নতুন নিরাপত্তা উপদেষ্টা বেছে নিলেন ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচ আর ম্যাকমাস্টার
এইচ আর ম্যাকমাস্টার

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে লেফটেন্যান্ট জেনারেল এইচ আর ম্যাকমাস্টার নিয়োগ পেয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সোমবার এ ঘোষণা দিয়েছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প প্রথমে ওই পদের জন্য লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফ্লিনকে বেছে নিয়েছিলেন। কিন্তু দায়িত্ব গ্রহণের তিন সপ্তাহ পরই ফ্লিন বরখাস্ত হন। এরপর ট্রাম্প পদটির জন্য অবসরপ্রাপ্ত ভাইস অ্যাডমিরাল রবার্ট হারওয়ার্ডকে নিয়োগের প্রস্তাব দিলেও তিনি ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে প্রত্যাখ্যান করেন।
মার্কিন সেনা কর্মকর্তা হিসেবে ম্যাকমাস্টার ইরাক ও আফগানিস্তানে দায়িত্ব পালন করেছেন। ট্রাম্প তাঁকে ‘অসাধারণ মেধাবী ও অভিজ্ঞ’ এবং ‘সেনাবাহিনীর সবার কাছে অত্যন্ত সম্মানিত’ ব্যক্তি আখ্যা দিয়েছেন।
হোয়াইট হাউস জানায়, সহকর্মী হিসেবে ম্যাকমাস্টার যাঁকে যোগ্য মনে করেন, তাঁকেই নিয়োগ দিতে পারবেন। সেই ক্ষমতা প্রেসিডেন্ট ট্রাম্পই ম্যাকমাস্টারকে দিয়েছেন।
৫৪ বছর বয়সী ম্যাকমাস্টার ভিয়েতনাম যুদ্ধে মার্কিন সেনাবাহিনীর ভূমিকার সমালোচক হিসেবে পরিচিত। ২০০৫ সালে ইরাকের উত্তরাঞ্চলের কমান্ডার হিসেবেও তিনি সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছিলেন।
ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা থেকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের ওপর পিএইচডি অর্জন করেছেন ম্যাকমাস্টার। ট্রাম্পের পরামর্শক দলে তিনি আরেক সেনা কর্মকর্তা হিসেবে যোগ দিলেন। প্রতিরক্ষামন্ত্রী এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান পদেও ট্রাম্প সেনাবাহিনীর ঝানু দুই কর্মকর্তাকে নিয়োগ দিয়েছেন।
সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার শেষ নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইস একই পদে নতুন দায়িত্বপ্রাপ্ত ম্যাকমাস্টারকে অভিনন্দন জানিয়েছেন।
মার্কিন প্রশাসনে জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদটি বিশেষ গুরুত্বপূর্ণ। বিচক্ষণ কেউ এই পদে থেকে হোয়াইট হাউসের ক্ষমতা এবং সরকারের সুষ্ঠু পথচলার চালিকাশক্তি হিসেবে কাজ করতে পারেন। হেনরি কিসিঞ্জার এবং কলিন পাওয়েলের মতো ব্যক্তিরা এই পদে কাজ করে গেছেন।