নগরে ভোটের দামামা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>এই কলামে নিউইয়র্ক সিটির কিছু গুরুত্বপূর্ণ সংবাদ, কোথায় কী হচ্ছে এবং অভিবাসীদের যেসব জরুরি তথ্য জানা প্রয়োজন তা নিয়ে বিভিন্ন তথ্য উপস্থাপন করা হবে। লিখছেন আবদুল্লাহ জাহিদ
হেট ক্রাইম বন্ধের দাবিতে িনউইয়র্কে বিক্ষোভ
হেট ক্রাইম বন্ধের দাবিতে িনউইয়র্কে বিক্ষোভ

আপনি যদি আমেরিকার সিটিজেন হন এবং আপনার বয়স যদি ১৮ বছর হয় তাহলে ভোট দেওয়া আপনার অধিকার। তবে ভোট দিতে হলে আপনাকে প্রথমেই একজন রেজিস্টার্ড ভোটার হতে হবে। প্রাইমারি ইলেকশনে ভোট দিতে হলে আপনাকে ১৮ আগস্টের মধ্যেই রেজিস্ট্রেশনের আবেদনপত্র ডাকে পাঠাতে হবে। অর্থাৎ আপনার আবেদনে ১৮ আগস্টে পোস্ট অফিসের সিল থাকতে হবে এবং বোর্ড অব ইলেকশন ২৩ আগস্ট পর্যন্ত ডাকযোগে প্রেরিত আবেদন গ্রহণ করবে। আপনি বোর্ড অব ইলেকশনে সশরীরে উপস্থিত হয়েও নিবন্ধন করতে পারেন। আর সাধারণ নির্বাচনে ভোটার রেজিস্ট্রেশনের সময় হলো ডাকযোগে ১৩ অক্টোবর বা ওই তারিখের মধ্যে আপনি সশরীরে উপস্থিত হয়েও ভোটার হতে পারেন। উল্লেখ্য, এ বছর সাধারণ নির্বাচন হবে ৭ সেপ্টেম্বর। ইলেকশন অফিসের ঠিকানার জন্য ৩১১ নম্বরে কল করতে পারেন। অথবা ওয়েবসাইটে যেতে পারেন। নিউইয়র্কের যেকোনো পাবলিক লাইব্রেরিতেই আপনি ভোটার রেজিস্ট্রেশন ফরম পাবেন এবং তা বাংলায় পূরণ করতে পারবেন।

হেইট ক্রাইম এবং আপনার করণীয়
ইতিমধ্যেই হয়তো আপনারা গ্যাং MS-13-এর নাম শুনে থাকবেন। গত জুলাই ২৮ প্রেসিডেন্ট ট্রাম্প নিউইয়র্কের লং আইল্যান্ডে এসেছিলেন এবং সেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে MS-13-এর তৎপরতা বন্ধে জোরালো ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন। যদিও এটাকে অনেকেই ট্রাম্পের ইমিগ্রান্টদের বিপক্ষে ব্যবস্থা নেওয়ার ছুতো হিসেবে দেখছেন।
আসুন প্রথমেই এই MS-13 সম্পর্কে একটু জানি। এরা হলো একটি সংঘবদ্ধ সন্ত্রাসী সংগঠন, যাদের উৎপত্তি হলো সেন্ট্রাল আমেরিকান রাষ্ট্র এল সালভাদরে। এদের তৎপরতা সেখানেই সীমাবদ্ধ নয়, ছড়িয়ে আছে নিউইয়র্কসহ আমেরিকার অনেক বড় বড় শহরে। নিউইয়র্ক শহরে এদের কার্যক্রম সক্রিয়ভাবে দেখা না গেলেও নিউইয়র্কের উপকণ্ঠে লং আইল্যান্ডে এদের জোরালো তৎপরতা দেখা যায়। এরা বিশেষ করে ইমিগ্রান্ট জনগোষ্ঠীকে লক্ষ্য করে থাকে। গত দুই বছরে ড্রাগ, ছিনতাই, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লং আইল্যান্ডে ২০টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। পুলিশ ইতিমধ্যেই এদের ধরতে বিশেষ অভিযান শুরু করেছে এবং এদেরকে অনেকটাই নিষ্ক্রিয় করেছে।
