নতুন করনীতিতে ব্যাপক ছাড়ের প্রস্তাব ট্রাম্পের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জনগণের জন্য নতুন করনীতির প্রস্তাব করেছেন। ব্যবসার ক্ষেত্রে ব্যাপক কর হ্রাসের প্রস্তাব ছাড়াও উচ্চ ও মধ্যবিত্তের জন্য প্রস্তাবিত করনীতিতে নতুন সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। আমেরিকার সাম্প্রতিক ইতিহাসে এ কর প্রস্তাবকে ঐতিহাসিক বলে মনে করছেন ট্রাম্প সমর্থকেরা। জটিল করনীতি সহজ করা এবং নানা পক্ষকে সামাল দিয়ে কর আইনের সংস্কার করার উদ্যোগকে প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য বিরাট পরীক্ষা হিসেবে মনে করা হচ্ছে।
২৬ এপ্রিল কর প্রস্তাবটি মূলত আইনপ্রণেতাদের সঙ্গে বোঝাপড়ার জন্যই উত্থাপন করা হয়েছে। এতে আমেরিকার ট্যাক্স কোড পরিবর্তনের কথা রয়েছে। হোয়াইট হাউসের কর্মকর্তাদের মতে, এ সংস্কারের ফলে অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে। হোয়াইট হাউসের জাতীয় অর্থনৈতিক কাউন্সিল পরিচালক গ্যারি কন বলেছেন, ‘এক প্রজন্মে আমরা কর নিয়ে বড় কিছু করার সুযোগ পেয়েছি।’ তবে বিশেষজ্ঞদের মতে, হোয়াইট হাউসের কর্মকর্তারা উচ্চাকাঙ্ক্ষী।
ট্যাক্স কোড সংস্কারের ইচ্ছা রাজনৈতিক প্রতিবন্ধকতার মুখে পড়বে বলে মনে করা হচ্ছে। সমালোচকদের মতে, হোয়াইট হাউসের পরিকল্পনা ফেডারেল রাজস্ব এমন ব্যাপকভাবে হ্রাস করবে, যা পরবর্তী দশকে ঋণের পরিমাণ ট্রিলিয়ন ট্রিলিয়ন বৃদ্ধি করবে। সুদের হার বাড়াবে এবং দীর্ঘ মেয়াদে অর্থনৈতিক উন্নয়নকে শ্লথ করে দেবে।
হোয়াইট হাউসের কর পরিকল্পনার মূল বৈশিষ্ট্যই হলো সব আমেরিকান ও ব্যবসার জন্য ব্যাপক কর হ্রাস। বর্তমানে কার্যকর সাত ধাপের আয়কর প্রদানকারীদের তিন ধাপে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। আয়করের নতুন হার হবে আয়ের ১০ শতাংশ, ২৫ শতাংশ এবং ৩৫ শতাংশ। বিবাহিতদের আয়কর বিবরণী পেশ করার সময় ক্রেডিটের অঙ্ক বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এমন ক্রেডিট বিবাহিত দম্পতির বেলায় ১২ হাজার ৬০০ ডলার থেকে ২৪ হাজার ডলার পর্যন্ত হতে পারে। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, কর প্রদানের পদ্ধতি সহজতর করায় করদাতারা কর প্রদানে উৎসাহিত হবেন, যা প্রতিবছর হাজার হাজার ডলার সাশ্রয় করবে।
হোয়াইট হাউস বিকল্প-ন্যূনতম কর এবং এস্টেট কর বিলোপ করার পরিকল্পনা করছে। রিপাবলিকানরা অনেক দিন থেকেই কর আইনের সংস্কার করার দাবি জানিয়ে আসছেন। ট্রাম্প প্রশাসনের দাবি, কর সংস্কার প্রস্তাবনায় তারা মূলত সব ধরনের কর হ্রাস করতে চায়। তবে এতে ধনিরা বেশি লাভবান হবে বলে মনে করা হচ্ছে। প্রস্তাবে ব্যবসায়ীদের যৌথ কর ৩৫% থেকে ১৫% পর্যন্ত হ্রাস করতে বলা হয়েছে। স্থাবর সম্পদের কর হ্রাস করার ফলে ধনীরা বেশি মাত্রায় উপকৃত হবে। তবে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের আমেরিকানরাও লাভবান হবেন। হোয়াইট হাউস থেকে বলা হয়েছে, বাড়ির মালিকানা, অবসর সঞ্চয়, সেবামূলক প্রতিষ্ঠান ইত্যাদিকে কর বিরতি উৎসাহিত করবে।
