নগরের সব এলাকায় অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম চলবে
কোভিড-১৯ মহামারিতে নাজুক হয়ে ওঠা নিউইয়র্ক নগরের প্রতিটি এলাকায় অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে। সম্পূর্ণ ভিন্ন বাস্তবতায় নগরের অনগ্রসর লোকজনকে প্রাধান্য দিয়ে এ পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। অর্থনৈতিক উন্নয়নের জন্য তহবিলের ব্যবস্থা হয়েছে এবং এ তহবিলের কার্যকর ব্যবহারের মাধ্যমে অনগ্রসর লোকজনের জীবনমান উন্নয়নের পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
নিউইয়র্ক নগরের মেয়র বিল ডি ব্লাজিও ২৮ জুন তাঁর নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন। মেয়র বলেছেন, নগরের আসছে বাজেটে কর্মজীবী লোকজনের জীবনমান উন্নয়নের জন্য আগ্রাসী পরিকল্পনা নেওয়া হয়েছে।
বাজেটে বিভিন্ন খাতে বরাদ্দের পরিমাণের কথা সংবাদ সম্মেলনে না জানানো হলেও ব্লাজিও বলেছেন, নগরের সব এলাকায় পুনরুদ্ধার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। পরিকল্পনার মধ্যে রয়েছে—অর্থনৈতিক ভিত শক্ত করা, প্রতিটি এলাকায় কর্মসংস্থান বৃদ্ধি করা, মহামারিতে পিছিয়ে পড়া শিক্ষাক্ষেত্রকে এগিয়ে নিয়ে যাওয়া, স্কুল শিক্ষার্থীদের মানসিক সমস্যা দেখভাল করাসহ নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন। নিউইয়র্ক নগরে অপরাধ নিয়ন্ত্রণে জনসমাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে সমস্যা মোকাবিলায় হাত দেওয়া হচ্ছে বলেও তিনি জানান।
গত বছরের মার্চ মাস থেকে কোভিড-১৯ এর সংক্রমণের প্রথম ধাক্কায় পড়েছিল নিউইয়র্ক। প্রতিদিন হাজারো মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রের বৃহত্তর এ নগরের এমন কোনো এলাকা নেই, যেখানে করোনা মহামারি ছাপ রেখে যায়নি। প্রায় ৪০ হাজার মানুষের মৃত্যুর হিসাব নিয়ে নিউইয়র্ক আবার ঘুরে দাঁড়াচ্ছে।
নগরের প্রান্তিক এলাকার লোকজনের অভিযোগ, বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান এবং বড় বড় পরিকল্পনার জন্য অর্থ ব্যয় করা হলেও নিউইয়র্ক নগরের বহু এলাকায় সহযোগিতার হাত সেভাবে সম্প্রসারিত করা হয়নি। এর প্রতিবাদে নগরের ফার রকওয়ে এবং অন্য কিছু এলাকার লোকজন ২৮ জুন সিটি হল এলাকায় শোভাযাত্রা করেছেন। তাঁরা দাবি জানিয়েছেন, নগরের বিশেষ বিশেষ এলাকা নয়, সর্বত্র সমানভাবে উন্নয়ন ও পুনরুদ্ধারের কাজ করতে হবে।