তাহলে কি বলতে হবে নিউইয়র্কের আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ? না, আসলে পরিসংখ্যান বলে অন্য কথা, যেকোনো বড় শহরের তুলনায় নিউইয়র্কের আইনশৃঙ্খলা অনেক ভালো, এমনকি গত কয়েক বছরের তুলনায় নিউইয়র্কে বিভিন্ন অপরাধ কমেছে। ২০১৬ সালে সিটির গোলাগুলির সংখ্যা ঘটেছে ৯৯৮, যা যেকোনো সময়ের মধ্যে সব নিম্ন। খুনের সংখ্যা ২০১৫-তে ছিল ৩৫২, যা ২০১৬ সালে হয়েছে ৩৩৫।
পরিসংখ্যান যাই বলুক, নিজেকে কোনো ধরনের বিপদ থেকে রক্ষা করতে করণীয় সম্পর্কে নিউইয়র্কের পুলিশ সব সময় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেয়। পুলিশের ওয়েবসাইটে গেলে কীভাবে নিজেকে নিরাপদ রাখবেন সে সম্পর্কে পুলিশের পরামর্শ দেখা যেতে পারে। যেমন ধরুন অপরাধী সম্পর্কে কেমন করে আপনার বাচ্চাকে সতর্ক করবেন। যেমন কেউ আপনার বাচ্চা স্কুল থেকে আসার সময় তাকে কিছু খেতে দিতে চাইল অথবা তার কাছে মোবাইল ফোনটি চাইল, তাহলে সে কী করবে? আমি আজ এই সময়ের একটি কমন অপরাধ ‘হেইট ক্রাইম’ সম্পর্ক বলছি।
হেইট ক্রাইম: আজকাল প্রায়ই বাঙালি মুসলমান পুরুষ ও মহিলারা প্রায়ই তাদের পোশাক, হেজাব, বোরকা, দাড়ি, টুপি—এসব কারণে এই হেইট ক্রাইমের শিকার হচ্ছে।
হেইট ক্রাইম কী? নিউইয়র্ক পুলিশ বিভাগ নিউইয়র্ক স্টেটের সংবিধান অনুসারে হেট ক্রাইমের যে সংজ্ঞা দিয়েছে তা হলো, কোনো ব্যক্তির কিংবা গোষ্ঠীর গায়ের রং, ধর্ম, জাতীয়তা, লিঙ্গ, সমকামিতা, বয়স, শারীরিক অক্ষমতা ইত্যাদি কারণে যদি কোনো ব্যক্তির সঙ্গে কেউ নির্মম বা পক্ষপাতমূলক আচরণ করে, তবে তা হেইট ক্রাইম পর্যায়ে পড়ে। তবে তা নির্ধারণের ক্ষমতা পুলিশের হেইট ক্রাইম টাক্সফোর্স প্রধানের।
আমরা প্রায়ই শুনি কেউ বিশেষ করে মেয়েদের হিজাব ধরে টান দিয়েছে। এটা অবশ্যই একটা হেইট ক্রাইম। বাঙালিদের অনেকেই হেইট ক্রাইমের শিকার হলেও মুখ খুলতে চান না বা পুলিশের কাছে যেতে চান না। অথচ পুলিশের কাছে যদি রিপোর্ট করা হয় তবে পুলিশ তা খুবই গুরুত্বর সঙ্গে দেখে। সাধারণত যে এলাকায় এ রকম ঘটনা ঘটে সে এলাকায় রিপোর্ট হলে পুলিশের নজরদারি বৃদ্ধি পায়। তাই সবারই উচিত বিষয়টি পুলিশের নজরে আনা।

নিউইয়র্কের রাজনীতি
আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে নিউইয়র্ক স্টেটের প্রাইমারি ইলেকশন এবং সাধারণ নির্বাচন হবে ৭ নভেম্বর। এ বছরই হতে যাচ্ছে নিউইয়র্ক সিটির ১১০তম মেয়র নির্বাচন। এই পর্যন্ত মেয়র নির্বাচনে প্রার্থী হতে চান পাঁচজন।