ট্রাম্পের প্রস্তাবে কর অবকাশ সময়ে মার্কিন কোম্পানিগুলো বহু ট্রিলিয়ন ডলার অন্যান্য দেশ থেকে আমেরিকাতে ফিরিয়ে আনতে উৎসাহিত হবে। তবে করের হার কী পরিমাণের হবে তা বলা হয়নি। এ ধরনের কোম্পানি তাদের অর্থ ফিরিয়ে এনে আমেরিকাতে বিনিয়োগ করবে। আমেরিকায় কর্মসংস্থানের ব্যবস্থা, বাইরের দেশ থেকে আমেরিকার বিনিয়োগ নিজেদের দেশে ফিরিয়ে আনার জন্য সাময়িক কর অবকাশের কথা প্রস্তাবে বলা হয়েছে।
নির্বাচনী প্রচারাভিযানের সময় ট্রাম্প বিদেশে উৎপাদন করে আমেরিকায় এনে বিক্রি করে এমন পণ্যের ওপর কর আরোপ এবং আমদানি শুল্ক বসানোর কথা বলেছিলেন। এ নিয়ে কর প্রস্তাবে একটি উপায় বের করার জন্য আইনপ্রণেতার সঙ্গে কথা হবে বলে হোয়াইট হাউস থেকে বলা হয়েছে।
হোয়াইট হাউস কর আইনের সংস্কার নিয়ে ডেমোক্র্যাটদের সমর্থন পাওয়ার আশা করে। তবে তেমন সমর্থন পাওয়া না গেলেও প্রস্তাবটি নিয়ে হোয়াইট হাউস দৃঢ়তার সঙ্গে অগ্রসর হবে। কীভাবে এগোতে হবে সে পন্থা ইতিমধ্যে নির্ধারণ করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তারা প্রত্যাশা করে, ডেমোক্র্যাটরা এ ব্যাপারে বাধা হয়ে দাঁড়াবে না।
হোয়াইট হাউসের এ কর প্রস্তাবটি নিয়ে এখন কংগ্রেসে আলোচনা হবে। আমেরিকার জটিল কর আইনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাল দিয়ে কর আইনের সংস্কার সহজ হবে না বলেই মনে করা হচ্ছে। যদিও হোয়াইট হাউসের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা সমঝোতা ও মীমাংসার জন্য প্রস্তুত।’ তবে ট্রাম্পের কর সংস্কার-সংক্রান্ত প্রস্তাবের প্রতি ডেমোক্র্যাটরা ইতিমধ্যেই তাদের আপত্তি জানিয়ে নানা ধরনের ত্রুটি তুলে ধরেছেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কর সংস্কার প্রস্তাবে উচ্চবিত্তের কর কমবে। খুদে বা মাঝারি ব্যবসায়ীদেরও হ্রাসকৃত কর প্রদানের বিধান রাখা হয়েছে। যেসব ব্যক্তিগত ব্যবসা মালিকেরা বর্তমানে আয়ের প্রায় ৪০ শতাংশ কর প্রদান করেন। প্রস্তাবিত সংস্কারে তাঁদের আয়ের ১৫ শতাংশ দিতে হবে।
এক নজরের বিশ্লেষণে দেখলে বলা যায়, প্রেসিডেন্ট ট্রাম্পের কর প্রস্তাবে করপোরেট কর ৩৫ শতাংশ থেকে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে। আয়ের সাতটি ধাপ বিবেচনা করে কর বিবরণী করা হতো। এখন এ আয়ের ধাপ তিনে নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। বিবাহিত দম্পতির জন্য বার্ষিক কর ক্রেডিট দ্বিগুণ করার কথা বলা হয়েছে। উচ্চবিত্তের জন্য ন্যূনতম বিকল্প কর ব্যবস্থা বাতিল করার প্রস্তাব করা হয়েছে।
প্রেসিডেন্ট ট্রাম্পের কর প্রস্তাব নিয়ে আগামী সপ্তাহগুলো ওয়াশিংটন সরগরম হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে। ট্রাম্প তাঁর নিজের দল রিপাবলিকান দলের সব আইনপ্রণেতাদের সমর্থন পাবেন কি না, এ নিয়ে সন্দেহ আছে।