
নিউইয়র্কে আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ নভেম্বর জ্যাকসন হাইটসের পালকী পার্টি সেন্টারে এ সাধারণ সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দর্পণ কবীর। পরিচালনা করেন সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি। সভায় সাধারণ সম্পাদক প্রতিবেদন পেশ করেন। পরে কণ্ঠভোটে প্রতিবেদন ও গঠনতন্ত্র পাস হয়। এবার গঠনতন্ত্রে বেশ কিছু সংশোধনী আনা হয়েছে। এর পর নতুন কমিটিকে অভিষেক অনুষ্ঠান আয়োজনসহ সংগঠনের কার্যক্রম পরিচালনার দায়িত্ব দেন সাধারণ সদস্যরা।
সাধারণ সভার পরে নতুন সভাপতি দর্পণ কবীর ও সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগরের হাতে প্রেসক্লাবের ঐতিহ্য অনুযায়ী বিদায়ী সাধারণ সম্পাদক শওকত ওসমান রচি ‘রেজ্যুলেশন’ খাতা তুলে দেওয়ার মধ্য দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় সাধারণ সদস্যরা করতালির মাধ্যমে নতুন কমিটিকে অভিনন্দিত করেন।
প্রধান নির্বাচন কমিশনার জাকারিয়া মাসুদ কার্যকরী কমিটিকে সাধারণ সদস্যদের মাঝে পরিচয় করিয়ে দেন। এ সময় তিনি ক্লাবের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, এ কমিটি একটি যোগ্য কমিটি। নিশ্চয়ই তারা প্রেসক্লাবকে আরও বহুদূর নিয়ে যেতে অগ্রণী ভূমিকা রাখবে। তিনি প্রেসক্লাবের সদস্যদের পাশে সব সময় থাকবেন বলে জানান।
সাধারণ সভায় নতুন কার্যকরী কমিটির ৯ জনই উপস্থিত ছিলেন। তাঁরা হলেন, সভাপতি দর্পণ কবীর, সহসভাপতি বেলাল আহমেদ, সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন সাগর, সহসাধারণ সম্পাদক তোফাজ্জাল লিটন, কোষাধ্যক্ষ তাপস কুমার সাহা, সদস্য আবু বকর সিদ্দিক, শামসুল আলম, মল্লিকা খানম মুনা ও এ হাই স্বপন। সাধারণ সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মিলা হোসেন, সীমা সুস্মিতা, শামসুন নাহার নিম্মি, শাহ ফারুক, মশিউর রহমান লিটন প্রমুখ।
সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে নতুন সভাপতি দর্পণ কবীর বলেন, প্রেসক্লাব কারও ব্যক্তিগত প্রতিষ্ঠান নয়। সবাই মিলেই এই ক্লাব। এই ক্লাবের সবাই একটি পরিবারের সদস্য। আমরা প্রতিটি সদস্যের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করব। এ ছাড়া ক্লাব সদস্যরা যাতে বছরের বিভিন্ন সময় একত্র হয়ে পারিবারিক আবহে সময় কাটাতে পারেন সে চেষ্টা অব্যাহত থাকবে।