নগরে ফাইজারের মেয়াদোত্তীর্ণ টিকা দেওয়া হয়েছে
নিউইয়র্ক নগরীতে শত শত লোকজনকে ফাইজারের মেয়াদোত্তীর্ণ টিকা দেওয়া হয়েছে বলেছে অভিযোগ পাওয়া গেছে। টাইমস স্কয়ারে টিকা গ্রহণ করা এমন ৮৯৯ জনকে শনাক্ত করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ টিকা নেওয়া এসব লোকজন কোনো স্বাস্থ্য ঝুঁকিতে নেই। তাঁদের নতুন করে আবারও টিকা দেওয়া হচ্ছে।
নিউইয়র্ক নগর স্বাস্থ্য বিভাগ থেকে জানানো হয়েছে, টাইমস স্কয়ার সংলগ্ন এনএফএল এক্সপেরিয়েন্স ভবনে ৫ জুন থেকে ১০ জুন পর্যন্ত টিকা গ্রহণকারীদের ফাইজারের টিকা দেওয়া হয়েছে। পরে লক্ষ্য করা যায় ওই সব টিকার মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে। এসব টিকা গ্রহণকারীকে চিহ্নিত করে টিকা প্রদানকারী এটিসি ভ্যাকসিন সার্ভিস নামের প্রতিষ্ঠানকে টিকা প্রদান থেকে বিরত রাখা হয়েছে। এটিসি তাদের অনিচ্ছাকৃত ভুলের কথা জানিয়ে টিকা গ্রহণকারী এবং নগর কর্তৃপক্ষের কাছে দুঃখ প্রকাশ করে চিঠি দিয়েছে।
নগর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা মাইকেল লেনজা বলেছেন, মেয়াদোত্তীর্ণ টিকা গ্রহণকারীদের কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই। এসব টিকা গ্রহণকারীদের আবার নতুন করে টিকা দিতে ফোন, ইমেইল ও চিঠির মাধ্যমে যোগযোগ করা হচ্ছে।
১৬ জুন রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো জানিয়েছেন, নিউইয়র্কে মোট জনসংখ্যার ৭০ শতাংশ অন্তত এক ডোজের টিকা নিয়েছেন। রাজ্যে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জিত হয়ে গেছে।
ব্যাপক হারে টিকাদান ও স্বাস্থ্য সতর্কতা মেনে নিউইয়র্ক স্বাভাবিক অবস্থায় ফিরছে। রাজ্য থেকে স্বাস্থ্য সতর্কতার বিধিনিষেধ উঠিয়ে নেওয়া হচ্ছে। যদিও করোনার রূপান্তরিত ভাইরাস নিয়ে এখনো উদ্বেগ বিরাজ করছে। এখনো যারা টিকা গ্রহণ করেননি, তাঁদের টিকা নেওয়ার জন্য রাজ্য গভর্নর আবারও আহ্বান জানিয়েছেন।