নজরদারির অনুমতি পেল ট্রাম্পের দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেখ সাবিহা আলম নিউইয়র্ক থেকে
শেখ সাবিহা আলম নিউইয়র্ক থেকে

‘ব্যাটল গ্রাউন্ড’ স্টেট ওহাইওর ক্লিভল্যান্ড জেলা আদালত গত শুক্রবার ভোটারদের ভয়ভীতি দেখানো থেকে দূরে থাকতে প্রেসিডেন্ট পদে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড জে ট্রাম্প, তাঁর স্বেচ্ছাসেবক, রজার স্টোন ও স্টপ দ্য স্টিলের প্রতি আদেশ জারি করেছিলেন। দুদিনের মাথায় তিন সদস্যের আপিল আদালত ওই আদেশের ওপর স্থগিতাদেশ দিলেন। এতে ‘ভোট চুরি’ ঠেকাতে নজরদারি করায় আর ট্রাম্পদের বাধা থাকল না।
গতকাল রোববার সিনসিনাটির একটি বেঞ্চের এই স্থগিতাদেশে ওহাইওর ডেমোক্রেটিক দলের মুখপাত্র কার্সটেন আলভানিটাকিস আনুষ্ঠানিক
এক বিবৃতিতে বিস্ময় প্রকাশ করে বলেছেন, তাঁর দল আপিল বিভাগের ওই স্থগিতাদেশের বিরুদ্ধে আইনি বিকল্প খুঁজে বের করার চেষ্টা করছে। এ বিষয়ে জানতে ওহাইওতে রিপাবলিকান পার্টির মুখপাত্র ব্রিটানি ওয়ার্নারকে ই-মেইল করা হলেও তিনি কোনো জবাব দেননি।
এর আগে গত ৩১ অক্টোবর ডেমোক্রেটিক পার্টি জেলা আদালতে ডোনাল্ড ট্রাম্প, তাঁর বহুদিনের মিত্র রজার্স স্টোন ও তাঁর রাজনৈতিক মঞ্চ স্টপ দ্য স্টিলের কারণে কৃষ্ণাঙ্গ ও অন্যান্য গোষ্ঠীর ভোটাররা ভোট দিতে স্বচ্ছন্দবোধ না-ও করতে পারেন বলে আদালতে অভিযোগ করেছিল।

৪ নভেম্বর জেলা আদালতের বিচারক জেমস গোয়েন ৮ নভেম্বর পর্যন্ত ভোটারদের নাজেহাল না করা বা ভয় দেখানো থেকে বিরত থাকার আদেশ দেন। তিনি রিপাবলিকান ও ডেমোক্র্যাট—দুই দলের জন্য কিছু শর্ত বেঁধে দেন। যেমন ভোটারদের ভোটকেন্দ্রে ঢোকা ও বেরোনোর মুখে বাধা সৃষ্টি না করা, এখতিয়ারবহির্ভূতভাবে নির্বাচন পর্যবেক্ষণ না করা, ভোটারদের চ্যালেঞ্জ না করাসহ বেশ কিছু শর্ত। এই আদেশই গতকাল স্থগিত করা হলো।

এর আগে সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রিপাবলিকান পার্টির ব্রিটানি ওয়ার্নার ডেমোক্র্যাটদের এই অভিযোগ করাকে ধাপ্পাবাজি বলে উল্লেখ করেন। ব্রিটানি আরও বলেন, ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা চলার অভিযোগ সত্য নয় এবং রিপাবলিকানরা সবাইকে ভোট দিতে আসতে উৎসাহিত করছে।

তবে ডোনাল্ড ট্রাম্পের বন্ধু রজার স্টোনের স্টপ দ্য স্টিলের ওয়েবসাইটে ঢুকে গতকালও নির্বাচন পর্যবেক্ষণে সক্ষম ব্যক্তিদের শক্তি আরও বাড়ানোর নির্দেশ সম্পর্কে তথ্য দেখা গেছে। তিনি বলেছেন, যেখানেই নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে, সেখানেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোট চুরির চেষ্টা হতে পারে। স্টপ দ্য স্টিলের ওয়েবসাইটে তিনি কেন্দ্রে কেন্দ্রে পাহারা বসানোর নির্দেশও দিয়েছেন। আর ওই ওয়েবসাইটে ভোটরক্ষক স্বেচ্ছাসেবীদের জন্য অনুদানও নেওয়া হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প ভোট কারচুপি হওয়ার আশঙ্কা প্রকাশের পরই এই মঞ্চের জন্ম হয়।

নির্বাচনে ভয়ভীতি দেখানোর সত্যিই কোনো অভিযোগ পাওয়া যাচ্ছে কি না, জানতে কথা হয় সাধারণ মানুষের ভোটাধিকার নিয়ে কাজ করে গ্রাসরুটস কমন কজ নামের এমন একটি প্রতিষ্ঠানের ক্যাথেরিন টার্সারের সঙ্গে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বছর তাঁদের কাছে দুটি শ্বেতাঙ্গ-অধ্যুষিত এলাকায় কৃষ্ণাঙ্গ দুই ভোটারকে নাজেহাল করার অভিযোগ এসেছে। তাঁদের একজন সোমালীয় অভিবাসী নারী। পরে দুই দলের হস্তক্ষেপে ওই দুই ব্যক্তি ভোট দিতে সক্ষম হন।

নির্বাচনে আসলেই জাল ভোটের সুযোগ আছে কি না, জানতে চাইলে ওহাইও স্টেট ইউনিভার্সিটির কনস্টিটিউশনাল আইন বিভাগের অধ্যাপক ড্যানিয়েল পি তোকাজি বলেন, যে ধরনের কারচুপির কথা বলা হচ্ছে, সে ধরনের কারচুপির ঘটনা, অর্থাৎ জাল ভোট দেওয়ার ঘটনা কালেভদ্রে ঘটে এবং ধরাও পড়ে।

ক্লিভল্যান্ডের কুইয়াহোগা কাউন্টিতে খোদ রিপাবলিকান প্রার্থীর প্রতিনিধি ব্রেন্ট ললার বলেন, ‘প্রতিটি ভোটকেন্দ্রেই দুই দলের সমানসংখ্যক প্রতিনিধি আছেন। এই যে আগাম ভোট হচ্ছে, প্রতিদিনের ভোটের হিসাব স্টিকে সেভ করে জমা করা হয়। সে কাজেও দুই দলের প্রতিনিধিরা থাকেন। ভোট চুরির কোনো আশঙ্কা আমি করি না।’