নতুন কৌশলে প্রথম মার্কিন হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরাক ও সিরিয়ার জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) যোদ্ধাদের বিরুদ্ধে নতুন পরিকল্পনার আওতায় প্রথম বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। খবর এএফপি ও বিবিসির।
ওবামা গত সপ্তাহে আইএসকে ‘দুর্বল এবং শেষ পর্যন্ত ধ্বংস’ করতে নতুন কৌশল প্রকাশ করেন। মূলত, ওবামার পরিকল্পনার আলোকেই সোমবারের হামলা চালানো হয়েছে।
মার্কিন সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, ‘আমরা বাগদাদের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছি। আমরা নিজেদের নাগরিকদের সুরক্ষা দেওয়া ও মানবিক ত্রাণ তৎপরতার বাইরে যে সম্প্রসারিত প্রচেষ্টা শুরু করেছি, তার আওতায় এটা প্রথম বিমান হামলা।’
ইরাকের নিরাপত্তাবিষয়ক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল কাশেম আত্তা জানান, রাজধানী থেকে ১৫ মাইল দূরের সদর আল-ইউসুফিয়া এলাকায় এ হামলা চালানো হয়।
পাশাপাশি দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সিনজারেও বিমান হামলার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। ওই হামলায় আইএসের ছয়টি যানবাহন ধ্বংস হয়েছে।
জঙ্গি বিমান বিধ্বস্ত: এদিকে সিরিয়ার রাকা অঞ্চলে গতকাল দেশটির একটি জঙ্গি বিমান আইএস যোদ্ধারা গুলি করে ভূপাতিত করেছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। বিমানটি একটি জনবসতিতে পড়ে বিধ্বস্ত হয় এবং এতে হতাহতের ঘটনাও ঘটে।
জোটের সহযোগীরা ধোঁয়াশায়: আইএসের বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন জোটে সমর্থন দেওয়া তুরস্ক, জার্মানি, কয়েকটি আরব দেশসহ অনেকে বলছে, তারা আসলে কী ভূমিকা রাখতে পারে, তা নিয়ে এখনো ধোঁয়াশায় রয়েছে।
মার্কিন প্রতিনিধি পরিষদের উদ্যোগ: মার্কিন রিপাবলিকান নেতারা আইএসসহ সিরিয়ার চরমপন্থী সব গ্রুপকে মোকাবিলায় উদারপন্থী গ্রুপগুলোকে অস্ত্র ও প্রশিক্ষণ দেওয়ার ব্যাপারে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনকে চাপ দিতে আইনপ্রণেতাদের রাজি করানোর চেষ্টা করছে। কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে গতকাল মঙ্গলবারই এ-সংক্রান্ত একটি বিলের ওপর বিতর্ক শুর হয়।
আল-কায়েদার আহ্বান: ইরাকে পরস্পরের বিরুদ্ধে লড়াইরত জঙ্গিগোষ্ঠীগুলোকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মার্কিন অভিযান মোকাবিলায় প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছে আল-কায়েদার দুটি শাখা। আল-কায়েদা ইন অ্যারাবিয়ান দ্য পেনিনসুলা এবং আল-কায়েদা ইন দি ইসলামিক মাগরেব গতকাল এক যৌথ বিবৃতিতে এই আহ্বান জানায়।