
ব্রঙ্কসের প্রভাবশালী রাজনীতিক ও কাউন্সিলম্যান রুবেন ডিয়াজ সিনিয়র ভাড়ায় চালিত গাড়ি সেবা খাত তদারকির জন্য নতুন একটি সিটি কাউন্সিল কমিটি গঠনের আহ্বান জানিয়েছেন। ট্যাক্সি ও গাড়ি সেবা খাত থেকে প্রায় সাড়ে ১২ হাজার ডলার তহবিল সংগ্রহের পর সম্প্রতি তিনি এই আহ্বান জানান।
কাউন্সিলম্যান ও ডেমোক্র্যাট রাজনীতিক রুবেন ডিয়াজ নিউইয়র্ক পোস্টকে বলেন, ‘ভাড়ায় চালিত গাড়ি সেবা তদারকির জন্য আমি একটি কমিটি গঠনের ওপর জোর দিচ্ছি।’
সম্প্রতি ট্যাক্সি ও গাড়ি সেবা খাত থেকে প্রায় সাড়ে ১২ হাজার ডলারের তহবিল সংগ্রহ করেন রুবেন ডিয়াজ। এর আগে ২০০২ সালে সিনেট নির্বাচনের প্রচারের জন্য এ খাত থেকে ১৩ হাজার ৭০০ ডলারের তহবিল সংগ্রহ করেছিলেন এই সাবেক ডেমোক্র্যাট সিনেটর। বর্তমানে তিনি হলুদ ও সবুজ ট্যাক্সিসহ ট্যাক্সি ও লিমোজিন কমিশনের আওতাধীন সব গাড়ি সেবার তদারকির জন্য গঠিত কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এই মাসেই এই বিশেষ দায়িত্বে তাঁর নাম ঘোষণা করেন কাউন্সিল স্পিকার কোরি জনসন। এরপরই রুবিন ডিয়াজ ট্যাক্সির ও গাড়ি সেবা খাতের জন্য একটি নতুন কমিটি গঠনের আহ্বান জানান।
কাউন্সিল সূত্র বলছে, কোরি জনসনের স্পিকার হওয়ার পথে সবচেয়ে বড় সমর্থন এসেছিল ডিয়াজসহ ব্রঙ্কসের ডেমোক্র্যাট নেতাদের কাছ থেকে। আর এরই প্রতিদান হিসেবে ডিয়াজকে ট্যাক্সি ও গাড়ি সেবা খাত তদারকি কমিটির চেয়ারম্যান করেছেন জনসন। এ জন্য তিনি খাতটিকে ট্রান্সপোর্টেশন কমিটির আওতামুক্ত করেন, ২০১৪ সাল থেকে যার নেতৃত্বে রয়েছেন কাউন্সিলম্যান দানি রদ্রিগেজ। স্পিকার নির্বাচনের সময় জনসনের বিরোধিতা করেছিলেন রদ্রিগেজ। এরই শাস্তি হিসেবে তাঁর কর্তৃত্বকে খর্ব করা হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কাউন্সিল সূত্র বলছে, ‘ডিয়াজকে পুরস্কৃত ও রদ্রিগেজকে শাস্তি দিতে এর চেয়ে সহজ কোনো উপায় জনসনের হাতে ছিল না। কারণ এর মাধ্যমে রদ্রিগেজ ভাড়ায় চালিত গাড়ির ওপর তদারকি করার কর্তৃত্ব হারিয়েছেন। আর এই কর্তৃত্ব এখন ডিয়াজের হাতে গেছে। একই সঙ্গে পরবর্তী নির্বাচনী প্রচারের তহবিল সংগ্রহের ক্ষেত্রও সংকুচিত হয়েছে রদ্রিগেজের। ২০০০ সাল থেকে এখন পর্যন্ত ভাড়ায় চালিত গাড়ির খাত থেকে রদ্রিগেজ মোট ৩৬ হাজার ডলারের নির্বাচনী তহবিল সংগ্রহ করেছিলেন। তবে ভেতরের ঘটনা যা-ই হোক না কেন নতুন কমিটির ঘোষণার বিপরীতে বেশ শান্ত প্রতিক্রিয়াই জানিয়েছেন রদ্রিগেজ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘কমিটি পুনর্বিন্যাসে জনসনের সক্ষমতাকে আমি শ্রদ্ধা করি। তাঁর বিষয়ে আমি যথেষ্ট আত্মবিশ্বাসী।’
জনসন ও ডিয়াজ এখন মিত্র হলেও কিছুদিন আগেও তাদের মধ্যে বেশ দ্বৈরথ দেখা গিয়েছিল। কাউন্সিল স্পিকার জনসন স্বঘোষিত সমকামী। আর সাবেক সিনেটর ডিয়াজের অবস্থান ছিল এর বিরুদ্ধে। এমনকি নিউইয়র্কে সমকামী বিয়েকে বৈধতা দিয়ে আইন প্রণয়নের সময় এর বিরোধিতাও করেছিলেন ডিয়াজ। ফলে জনসনের কমিউনিটির সদস্যরা এখনো ডিয়াজকে ঠিক বিশ্বাস করতে পারছেন না।