নগরে দেশি রেস্তোরাঁ ‘খলিল বিরিয়ানি’
বিরিয়ানির নাম ‘খলিল বিরিয়ানি’। নিউইয়র্কে রেস্টুরেন্টের নামও একই নামে। বলা হচ্ছে নিউইয়র্ক নগরে ব্রঙ্কসের রেস্টুরেন্ট ‘খলিল বিরিয়ানির’ কথা। রেস্টুরেন্টের নাম খলিল বিরিয়ানি হলেও দেশি মাছ, মাংস, সবজি, সমুচা, শিঙারা, কাবাবসহ বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় এখানে।
রেস্টুরেন্টটির কর্ণধার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিত শাস্ত্রে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করা মো. খলিলুর রহমান। ছিলেন একজন ব্যাংক কর্মকর্তা। নিউইয়র্কে এসে বিভিন্ন রেস্টুরেন্টে ওয়েটার হিসেবে কাজ শুরু করেন তিনি। পরে শেফের কাজ নেন। নিজে শিখে নেন রান্নার কাজও।
ব্যাংক থেকে ঋণ নিয়ে চার বছর মেয়াদি কোর্সে ভর্তি হন তিনি। সনদপত্র পাওয়ার পর নিজে কিছু করার প্রয়াসে নেমে পড়েন রেস্টুরেন্ট ব্যবসায়। নিজের নামেই রেসিপি তৈরি করেন। রেস্টুরেন্টের নামও রাখেন খলিল বিরিয়ানি। অসাধারণ স্বাদ ও মনোরম পরিবেশে খলিল বিরিয়ানি প্রতিষ্ঠার পর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। মানুষের আগ্রহ এবং ভালোবাসায় গড়ে তোলেন খলিল চায়নিজ। খলিল বিরিয়ানিতে হরেক রকমের মিষ্টান্নসহ নানা রকম মুখরোচক খাবার পাওয়া যায়।
খলিলুর রহমান নিজেই এখন কয়েকটি রেস্টুরেন্টের মালিক। বর্তমানে ব্রঙ্কসের খলিল বিরিয়ানি ও খলিল গ্রোসারির স্বত্বাধিকারী তিনি। করোনা পরিস্থিতি ভালো হলে নিউইয়র্কের প্রতি বরোতে রেস্টুরেন্ট করার কথা ভাবছেন খলিলুর রহমান। গেল কয়েক বছরের মধ্যে খলিল বিরিয়ানির খাবারের সুনাম পৌঁছে গেছে নিউইয়র্কের সবখানে। নিউইয়র্কের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ ব্রঙ্কসে গিয়ে খলিল বিরিয়ানির স্বাদ নেন।
যুক্তরাষ্ট্রের গত নির্বাচনের ফল ঘোষণার পর ব্রঙ্কসের খলিল বিরিয়ানি হাউসের বিরিয়ানিতে নতুন রেসিপি হিসেবে যুক্ত হয়েছে বাইডেন বিরিয়ানি। খলিলুর রহমান জানান, ৭ নভেম্বর ৪৬তম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনকে জয়ী ঘোষণার পরই নতুন এ রেসিপির উদ্যোগ নেওয়া হয়। তিনি বলেন, নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের জয়কে স্মরণীয় করতে বাইডেন বিরিয়ানি চালুর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বাইডেন বিরিয়ানি সম্পূর্ণ নতুন একটি রেসিপি। ভিন্ন স্বাদের। এটি চালুর পরপরই দারুণ সাড়া পড়েছে বলে জানালেন।
খলিলুর রহমান আরও বলেন, খাসির মাংসের প্রতি প্লেট বাইডেন বিরিয়ানির দাম রাখা হচ্ছে ১৩ ডলার করে। আর গরুর মাংসের প্রতি প্লেট বাইডেন বিরিয়ানির দাম রাখা হচ্ছে ১২ ডলার। জো বাইডেন যত দিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় থাকবেন, তত দিন এই বিরিয়ানি পাওয়া যাবে।