বিল ডি ব্লাজিও: বর্তমান মেয়র এবং একজন ডেমোক্র্যাট। ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকে তিনি সিটির সাধারণ জনগোষ্ঠীর জন্য নানা ধরনের সামাজিক কল্যাণকর উদ্যোগ গ্রহণ করেছেন। এর মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য হলো সবার জন্য বিনা মূল্যে প্রি-কে শিক্ষাব্যবস্থা প্রবর্তন, সব কর্মচারীর জন্য অসুস্থতার পেড ছুটির ব্যবস্থা। তাঁর আরেকটি বড় সাফল্য হলো নিউইয়র্ক সিটির সব নাগরিকের ইমিগ্রেশন স্ট্যাটাস যাই হোক না কেন, তাকে সিটির আইডি দেওয়ার ব্যবস্থা করা। নিউইয়র্ক সেটির জন্য সবচেয়ে উচ্চাভিলাষী হাউজিং পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। আর আমাদের জন্য বড় পাওনা হলো তিনি দুই ঈদে স্কুলে সরকারি ছুটি ঘোষণা করেছেন।
রিচার্ড বো: তিনি এনওয়াইপিডির একজন সাবেক প্রাইভেট ডিটেকটিভ। নির্বাচিত হলে পুলিশ বাহিনীকে আরও গতিশীলসহ সিটির গৃহায়ণ সমস্যার সমাধান করবেন বলে আশ্বাস দিয়েছেন।
নিকোল ম্যালিওটাকিস: ব্রুকলিন ও স্ট্যাটেন আইল্যান্ড এলাকার অ্যাসেমব্লিওমেন। একজন রিপাবলিকান। তিনি মেয়র নির্বাচনে প্রার্থী হতে চান বলে ঘোষণা দিয়েছেন। তিনি নির্বাচিত হলে সিটির ট্রানজিট সমস্যার সমাধান করবেন এবং সিটিকে অপরাধমুক্ত করবেন বলে ঘোষণা দিয়েছেন।
সাল আলবানেস: একজন সাবেক সিটি কাউন্সিলম্যান ও স্কুলশিক্ষক। একজন ডেমোক্র্যাট। ১৯৯৭ ও ২০০০ সালে মেয়র নির্বাচন করেছিলেন। তিনি নির্বাচিত হলে জননিরাপত্তা, সিটি হাউজিং এবং রাজনৈতিক সংস্কার করার কথা বলছেন। তিনি আট বছর বয়সে ইতলি থেকে নিউইয়র্ক আসেন এবং ব্রুকলিনে বাস করেন।
রিচার্ড ভাসনার: তিনি একজন অ্যাটর্নি ও কমিউনিটি বোর্ড ৬-এর চ্যেয়ারম্যান। তিনি গত ১৫ বছর এক্সিকিউটিভ কমিটিতে কাজ করছেন। তিনি নির্বাচিত হলে দুর্নীতিমুক্ত স্থানীয় সরকার গড়বেন এবং সিটির গৃহায়ণ সমস্যার সমাধান করবেন। তিনিও একজন ডেমোক্র্যাট।

ঘুরে আসুন জোন্স বিচ
নিউইয়র্কের উপকণ্ঠে সমুদ্রসৈকতে পরিবারের সবাইকে নিয়ে বেড়ানোর জন্য জোন্স বিচ একটি চমৎকার জায়গা। গাড়ি দিয়ে এই পার্কে যাওয়া খুবই সোজা। পার্কিং ফি হলো ১০ ডলার। সন্ধ্যা ছয়টার পর কোনো ফি লাগে না। যাঁদের গাড়ি নেই, তাঁরা ট্রেন বা বাসে করে সহজেই সেখানে যেতে পারেন। সামারে ট্রেন জার্নিটিও চমৎকার। জ্যামাইকা, ব্রুকলিন বা পেন স্টেশন থেকে লং আইল্যান্ড রেল রোডের ফ্রি-পোর্টগামী ট্রেনে উঠতে হবে এবং ফ্রি-পোর্টে নেমে N88 বাসে উঠতে হবে, যা আপনাকে সোজা জোন্স বিচে নিয়ে যাবে। বাসে ভাড়া লাগে না ট্রেনের ভাড়া সিটি আর ব্রুকলিন থেকে ২১ ডলার এবং জ্যামাইকা থেকে ১৭ দশমিক ৫০ ডলার।
মেজর থমাস জোনস ১৬৯২ সালে লং আইল্যান্ডের মেসপিকিওয়তে প্রথম বসতি স্থাপন করেন। তাঁর নাম অনুসারেই এই আটলান্টিক সমুদ্রের তীরে জোন্স বিচের নামকরণ করা হয়। ১৭০০ সালে ওটিকে স্টেট পার্ক হিসেবে ঘোষণা করা হয়। ৬ দশমিক ৫ মাইল লম্বা চমৎকার বালুর সৈকত ছাড়াও এই এলাকা জীববৈচিত্র্যে পরিপূর্ণ।