বলে না ব্যথার কথা, কাঁদে না আলোতে, আঁধারে কাঁদে, বলে না কাউকে। আলোতে হাসে, কিন্তু নীরবে–নিভৃতে লজ্জায় কাঁদে। শুধু স্বজনের সঙ্গে ভাগাভাগি করে হিংসা–অহিংসা আর যন্ত্রণার কথা। পারিবারিক কলহের আসামি সে, বিবেকের কাটগোঁয়ারে বন্দী, স্বজন ব্যতিরেকে কাউকে বলতে চায় না, যদি বাতাসের মাধ্যমে চলে আসে ঘরে, বিপদের সম্মুখীন হতে হবে, এমনিতে রাত কাটে না, দিন যাচ্ছে পায়ে হেঁটে এদিকে–ওদিকে অসহায় পথিক হয়ে, পথিমধ্যে দীর্ঘশ্বাস নিয়ে আকাশের দিকে তাকিয়ে নীরব আর্তচিৎকারে।
আমেরিকার নাগরিক হওয়ার সুবাদে এ দেশের প্রচলিত আইনে অভিবাসীরা নিজ নিজ দেশের মা, বাবা, ভাইবোনদের জন্য এ দেশে আসার আবেদন করেন, যদিও আবেদন প্রক্রিয়া মা–বাবার ক্ষেত্রে আলাদা। মা–বাবা চলে আসেন অল্পদিনে, কিন্তু অবিবাহিত ভাইবোনের আসতে সময় লাগে ১৩ বা ১৪ বছর। দীর্ঘদিন, বছরের পর বছর অপেক্ষার পর ভিসা সেন্টার থেকে কাঙ্ক্ষিত চিঠি আসে ভিসা সংগ্রহের, পাশাপাশি ভিসা সংগ্রহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নিয়মাবলি। ভিসা ফি প্রাথমিক প্রক্রিয়া, সবচেয়ে বিড়ম্বনা সাপোর্ট, যেটি ভিসা প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ। সাপোর্ট ব্যতীত ভিসার স্টাম্প লাগবে না বা আমেরিকায় আসার লালিত স্বপ্ন বাস্তবায়ন হবে না। অনেকের নিজের পর্যাপ্ত আয় নেই সাপোর্টের, দৌড়ঝাঁপ শুরু হয় সাপোর্ট সংগ্রহের। বন্ধু, স্বজনদের কাছে সাপোর্ট আকুতি–মিনতি, দেশে প্রবাসে শুরু হয় সাপোর্টপ্রাপ্তির বিড়ম্বনার অবসানের দোয়া–দরূদ। একপর্যায়ে নিকটাত্মীয় কিংবা স্বজন–বন্ধুর সহায়তায় সাপোর্ট জোগাড় করে, ভিসার প্রক্রিয়া সম্পন্ন করে, ফাঁড়ি দেন স্বপ্নের দেশ আমেরিকায়। জমে থাকা স্বপ্ন বাস্তবায়নের দেশ আমেরিকা।
সন্তানদের শিক্ষা, বাড়ি, গাড়ি—সবই এ দেশে সম্ভব। প্রত্যক্ষ–পরোক্ষভাবে নিজ এলাকার বহুজনকে দেখেছেন অল্প সময়ে তারা সমাজের উঁচুতে অবস্থান করেছে, ইজ্জত–সৌরভ–মানমর্যাদায় অধিষ্ঠিত হয়েছে। এলাকায় বিত্তশালীর তালিকায় আসতে তেমন সময় লাগেনি। তাই ভিসা সংগ্রহ করেই আসার প্রস্তুতি। ভাইকে অথবা মেয়েকে আগমন বার্তা পাঠান। এদের মধ্যে অনেক উচ্চশিক্ষায় শিক্ষিত, অনেকে সরকারি চাকরিজীবী আবার অনেকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী। আমেরিকার তালিকায় নাম লিপিবদ্ধ করে, কল্পনাকে বাস্তবে রূপান্তরে প্রত্যয়ীরা দেশের সবকিছুই গুটিয়ে নেন। চলে আসেন স্বজনের আশ্রয়ে। আমেরিকার অন্যান্য অঙ্গরাজ্যে বসবাসের তুলনায় নিউইয়র্কে বসবাস ভিন্ন। ব্যয়বহুল, অত্যধিক বাড়ি ভাড়া, ছোট্ট পরিধি, থাকার জায়গা সীমিত। যারা পরিবার নিয়ে অ্যাপার্টমেন্টে বসবাস করছে, অনেকে জায়গা সংকটে লিভিং রুমের স্পেসকে বেড রুম হিসেবে ব্যবহার