নতুন কমিটির সভাপতি গিয়াস সাধারণ সম্পাদক লালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের নতুন কমিটির সদস্যরা
ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের নতুন কমিটির সদস্যরা

নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের নতুন কমিটি গঠিত হয়েছে। ২২ ডিসেম্বর শুক্রবার জুমার নামাজের আগে সমবেত মুসল্লিদের উপস্থিতিতে মসজিদের প্রধান উপদেষ্টা আবদুস সবুর পাঁচ বছর মেয়াদের জন্য নতুন কমিটির নাম ঘোষণা করেন। 

মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন সভাপতি পদে পুনর্নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন লালন আহমেদ।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন সহসভাপতি (১) ইলিয়াস আলী, সহসভাপতি (২) মোহাম্মদ এ হাসান, সহসাধারণ সম্পাদক মোতাশিম বিল্লাহ হোসেন তুষার, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন, সহ-কোষাধ্যক্ষ শাহ আলম। কার্যকরী সদস্যরা হলেন, মো. বখতিয়ার রহমান খোকন, মো. আহসান রাসুল নাসির, ওয়ালিউর রহমান, শামিম উদ্দিন, মিজানুর রহমান, মোহাম্মদ শাহজাহান, জামাল আহমেদ ও মোহাম্মদ আবু সাঈদ।
একইদিন বাদ জুমা মসজিদের দোতলায় নব নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান উপদেষ্টা আব্দুস সবুর। এ সময় উপদেষ্টা ইফতেখার সিরাজ, আফতাব আলী, খলিলুর রহমান মাস্টার এবং আনোয়ার হোসেন উপস্থিত ছিলেন। নতুন কমিটির শপথ গ্রহণ শেষে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল কাশেম এয়াহইয়া দোয়া-মোনাজাত পরিচালনা করেন। দোয়া-মোনাজাতে দেশ, প্রবাস ও বিশ্ব মানবতার শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে উপস্থিত সকলকে মিষ্টি মুখ করানো হয়। এ সময় নতুন কমিটি সুষ্ঠুভাবে মসজিদ পরিচালনার জন্য সকলের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করে।
শপথ গ্রহণ শেষে নব নির্বাচিত কমিটি মুসল্লিদের নামাজ আদায়ের সুবিধার্থে মসজিদটিকে পর্যায়ক্রমে ৬ তলা ভবনে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।
এদিকে, প্রত্যক্ষদর্শীরা জানান, মসজিদের কয়েক’শ মুসল্লির উপস্থিতিতে প্রধান উপদেষ্টা আব্দুস সবুর নতুন কমিটির নাম ঘোষণা করার সময় বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ এ হাসান ও সহসভাপতি গোলাম কিবরিয়া, আকশাদ আলী বাবুল. বলাই, মাহবুব চৌধুরী, সাইফুল হোসাইন, আবদুল আহাদ প্রমুখ দাঁড়িয়ে আপত্তি জানান। তারা সাধারণ সভা ডেকে কমিটি গঠন করার দাবি জানান। এ সময় উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে বলা হয়, সাধারণ সভার চেয়ে জুমার নামাজের এ পরিসর অনেক বড়। এখানে সাধারণ সদস্যরা ছাড়াও সর্বস্তরের মুসল্লি রয়েছেন। এ মজলিশ থেকেই কমিটি গঠন করা উত্তম। তারা বলেন, মসজিদের কয়েক’শ মুসল্লির উপস্থিতিতে কমিটি গঠনে ৬ / ৭ জনের আপত্তিতে কিছুই যায় আসে না। উল্লেখ্য, মসজিদের ৫ সদস্যের উপদেষ্টা পরিষদ নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করে।
প্রসঙ্গত উল্লেখ্য যে, ব্রঙ্কসে বাঙালিদের অন্যতম ব্যবসা কেন্দ্র স্টার্লিং-বাংলাবাজার এলাকায় কোনো মসজিদ না থাকায় ২০১২ সালের ১৪ ডিসেম্বর ভাড়া বাড়িতে বাংলাবাজার জামে মসজিদের যাত্রা শুরু হয়। পরের বছর ২০১৩ সালের মাঝামাঝি ৫ লাখ ১০ হাজার ডলার মূল্যে মসজিদের নিজস্ব ভবন ক্রয় করা হয়। নিজস্ব এ ভবনের ক্লোজিং সম্পন্ন হয় ২০১৩ সালের ৯ আগস্ট। সম্প্রতি ব্যাংকের সম্পূর্ণ পাওনা কর্জে হাসানার মাধ্যমে সংগ্রহ করে তা পরিশোধ করা হয়। কিন্তু মসজিদটি কর্জে হাসানা মুক্ত তথা সম্পূর্ণ ঋণমুক্ত করতে বর্তমানে ১ লাখ ৮০ হাজার ডলার প্রয়োজন বলে জানিয়েছেন সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন।