মারিজুয়ানা বৈধ করার উদ্যোগ নেওয়া হয়। গত মার্চে আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের ১৫তম রাজ্য হিসেবে নিউইয়র্কে গাঁজা সেবনে বৈধতা প্রদান করা হয়।
মেলিন্ডা কাটজ আরও বলেছেন, এটা ছিল সময়ের ব্যাপার মাত্র। কুইন্সের প্রশাসনে সুবিচার নিশ্চিত করার জন্য, প্রশাসনকে উন্নত ও পক্ষপাতশূন্য করার জন্য আমরা পদক্ষেপ নিয়েছি মাত্র। এখন হাজারো লোকের নামে কোনো ওয়ারেন্ট নেই। অনেকের ভাগ্য এতে পরিবর্তিত হবে বলে তিনি উল্লেখ করেন।