নতুন আইনে ভাড়াটের যে সুবিধা থাকছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কে লাখ লাখ মানুষ বাসাবাড়ি ভাড়া নিয়ে থাকে। কয়েক দশক ধরে বাড়ির মালিক বা ল্যান্ডলর্ডরা ভাড়াটিয়াদের ওপর ইচ্ছা মতো নানাভাবে জোরজুলুম করে যাচ্ছে। ইচ্ছেমতো মাসিক বাড়ি ভাড়া বাড়ানো, অগ্রিম টাকা বা সিকিউরিটি ডিপোজিট নেওয়া এবং যখন খুশি ভাড়াটিয়াদের বাড়ি থেকে তাড়ানোসহ নানা অন্যায় সিদ্ধান্ত ভাড়াটিয়াদের ওপর চাপিয়ে দিচ্ছে। নতুন আইন বাস্তবায়নের ফলে বাড়িওয়ালাদের সেই দৌরাত্ম্য কিছুটা হলেও অবসান হবে বলে আশা করা হচ্ছে।

ভাড়াটেদের সুরক্ষার জন্য নিউইয়র্ক সিনেট এবং অ্যাসেম্বলিতে ‘হাউজিং স্ট্যাবিলিটি অ্যান্ড টেনেন্ট প্রোটেকশন অ্যাক্ট অব ২০১৯’ ২১ জুন পাস হয়েছে। সিনেটে বিলটি পাশ হয়েছে ৩৬-২৬ ভোটে এবং অ্যাসেম্বলিতে ৯৫-৪২ ভোটে। বিলটি সিনেট এবং অ্যাসেম্বলিতে পাশ হওয়ার পর পর গভর্নর অ্যান্ড্রু কুমোর অফিসে পাঠানো হয়। গভর্নর কুমো তাৎক্ষণিক বিলটিতে সাক্ষর করলে এটি আইনে পরিণত হয়েছে।

এই বিলটি পাশের মাধ্যমে শুধু রেন্ট-রেগুলেটেড বা ভাড়া নিয়ন্ত্রিত বাসাবাড়িতে বসবাসরত ভাড়াটিয়াদের স্থায়ী সুরক্ষা দেবে না। এই বিলটি সব বাসা বা বাড়ি বসবাসরত ভাড়াটিয়াদের স্থায়ী সুরক্ষা দেবে। ৭৪ পৃষ্ঠার এই বিলটিতে নিউইয়র্কে সব ভাড়াটিয়াদের জন্য নানা সুযোগ-সুবিধার কথা উল্লেখ করা আছে।

এবার জানা যাক, এই বিলটি পাশের কারণে আপনার কী কী সুবিধা হবে—
আবেদনপত্র ফি: আগে আপনাকে বাড়ি ভাড়ার জন্য আবেদন করতে গেলে ল্যান্ডলর্ড ইচ্ছেমতো ফি নিত।
ফি-এর পরিমাণ ছিল ৫০ ডলার

থেকে ৩০০ ডলার পর্যন্ত। আবার ব্যাকগ্রাউন্ড চেকের জন্য অতিরিক্ত অর্থ নিত। হাউজিং স্ট্যাবিলিটি অ্যান্ড টেনেন্ট প্রোটেকশন অ্যাক্ট অব ২০১৯ পাসের কারণে আপনাকে ২০ ডলারের বেশি দিতে হবে না। এই ২০ ডলার শুধু আবেদনপত্র ফি-ই না এবং ব্যাকগ্রাউন্ড চেক ফিও বটে।চুক্তি ভঙ্গ বা লিজ ভায়োলেশন: আগে আইন অনুযায়ী ভাড়াটিয়া লিজের কোন শর্ত ভঙ্গ করলে তা ১০ দিনের মধ্যে সমাধান করতে হতো। নতুন আইনে আপনি যদি আপনার লিজে উল্লেখিত কোন শর্তভঙ্গ করেন, তাহলে বাড়ির মালিক আপনাকে শর্তভঙ্গের সমাধান করতে ৩০ দিন সময় দিতে বাধ্য।

সিকিউরিটি ডিপোজিট বা অগ্রিম অর্থ প্রদান: আগে বাড়ির মালিকেরা নতুন ভাড়াটিয়াদের কাছ থেকে সিকিউরিটি ডিপোজিটের জন্য বিভিন্ন অনুপাতে অর্থ নিত। উপরন্তু বাড়ি ছেড়ে দিলে সেই অর্থ ফেরত পাওয়া যেত না। ল্যান্ডলর্ড নানা অজুহাতে সে অর্থ হাতিয়ে নিত। নতুন আইনে ল্যান্ডলর্ড এক মাসের বেশি ভাড়ার অর্থ সিকিউরিটি ডিপোজিটের জন্য নিতে পারবে না। অধিকন্তু বাড়ি ছেড়ে দিলে সেই অর্থ সহজেই ফেরত পাওয়া যাবে।

ইভিকশান প্রোটেকশন বা বাড়ি তাড়ানো সুরক্ষা: আগে কোন ভাড়াটিয়া যদি সমান সাইজের বাসা বা বাড়ি আশপাশে না পেত, তাহলে আদালত তাকে ছয় মাসের সময় দিত। যাতে সে পুরোনো বাড়ি ছেড়ে অন্যত্রে চলে যায়। নতুন এ আইনের কারণে আদালত এখন ভাড়াটিয়াদের এক বছর সময় দেবে, যাতে করে ভাড়াটিয়া সমান সাইজের বাসা বা বাড়ি আশপাশে পাওয়ার যথেষ্ট সময় পায়।

তা ছাড়া এই বিল আপনার সুরক্ষার জন্য আইনের মোটামুটি সব ফাঁক-ফোকর বন্ধ করে দিয়েছে। যেমন ধরুন, অপ্রয়োজনীয় এমসিআই বা মেজর ক্যাপিটাল ইমপ্রুভমেন্টস বা আইএআই বা ইনডিভিজুয়্যাল অ্যাপার্টমেন্ট ইমপ্রুভমেন্টস এই বিলের মাধ্যমে স্থগিত করা হয়েছে।