নতুন কমিটির অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাকসাম ফাউন্ডেশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন কমিটির সদস্যরা
লাকসাম ফাউন্ডেশনের নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করেন কমিটির সদস্যরা

নিউইয়র্কভিত্তিক আঞ্চলিক সামাজিক সংগঠন লাকসাম ফাউন্ডেশন ইনকের ২০১৮-১৯ সাল মেয়াদের জন্য নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান হয়ে গেল গত ২৪ ফেব্রুয়ারি। জ্যাকসন হাইটসের বেলাজোনো পার্টি হলে ফাউন্ডেশনের বিদায়ী সভাপতি আবুল কাশেম ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরে আলমের সঞ্চালনায় বেশ জাঁকজমকপূর্ণভাবে এই অভিষেক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কুমিল্লা সদর দক্ষিণ, লাকসাম, নাঙ্গলকোট, মনোহরগঞ্জ ও লালমাই থানার সমন্বয়ে গঠিত বৃহত্তর লাকসাম ফাউন্ডেশনের প্রধান অতিথি ছিলেন পিপলস এন টেক-এর সিইও আবু হানিফ। অন্যদিকে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা থেকে প্রকাশিত বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম ও এন মজুমদার।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জ্যাকসন হাইটস বিজনেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (জেবিবিএ) সভাপতি শাহনেওয়াজ, অভিষেক অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ রবিউল হাসান, প্রধান সমন্বয়কারী মশিউর রহমান, উপদেষ্টা খোরশেদ আলম, নির্বাচন কমিশনার সাইফুল আলম, নবনির্বাচিত সভাপতি আবদুল জলিল তিতুমীর, সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক, বৃহত্তর কুমিল্লা সমিতির ভারপ্রাপ্ত সভাপতি কবির উদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আলী সরকার, মোরশেদ আলম মেম্বার, শাফায়েত উল্লাহ মজুমদার, ফারুক হোসেন মজুমদার, সামসুদ্দিন শামিম, আবুল খায়ের আখন্দ, সিরাজুল ইসলাম তালুকদার, জাহাঙ্গীর চৌধুরী, জয় চৌধুরী, মনিরুল ইসলাম দিপু, সাইফুল আলম সাঈদ, মিয়া মোহাম্মদ মনির, বদরুল ইসলাম লোদি প্রমুখ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি আবদুর রহিম হাওলাদার, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী, সাংস্কৃতিক সম্পাদক মনিকা রায়, জে সানি মোল্লা, মিয়া মোহাম্মদ দুলালসহ বিভিন্ন আঞ্চলিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন শরিফ থেকে তিলাওয়াত করেন আবু রহমান দাউদ, গীতা থেকে পাঠ করেন সুজন সাহা এবং ত্রিপিটক পাঠ করেন দুলাল চন্দ্র সিংহ। অভিষেকে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীতের সুর বাজানো হয়। শুভেচ্ছা বক্তৃতা করেন আবুল কালাম ভূঁইয়া। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সাইফুল আলম সাঈদ।
বাংলাদেশ প্রতিদিন-এর সম্পাদক নঈম নিজাম বলেন, ‘কুমিল্লা লাকসামের সঙ্গে আমার আত্মার বন্ধন। নজরুলের প্রেমের শহর কুমিল্লা। শচীন দেব বর্মণ, ধীরেন্দ্র নাথ দত্ত কুমিল্লার। বেগম ফয়েজ্জুন্নেছা লাকসামের।
প্রধান অতিথির বক্তৃতায় আবু হানিফ সব ক্ষেত্রে লাকসামবাসীদের সহযোগিতার আশ্বাস দিয়ে বলেন, ‘আমি কেবল লাকসাম নয়, আমার স্বপ্ন ছিল প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতা করা। সেই লক্ষ্যে আমি কাজ করছি। আমার প্রতিষ্ঠান পিপলস এন টেক থেকে প্রশিক্ষণ নিয়ে স্বল্প সময়ে বার্ষিক ৮০ হাজার থেকে দুই লাখ ডলারে চাকরি পেতে আমি বাংলাদেশিকে সাহায্য করছি। ইতিমধ্যে প্রায় পাঁচ হাজার বাংলাদেশি প্রশিক্ষণ নিয়ে এমন ভালো বেতনে চাকরি পেয়েছেন।’
হানিফ বলেন, আর্থিকভাবে দুর্বল প্রশিক্ষণার্থীদের জন্য তার প্রতিষ্ঠান বৃত্তির ব্যবস্থা করেছে। সামান্য ইংরেজি জানা থাকলেই ৪/৫ মাসের মধ্যে সাধারণ প্রশিক্ষণ নিয়ে ভালো বেতনে চাকরি পাওয়া যায়।
হানিফ আরও বলেন, বাংলাদেশ থেকে আমেরিকায় এসে যেন সঙ্গে সঙ্গেই চাকরি পাওয়া যায়, সে জন্য ঢাকায় আইটি প্রশিক্ষণের জন্য ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে, যেখানে বিনা পয়সায় প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে প্রশিক্ষণ নিয়ে বাংলাদেশেও ভালো বেতনে চাকরি পাওয়া যায়। অনুষ্ঠানে তিনি লাকসাম ফাউন্ডেশনকে আট হাজার ডলার দান করার কথা ঘোষণা দেন।
নবনির্বাচিত সভাপতি বলেন, ‘আমাদের সংগঠন লাকসাম এলাকায় প্রতি বছর শীত বস্ত্র বিতরণ করে। আমরা বড় ধরনের তহবিল গঠন করে আমাদের সাহায্যের পরিধি আরও বাড়াব।’ তিনি নিজে সংগঠনে পাঁচ হাজার ডলার দান করার ঘোষণা দেন এবং অন্যদের এ কাজে এগিয়ে আসার আহ্বান জানান।
অভিষেক অনুষ্ঠানে নারী-পুরুষের ব্যাপক সমাগম ঘটে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সংগীত পরিবেশন করেন কৃষ্ণা তিথি।