নতুন কমিটি নিয়ে ঘুরে দাঁড়াচ্ছে সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন

সিলেট সদর থানা অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক বা সিলেট সদর সমিতি প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯৭ সালে। সিলেটের অন্য নানা সংগঠনের বছরজুড়ে কর্মকাণ্ড ও নিজেদের স্তিমিত হয়ে যাওয়ার কারণে অনেক দিন ধরেই সংগঠনটি আড়ালে পড়ে যায়। নিউইয়র্কে বাংলাদেশিদের পুরোনো সংগঠনগুলোর অন্যতম এ সংগঠন এখন ঘুরে দাঁড়াচ্ছে। সম্প্রতি দায়িত্ব নেওয়া নতুন কমিটির নেতৃত্বে যেন প্রাণ ফিরে পেয়েছে সংগঠনটি।
সংগঠনটি প্রতিষ্ঠায় বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অবদান রেখেছিলেন। বাংলাদেশে জনপ্রিয় নায়ক সালমান শাহের মৃত্যুর পর শোক প্রকাশের উদ্দেশ্যে আলমগীর কুমকুম, এম সি কামাল, মুহাম্মদ মাহবুব, খোকন মির্জা ও সাদত মজুমদার আলোচনায় বসেন। তখন থেকেই সিলেট সদর এলাকার প্রবাসীদের নিয়ে একটি সামাজিক সংগঠন প্রতিষ্ঠার তাগিদ অনুভব করেন তাঁরা। পরে এম সি কামালকে আহ্বায়ক করে সংগঠনটির যাত্রা শুরু হয়। পরে সংগঠনটির সঙ্গে সম্পৃক্ত হন ডা. নাইয়র উদ্দিন, আব্দুল জব্বার খান, সারওয়ার জাহান, মির্জা খোকন, মহিউদ্দিন আহমদ, রকি রকেট, শরীফ লস্কর, শাহাবুদ্দিন, মামুন আহমেদ, মাহবুব রহমান, জুয়েল চৌধুরী প্রমুখ। প্রতিষ্ঠার পর থেকে নিউইয়র্ক নগরীতে পথমেলা, বাউল মেলাসহ বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে নিজেদের অবস্থানের জানান দেয় সংগঠনটি।
ঐতিহ্যবাহী এ সংগঠন নানা সময়ে বিভিন্ন ঘাত-প্রতিঘাতের সম্মুখীন হয়। কর্মব্যস্ততার কারণে এক সময়ে গতিশীল করে রাখা নেতৃবৃন্দ নিষ্ক্রিয় হয়ে পড়েন। হাসান চৌধুরী মাসুম, সুফিয়ান খান, রানা ফেরদৌস চৌধুরী, ইয়ামীন রসীদ, আবু মোহাম্মদ হানিফসহ অনেকেই শারীরিক অসুস্থতা, বাংলাদেশে অবস্থান কিংবা কর্মব্যস্ততার কারণে সাংগঠনিক কাজ থেকে নিজেদের সরিয়ে নেন। এতে সংগঠনের গতি স্তিমিত হলেও একেবারে থেমে থাকেনি কখনো।
সম্প্রতি আব্দুল মালিক খান লায়েক ও দুরুদ মিয়া রনেলকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক করে এক নতুন কমিটি গঠনের মাধ্যমে সংগঠনটি আবার আগের ঐতিহ্য নিয়ে ঘুরে দাঁড়িয়েছে। ২৬ জানুয়ারি সন্ধ্যায় জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় পুরোনো ও নবাগত সিলেট সদরবাসীদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সাবেক সভাপতি ও ট্রাস্টি আব্দুল জব্বার খানের সদ্যপ্রয়াত অগ্রজ ডা. আব্দুস শহীদ খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।
সংগঠনটির পূর্ণাঙ্গ নতুন কমিটির আত্মপ্রকাশও ঘটে এ সভায়। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি শাহনেওয়াজ কোরেশি ও সৈয়দ মুকুল হক, যুগ্ম সম্পাদক মেহরাজ ফাহমী ও এম এ ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক রাজীব চৌধুরী, সহসাংগঠনিক সম্পাদক রানা দত্ত, দপ্তর সম্পাদক ফয়সল আহমেদ, প্রচার সম্পাদক রাজিব খান, আইন ও আন্তর্জাতিক সম্পাদক আব্দুল মালিক, কোষাধ্যক্ষ মোহাম্মদ আবদার, মহিলাবিষয়ক সম্পাদক দিলরুবা চৌধুরী, সাংস্কৃতিক সম্পাদক পান্না বি চৌধুরী, ক্রীড়া সম্পাদক মিনহাজ চৌধুরী এবং সদস্য মাহবুব রহমান ও জয় দেব দে।
সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় কার্যকরী কমিটির প্রথম সভায় আরও দুজন সদস্যের নাম ঘোষণা করা হবে। একই সঙ্গে সংগঠনের রূপরেখা নির্ধারণ ও এর পরবর্তী কর্মসূচির ঘোষণাও দেওয়া হবে সভা থেকে।