করছেন। বাসা ভাড়া ব্যাপক হারে বেড়েছে, নিম্ন আয়ের লোকজনের বিরাট বোঝা। তা ছাড়া চাহিদা অনুযায়ী নতুন বাসা ভাবাই কঠিন। আমেরিকার অন্যান্য শহর ও অঙ্গরাজ্য যেমন মিশিগান, বাফেলো, আটলান্টা, ফ্লোরিডা নিউইয়র্কের তুলনায় অভিবাসীদের বসবাসের ক্ষেত্রে বহুগুণে উন্নত বা স্বস্তির। বাসা ভাড়া স্বল্প আয়ের মানুষের নাগালের মধ্যে। অনেকে স্বপ্নের একটি বাড়ির মালিক হয়েছেন। দেশ থেকে আসা নতুন ইমিগ্রান্টদের জন্য মিশিগান কিংবা বাফেলো বসবাস বা চাকরির ক্ষেত্রে সুবিধা। নতুন অভিবাসী অনেকে লাভবান হয়েছেন। অল্প দিনে কাঙ্ক্ষিত বাড়ি গাড়ির মালিক হয়েছেন।
গেল বছরগুলোতে নিউইয়র্কে কয়েকটি সংসার ভেঙেছে। স্বামী–স্ত্রীর ঝগড়ার কারণ দেশ থেকে আসা নতুন অভিবাসী আত্মীয়। দেশ থেকে আসা ভাইবোনদের বাসায় এসে প্রথম আশ্রয় নিয়ে থাকেন নতুন অভিবাসীরা। স্বাভাবিক বাস্তবতায় এরা যাবে কোথায়। যারা নিয়ে আসছেন এ যাতনা সহ্য করতে হবে তাদের। নতুন ইমিগ্রান্টদের বাসা পাওয়া কষ্টকর। নতুনদের কেউই বাসা ভাড়া দিতে চায় না। যেহেতু তাদের আয় নেই, চাকরি নেই, তাই স্বজন ছাড়া বাসা ভাড়া পাওয়া বেশ কষ্টসাধ্য বিষয়।
নতুন আসা ইমিগ্রান্টদের অনেকে মানসিকভাবে চরম অশান্তি মধ্যে পড়েন। হয়তো দেশ থেকে আসার সময় ডলার নিয়ে এসেছেন, কিন্তু বাসা ভাড়া পাচ্ছেন না। এমন পরিস্থিতিতে ভাই–বোন যারা নিয়ে আসছেন, দেশ থেকে স্বজনেরা আসার আগে তাদের বাসস্থানের ব্যবস্থা নিশ্চিত করেই নিয়ে আসুন। যদি আপনার বাসায় পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে, সে ক্ষেত্রে বউ–বাচ্চার সঙ্গে পরামর্শ করুন, যাতে অন্তত ছয় মাস অথবা তাদের চাকরির ব্যবস্থা হওয়ার আগ পর্যন্ত আপনার বাসায় থাকতে পারে।
নতুন ইমিগ্রান্টরা আসার পর তাদের নিয়ে সোশ্যাল সিকিউরিটি অফিস, ডাক্তারসহ বিভিন্ন জরুরী জায়গায় দৌড়ঝাঁপ করতে হয়। অনেক ত্যাগ–তিতিক্ষা, মানসিক চাপের পর নতুনদের আগমন হয়। তাই আমাদের কিছু যন্ত্রণা সহ্য করতে হবে। দেশ থেকে যারা আসছেন, সম্ভব হলে প্রাথমিকভাবে ভাইবোনের সঙ্গে পরামর্শ করে ডলার নিয়ে আসা শ্রেয়তর।
সর্বোপরি নতুন অভিবাসীরাই পুরোনো ইমিগ্রান্টদের চেয়ে এগিয়ে রয়েছে। অল্প দিনের মধ্যেই তাদের অনেককে প্রতিষ্ঠিত হতে দেখা যায়, তাদের বাচ্চারা শিক্ষা ও মেধায় এগিয়ে থাকে। ব্যবসা–বাণিজ্যেও তারা এগিয়ে। আসুন আমরা সবাই নতুনদের স্বাগত জানাই, তাদের চাকরিপ্রাপ্তির ক্ষেত্রে সহযোগিতা করি। যারা সাপোর্ট সমস্যায় ভুগছেন, তাদের সাপোর্ট দেওয়ার সুযোগ থাকলে তাদের পাশে দাঁড়াই। আপনার একটি সাপোর্ট একটি পরিবারের জীবন বদলে যাবে।
নতুনদের পাশে দাঁড়ান, এদের আদরে ভালোবাসায় স্বাগত জানান। এরাই হবে আমাদের উত্তরসূরি, এরাই আমাদের আগামী প্রজন্মের আমেরিকার ইতিহাস।