নতুন নামে আসতে পারে টিপিপি
যুক্তরাষ্ট্র ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে সরে গেলেও অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড একে এগিয়ে নিয়ে যেতে আশাবাদী। অস্ট্রেলিয়া ইতিমধ্যে এ চুক্তির সম্ভাব্য একটি নাম উপস্থাপন করেছে। নামটি হলো ‘টিপিপি ১২ বিয়োগ এক’ (টিপিপি ১২ মাইনাস ওয়ান)।
গতকাল সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক নির্বাহী আদেশে স্বাক্ষরের মাধ্যমে নিজের দেশকে টিপিপি থেকে প্রত্যাহার করে নেন।
গত বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রসহ এশীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১২টি দেশ বহুল বিতর্কিত টিপিপি চুক্তিতে স্বাক্ষর করে। সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়া নীতির আওতায় এই চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে স্বাক্ষরকারী অন্য দেশগুলো হলো অস্ট্রেলিয়া, জাপান, ব্রুনাই, কানাডা, চিলি, মালয়েশিয়া, মেক্সিকো, নিউজিল্যান্ড, পেরু, সিঙ্গাপুর ও ভিয়েতনাম।
ডেইরি পণ্য ও ওষুধশিল্প খাতের সুরক্ষা নিয়ে ১২টি দেশের মতপার্থক্য থাকলেও গত বছর চূড়ান্ত চুক্তির মাধ্যমে অবশেষে তা দূর হয়। এই চুক্তির ফলে দেশগুলো দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে বিনা শুল্কসুবিধা পাবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়। এই ১২টি দেশ বর্তমান বৈশ্বিক বাণিজ্যের ৪০ শতাংশ নিয়ন্ত্রণ করে থাকে।
তবে এখন এই চুক্তি থেকে সরে গেল যুক্তরাষ্ট্র। এই চুক্তি থেকে সরে যাওয়ার বিষয়ে ট্রাম্প বলেন, এই সিদ্ধান্ত মার্কিন শ্রমিকদের স্বার্থ বিবেচনা করে নেওয়া হচ্ছে।
অস্ট্রেলিয়ার বাণিজ্যমন্ত্রী স্টিভ সিওবো বলেন, অস্ট্রেলিয়া টিপিপি পরিত্যাগ করবে না, কারণ এটা বাঁচিয়ে রাখতে এখন সামান্য ঘাম ঝরাতে হবে।
গতকাল অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং করপোরেশনকে (এবিসি) দেওয়া এক সাক্ষাৎকারে স্টিভ সিওবো বলেন, দাভোসের সম্মেলনে তিনি কানাডা, মেক্সিকো, জাপান, নিউজিল্যান্ড, সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সঙ্গে কথা বলেছেন। চিলি ও পেরুর সঙ্গে এ বিষয়ে আলোচনার প্রয়োজন। তবে বেশির ভাগ দেশই যুক্তরাষ্ট্র না থাকলেও এই চুক্তিকে এগিয়ে নিতে আগ্রহী। সুইজারল্যান্ডের দাভোস শহরে ১৭ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হয় ডব্লিউইএফের বার্ষিক সম্মেলন।
তবে মূল চুক্তি অনুযায়ী, নতুন কোনো দেশকে যুক্ত করা সম্ভব নয় বলেও জানান স্টিভ। তিনি বলেন, ‘আমি জানি, এই চুক্তির বিষয়ে ইন্দোনেশিয়ার আগ্রহ রয়েছে। তাই এখন টিপিপি ১২ মাইনাস ওয়ানকে নতুন করে পরিমার্জন করা প্রয়োজন। তাহলে ইন্দোনেশিয়া অথবা চীন অথবা অন্য কোনো দেশ এখানে যুক্ত হওয়ার কথা ভাববে।’
তবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বিল ইংলিশ এই চুক্তিকে বর্তমান ১১ সদস্য নিয়েই বাঁচিয়ে রাখার বিষয়ে আশাবাদী। দেশটির বাণিজ্যমন্ত্রী ম্যাক ক্লে দাভোস সম্মেলনে বিভিন্ন দেশের সঙ্গে এ বিষয়ে কথাও বলেছেন।
বিল ইংলিশ বলেন, ‘নিউজিল্যান্ডের অর্থনীতি বিদেশি বাজারের অবাধ প্রবেশের ওপর নির্ভর করে। আমরা বিশ্বের মঞ্চে বাণিজ্য উদারীকরণের সুফলের প্রচার চালিয়ে যেতে চাই।’